ভুটানের লোককথা, নারীর জীবনের অভিজ্ঞতা এবং সমাজে প্রচলিত পুরুষতান্ত্রিক বৈষম্য—এসব বিষয়কে ক্যানভাসে তুলে ধরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন পরিচিতি পেয়েছেন দেশটির তরুণ চিত্রশিল্পী পেম লাম। ২০২৬ সালের রুবিন মিউজিয়াম হিমালয়ান আর্ট প্রাইজ জিতে ভুটানের প্রথম শিল্পী হিসেবে এই সম্মান অর্জন করেছেন তিনি।
২৯ বছর বয়সী পেম লামের জন্য এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং আন্তর্জাতিক শিল্পাঙ্গনে সমকালীন ভুটানি শিল্পের পরিচিতি বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ৩০ হাজার ডলারের এই পুরস্কার হিমালয় অঞ্চলের সমকালীন শিল্পীদের জন্য অন্যতম বড় আন্তর্জাতিক স্বীকৃতি।
সম্প্রতি ভুটানের রাজধানী থিম্পুতে আয়োজিত অনুষ্ঠানে দেশটির রানি জেৎসুন পেমার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন পেম। যুক্তরাষ্ট্রভিত্তিক রুবিন মিউজিয়াম তাঁকে পুরস্কার পাওয়ার খবর জানায়। এর আগে তিনি জানতেনও না যে এই পুরস্কারের জন্য তাঁর নাম মনোনীত হয়েছে।
প্রতিবাদের ভাষা যখন চিত্রকর্ম
পেম লামের শিল্পকর্মের অন্যতম বৈশিষ্ট্য হলো নারীর অভিজ্ঞতা ও সামাজিক বৈষম্যকে প্রতীকীভাবে তুলে ধরা। তিনি সরাসরি প্রতিবাদী বক্তব্য দেওয়ার চেয়ে শিল্পের মাধ্যমে নিজের অবস্থান প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
তাঁর ভাষায়, তিনি খুব বেশি কথা বলা মানুষ নন। সমাজে ঘটে যাওয়া সব অন্যায়ের বিরুদ্ধে মুখে কথা বলতে পারেন না। তাই নিজের শিল্পকর্মের মধ্য দিয়েই সেসব বিষয় তুলে ধরেন।
তাঁর বেশ কিছু চিত্রকর্মে বেলুনের মতো ফুলে থাকা মোরগের প্রতীক দেখা যায়। এর মাধ্যমে পুরুষের অহংবোধ ও আধিপত্যের প্রবণতাকে ব্যঙ্গ করেছেন তিনি। তাঁর কাজের মূল বক্তব্য ভুটানের সমাজের সঙ্গে সম্পর্কিত হলেও এর আবেদন আন্তর্জাতিক।
লোককথার চরিত্রে পুরুষতন্ত্রের প্রতিচ্ছবি
পেমের শিল্পীজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ভুটানের লোককথার নারী আত্মা চরিত্র মোলায়। দেশটির মুখোশ নৃত্যে এই চরিত্রের উপস্থিতি রয়েছে। প্রচলিত অর্থে মোলায় বলতে সবচেয়ে সুন্দরী মেয়েকে বোঝানো হয়।
২০২৫ সালে থিম্পুতে পেমের প্রথম একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ‘মোলায়, মোলেই’ শিরোনামের ওই প্রদর্শনীতে তিনি লোককথার এই নারী চরিত্রকে কেন্দ্র করে নারীর অবস্থান, সামাজিক দৃষ্টিভঙ্গি এবং পুরুষতান্ত্রিক মানসিকতার বিষয়গুলো তুলে ধরেন।
ভুটানের লোককথায় সৌন্দর্যের অধিকারী হওয়া সত্ত্বেও মোলায়কে পুরুষের বিচার ও সমালোচনার মুখোমুখি হতে হয়। পেমের কাছে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাঁর উপলব্ধি, পুরুষতন্ত্র শুধু পুরোনো গল্পের মধ্যেই সীমাবদ্ধ নয়; আধুনিক সমাজেও নারীরা নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন।
নারীর নিরাপত্তা ও দৈনন্দিন অভিজ্ঞতা
পেমের ‘আনটাইটেলড ১’ চিত্রকর্মে ঐতিহ্যবাহী পোশাক পরা ছয়জন ভুটানি নারীকে হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রথম দেখায় দৃশ্যটি কোনো উৎসবের আনন্দঘন মুহূর্ত বলে মনে হতে পারে।
কিন্তু ছবির সূক্ষ্ম বিবরণে রয়েছে ভিন্ন বার্তা। একজন নারীর হাতে কলম এবং অন্যজনের হাতে চাবি। দৈনন্দিন জীবনের সাধারণ এসব বস্তু এখানে আত্মরক্ষার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
এর মধ্য দিয়ে শিল্পী নারীদের নিরাপত্তা নিয়ে প্রতিদিনের উদ্বেগ এবং নিজেদের সুরক্ষিত রাখার জন্য নেওয়া সতর্কতার বিষয়টি তুলে ধরেছেন। পেমের মতে, এই চিত্রকর্মের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের নারীরা নিজেদের অভিজ্ঞতার মিল খুঁজে পেয়েছেন।
দর্শকদের নিজস্বভাবে ছবির অর্থ খুঁজে নেওয়ার সুযোগ দিতে তিনি অধিকাংশ চিত্রকর্মের নির্দিষ্ট নামও রাখেন না। এতে নারীরা তাঁর ছবির সঙ্গে নিজেদের গল্প ও অভিজ্ঞতা মিলিয়ে দেখার সুযোগ পান।
নয় বছর বয়সে শিল্পচর্চার শুরু
পেমের শিল্পী হয়ে ওঠার পেছনে রয়েছে তাঁর প্রয়াত বড় ভাইয়ের অনুপ্রেরণা। ভাইও ছিলেন প্রতিভাবান শিল্পী। মাত্র নয় বছর বয়সে তিনি থিম্পুর ভলান্টারি আর্টিস্টস স্টুডিওতে যোগ দেন।
বর্তমানে ভাস্ট ভুটান নামে পরিচিত প্রতিষ্ঠানটি দেশটির তরুণ শিল্পীদের সৃজনশীলতা বিকাশে কাজ করে। এখানে শিশু-কিশোরদের জন্য বিনা মূল্যে সাপ্তাহিক ছুটির দিনে শিল্পচর্চার ক্লাস ও বিভিন্ন কর্মশালার আয়োজন করা হয়।
পেমের ভাষায়, তাঁর বেড়ে ওঠার বড় অংশজুড়ে ছিল এই প্রতিষ্ঠান। সেখানে শিশুরা নিরাপদ পরিবেশে একসঙ্গে সময় কাটাতে, ছবি আঁকতে এবং শিল্পচর্চা করতে পারত। সেখান থেকেই শিল্পের প্রতি তাঁর ভালোবাসা তৈরি হয়।
পরবর্তী সময়ে ভুটানের বৃত্তি নিয়ে পাকিস্তানের লাহোরে অবস্থিত বীকনহাউস ন্যাশনাল ইউনিভার্সিটিতে দৃশ্যশিল্প বিষয়ে পড়াশোনা করেন তিনি। সেখানে শুধু ছবি দেখা নয়, বরং ছবির ভেতরের গল্প ও তাৎপর্য গভীরভাবে পর্যবেক্ষণ করার শিক্ষা পেয়েছেন।
দেশের বাইরে থাকার সময় নিজের সংস্কৃতি, ঐতিহ্য, পরিবার এবং লোককথার প্রতি তাঁর আগ্রহ আরও বেড়ে যায়।
আন্তর্জাতিক স্বীকৃতিতে নতুন সম্ভাবনা
ভাস্ট ভুটানের নির্বাহী পরিচালক পাসাং দেমা মনে করেন, পেমের এই অর্জন ভুটানের তরুণ শিল্পীদের জন্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। বিশেষ করে একজন তরুণ নারী শিল্পীর আন্তর্জাতিক স্বীকৃতি প্রমাণ করে, সুযোগ পেলে ভুটানের শিল্পীরাও বিশ্বব্যাপী শিল্প, পরিচয় ও সমাজ নিয়ে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
রুবিন মিউজিয়ামের হিমালয়ান শিল্পবিষয়ক জ্যেষ্ঠ কিউরেটর এলেনা পাখৌতোভাও পেমের স্বতন্ত্র শিল্পভাষা, ধারণাগত গভীরতা এবং বহুমুখী দক্ষতার প্রশংসা করেছেন।
পেমের মতে, ভুটানে সমকালীন শিল্পীদের কাজ সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। অনেকেই মনে করেন, সমকালীন শিল্পীরা মূলত প্রতিকৃতি বা প্রাকৃতিক দৃশ্য আঁকেন। অথচ বর্তমান সময়ের সামাজিক সমস্যা ও মানুষের বাস্তব অভিজ্ঞতা নিয়েও তাঁরা কাজ করছেন। বিশেষ করে নারীদের প্রতিদিনের অভিজ্ঞতা নিয়ে কাজ করা শিল্পীর সংখ্যা তুলনামূলকভাবে কম।
তিনি চান, তাঁর অর্জন অন্য ভুটানি শিল্পীদেরও নিজেদের সৃজনশীল কাজ চালিয়ে যেতে উৎসাহিত করুক। শুধু দেশের দর্শকদের কথা চিন্তা করে নয়, আন্তর্জাতিক দর্শকদের কাছেও নতুন শিল্পভাষা তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি।
চিত্রশিল্পের পাশাপাশি চলচ্চিত্র ও নাটকের মঞ্চসজ্জা নির্মাতা হিসেবেও কাজ করেছেন পেম। ২০২৪ সালের ‘আই, দ্য সং’ নাট্যচলচ্চিত্রে কাজের জন্য ২০২৫ সালে ভুটানের ২৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা প্রোডাকশন ডিজাইনারের সম্মান পান তিনি।
টানা কয়েক বছর কাজের পর আপাতত কিছুদিন বিশ্রাম নিতে চান এই শিল্পী। নিজের এত দিনের কাজ পর্যালোচনা করে জীবনের উদ্দেশ্য ও শিল্পচর্চার ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে চান তিনি।












