একটি ব্যক্তিগত বাড়ি কীভাবে পরিণত হতে পারে জাতীয় জ্ঞানচর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্রে, তার অনন্য উদাহরণ ইরানের প্রখ্যাত সাহিত্যিক ও গবেষক মোজতবা মিনভির গ্রন্থাগার। প্রায় পাঁচ দশক আগে নিজের জীবনের সঞ্চয় দিয়ে গড়ে তোলা এই সংগ্রহ আজও গবেষক ও বিদ্যাচর্চায় আগ্রহীদের জন্য গুরুত্বপূর্ণ আশ্রয়। প্রায় ২৫ হাজার বই, দুর্লভ পাণ্ডুলিপি, পুরোনো সাময়িকী এবং মূল্যবান ঐতিহাসিক দলিল নিয়ে গড়ে ওঠা এই গ্রন্থাগারকে একটি পূর্ণাঙ্গ গবেষণা ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপ দেওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।
ইরানের সংবাদমাধ্যম ইবনার এক প্রতিবেদনে গ্রন্থাগারটির অতীত, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। এ বিষয়ে কথা বলেছেন গ্রন্থাগারের ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ দেহঘানি।
রাজনীতির পথ থেকে সংস্কৃতির সাধনায়
মোজতবা মিনভির জীবন ছিল চিন্তা, অনুসন্ধান এবং সত্যের প্রতি দায়বদ্ধতার এক দীর্ঘ যাত্রা। তরুণ বয়সে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড ও যুদ্ধের সঙ্গে যুক্ত হওয়ার কথা ভেবেছিলেন। এমনকি ইরানের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জঙ্গল আন্দোলনের সমর্থকদের সঙ্গে যোগ দেওয়ার ইচ্ছাও তাঁর ছিল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লন্ডনে অবস্থানকালে তিনি যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করেন। তখন তিনি বিবিসির ফারসি বিভাগের সাংবাদিক হিসেবে কাজ করতেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান তৈরি করতেন। যুদ্ধের ধ্বংসযজ্ঞ তাঁর চিন্তায় গভীর প্রভাব ফেলে।
একসময় বামপন্থি চিন্তার প্রতিও তাঁর আগ্রহ ছিল। তবে ধীরে ধীরে তিনি বিভিন্ন মতাদর্শিক বলয় থেকে নিজেকে সরিয়ে নেন। তাঁর উপলব্ধি ছিল, সমাজের গভীর সমস্যার সমাধান কেবল রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে সম্ভব নয়; প্রয়োজন সাংস্কৃতিক জাগরণ। সেই উপলব্ধি থেকেই তিনি বই, সাহিত্য ও গবেষণাকে জীবনের প্রধান কর্মক্ষেত্র হিসেবে বেছে নেন।
সত্যের পক্ষে আপসহীন এক গবেষক
মিনভির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল সত্যের প্রতি তাঁর কঠোর নিষ্ঠা। কোনো ব্যক্তি তাঁর বন্ধু কিংবা পরিচিত হলেও গবেষণায় ভুল পেলে তা তুলে ধরতে দ্বিধা করতেন না। তাঁর কাছে সত্য মানে ছিল প্রমাণ, দলিল ও নির্ভরযোগ্য সাক্ষ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত তথ্য।
এই আপসহীন মনোভাবের কারণে একসময় তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের অনেকেই বিরোধী হয়ে ওঠেন। বিশিষ্ট অভিধানপ্রণেতা গোলামহোসেইন মোসাহেব এবং সাহিত্যিক মাসুদ ফারজাদের সঙ্গে তাঁর সম্পর্কেও বিরোধ তৈরি হয়েছিল।
মিনভি ক্ষমতা, রাজনৈতিক কর্তৃত্ব কিংবা ধর্মীয় ও মতাদর্শিক চাপের কাছে নতি স্বীকার করতে পছন্দ করতেন না। স্বৈরাচারের বিরুদ্ধেও তাঁর অবস্থান ছিল স্পষ্ট। রেজা শাহের বিরুদ্ধেও ১৯৩৪ সালে তিনি একটি দীর্ঘ কবিতা লিখেছিলেন, যা প্রকাশের ভয়ে গোপন রেখেছিলেন। পরে সেটি উদ্ধার করে প্রকাশ করেন গবেষক মোহাম্মদ দেহঘানি।
২৫ হাজার বইয়ের অনন্য সংগ্রহ
মিনভির ব্যক্তিগত গ্রন্থাগারে রয়েছে প্রায় ২৫ হাজার বই। জীবদ্দশায় তিনি নিজেই বইগুলো সংগ্রহ ও নম্বরায়ন করেছিলেন। বই সাজানোর ক্ষেত্রে প্রচলিত লাইব্রেরি অব কংগ্রেস বা অন্য কোনো আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করেননি। বরং নিজের চিন্তা ও বিষয়ভিত্তিক ধারণা অনুযায়ী আলাদা একটি শ্রেণিবিন্যাস তৈরি করেছিলেন।
এখানে ধর্মতত্ত্ব, কোরআনের ব্যাখ্যা, দর্শন, ইতিহাস, উপন্যাস ও সাহিত্যের বই আলাদা বিভাগে রাখা হয়েছে।
প্রচলিত ধারণায় মিনভিকে কেবল ধ্রুপদি সাহিত্যের গবেষক মনে করা হলেও আধুনিক উপন্যাস ও অনুবাদ সাহিত্যের প্রতিও তাঁর গভীর আগ্রহ ছিল। বিশেষ করে মোহাম্মদ কাজির অনুবাদ এবং নাজাফ দারিয়াবান্দারির কাজ তিনি মনোযোগ দিয়ে পড়তেন। অনেক বইয়ের পাশে তাঁর নিজের হাতে লেখা মন্তব্য ও সংশোধনীও পাওয়া যায়।
গ্রন্থাগারটিতে প্রায় ১৫০টি পাণ্ডুলিপি রয়েছে। এর মধ্যে কয়েকটি বিশেষভাবে মূল্যবান। ইতিহাসবিদ ইরাজ আফশারের উদ্যোগে এসব পাণ্ডুলিপির একটি তালিকাও প্রকাশিত হয়েছে। ‘তারিখ-ই-জাহানগুশা-ই-জুভাইনি’র একটি গুরুত্বপূর্ণ প্রাচীন সংস্করণও এই সংগ্রহে রয়েছে।
আধুনিক ও ধ্রুপদি সাহিত্যের দুর্লভ নিদর্শন
গ্রন্থাগারটির গুরুত্ব শুধু প্রাচীন বই ও পাণ্ডুলিপিতে সীমাবদ্ধ নয়। আধুনিক ইরানি সাহিত্যেরও বহু দুর্লভ সংস্করণ এখানে সংরক্ষিত রয়েছে।
লেখক সাদেক হেদায়েতের নিজের উদ্যোগে ভারতে প্রকাশিত ‘বুফে কুর’ উপন্যাসের একটি মূল সংস্করণ এখানে রয়েছে। মিনভির সঙ্গে হেদায়েতের বন্ধুত্বের সূত্রে বইটি সংগ্রহে যুক্ত হয়েছিল।
এ ছাড়া লেখক মোহাম্মদ আলী জামালজাদেহ ও মিনভির মধ্যে আদান-প্রদান হওয়া অসংখ্য চিঠিও সংরক্ষিত আছে। শুধু জামালজাদেহের লেখা চিঠিগুলো একত্র করলেও একটি বড় বই প্রকাশ করা সম্ভব বলে মনে করেন দেহঘানি।
অবহেলা, অর্থসংকট ও সংরক্ষণের চ্যালেঞ্জ
মূল্যবান এই সংগ্রহের সংরক্ষণ নিয়ে উদ্বেগও রয়েছে। গ্রন্থাগারের অবকাঠামো ও শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থায় দীর্ঘদিন ধরে সমস্যা চলছে। যুদ্ধের সময় বায়ু চলাচল ও শীতাতপ নিয়ন্ত্রণের কিছু যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সাম্প্রতিক বৃষ্টিতেও ভবনের ছাদ ও ডান পাশের দেয়ালের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বই ও ঐতিহাসিক সম্পদ রক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
২০১৭ সাল থেকে গ্রন্থাগারটির কার্যক্রম পরিচালনায় যুক্ত রয়েছেন মোহাম্মদ দেহঘানি। তাঁর উদ্যোগে কয়েকজন সাহিত্য ও গবেষণাসংশ্লিষ্ট ব্যক্তি স্বেচ্ছাশ্রমে কিংবা সামান্য পারিশ্রমিকে কাজ করছেন। তাঁদের মধ্যে রয়েছেন প্রয়াত অধ্যাপক মোসাফার কন্যা গোলজার মোসাফা।
গ্রন্থাগার নয়, একটি পূর্ণাঙ্গ গবেষণা প্রতিষ্ঠান
দেহঘানির মতে, এই গ্রন্থাগারকে শুধু বই সংরক্ষণের জায়গা হিসেবে দেখার সুযোগ নেই। ইরানের ইতিহাস, দর্শন, রাজনৈতিক চিন্তা, সাংস্কৃতিক বিবর্তন, ধ্রুপদি ও আধুনিক সাহিত্য—বিভিন্ন বিষয়ে গবেষণার জন্য এখানে অসাধারণ উপকরণ রয়েছে।
তাঁর বিশ্বাস, যথাযথ পরিকল্পনা ও প্রাতিষ্ঠানিক সহায়তা পেলে গ্রন্থাগারটি একটি পূর্ণাঙ্গ গবেষণা শিক্ষাপ্রতিষ্ঠান বা কার্যত একটি অনুষদে রূপ নিতে পারে।
মিনভি জীবনের দীর্ঘ সময় ধরে যে জ্ঞানভান্ডার গড়ে তুলেছিলেন, তা ব্যক্তিগত সম্পদ হিসেবে আটকে রাখেননি। তিনি নিজের সংগ্রহ জনসাধারণের জন্য উৎসর্গ করেছিলেন। তাঁর প্রতিষ্ঠিত শাহনামা ফাউন্ডেশনের মাধ্যমে এই সম্পদ শেষ পর্যন্ত ইরানের মানুষের জন্য উন্মুক্ত হয়।
পাঁচ দশক পরও সেই সংগ্রহ গবেষকদের পথ দেখাচ্ছে। তবে এর ভবিষ্যৎ নির্ভর করছে যথাযথ সংরক্ষণ, আর্থিক সহায়তা এবং গবেষণার পরিবেশ নিশ্চিত করার ওপর।












