ভেনেজুয়েলায় স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। কিন্তু দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার প্রায় এক বছর পর সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনের চেয়ে তেলসম্পদের নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক চুক্তিকে বেশি গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন। এতে ভেনেজুয়েলার পুরোনো ক্ষমতাকাঠামো ভেঙে পড়ার পরিবর্তে নতুনভাবে টিকে থাকার সুযোগ পাচ্ছে।
যুক্তরাষ্ট্রের এই নীতির ফলে দেশটির তেলনির্ভর অর্থনীতি ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতার পুরোনো ব্যবস্থা আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে গণতন্ত্রপন্থী বিরোধীদের রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখায় ক্ষমতার প্রকৃত পরিবর্তন নিয়েও অনিশ্চয়তা বাড়ছে।
গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি, অগ্রাধিকার অর্থনৈতিক পুনরুদ্ধার
জানুয়ারিতে মার্কিন সামরিক বাহিনী নিকোলাস মাদুরোকে আটক করার পর ভেনেজুয়েলাকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেয় ট্রাম্প প্রশাসন। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিন ধাপে দেশটির রাজনৈতিক পরিবর্তনের পরিকল্পনা তুলে ধরেন। এর প্রথম ধাপ স্থিতিশীলতা প্রতিষ্ঠা, দ্বিতীয় ধাপ অর্থনৈতিক পুনরুদ্ধার এবং শেষ ধাপ গণতান্ত্রিক উত্তরণ।
কিন্তু বাস্তবে অর্থনৈতিক পুনরুদ্ধারের উদ্যোগ দ্রুত এগোলেও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রক্রিয়া ধীরগতিতে চলছে। বিশেষ করে দেশটির তেল খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও ব্যবসায়িক চুক্তিগুলো পুরোনো ব্যবস্থার পরিবর্তে সেটিকেই নতুনভাবে প্রতিষ্ঠা করছে বলে সমালোচনা উঠেছে।
ভেনেজুয়েলায় দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় সম্পদ ও তেল আয়ের মাধ্যমে রাজনৈতিক মিত্রদের সুবিধা দেওয়ার ব্যবস্থা চালু ছিল। ক্ষমতাসীনদের সঙ্গে ঘনিষ্ঠ ব্যবসায়ীরা বিশেষ চুক্তি, সুবিধাজনক বিনিময় হার এবং নিয়ন্ত্রক ছাড় পেতেন। এর বিনিময়ে তারা বিরোধীদের সমর্থন না করে শাসকগোষ্ঠীর পাশে থাকতেন।
১০০ বছরের তেল চুক্তি নিয়ে বিতর্ক
আগস্টে যুক্তরাষ্ট্রের সঙ্গে নর্থ আমেরিকান ব্লু এনার্জি পার্টনার্সের (এনএবিইপি) একটি বড় তেল চুক্তি হয়। ট্রাম্প এটিকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় তেল চুক্তি হিসেবে উল্লেখ করেন।
চুক্তি অনুযায়ী, ভেনেজুয়েলার সরকার প্রতিষ্ঠানটিকে ১৭টি তেলক্ষেত্র পরিচালনার জন্য ১০০ বছরের অনুমতি দিয়েছে। এসব ক্ষেত্র দেশটির প্রমাণিত তেল মজুতের প্রায় এক-পঞ্চমাংশের আওতায় পড়তে পারে।
প্রতিষ্ঠানটির নেতৃত্বে রয়েছেন ভেনেজুয়েলার নাগরিক আলেহান্দ্রো বেতানকুর্ট। অর্থপাচারের অভিযোগে স্পেন ও সুইজারল্যান্ডে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের জন্য প্রতিষ্ঠানটির ৩৫ শতাংশ মালিকানা এবং পররাষ্ট্র দপ্তরের জন্য উৎপাদন খরচে ২০ শতাংশ তেল কেনার অধিকার রাখা হয়েছে। বাকি তেল বাজারদরে কেনার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র অগ্রাধিকার পাবে।
তবে চুক্তিটি কীভাবে সম্পন্ন হয়েছে, বিনিয়োগের অর্থ কে দেবে এবং তেল বিক্রির আয় কীভাবে ব্যবস্থাপনা করা হবে—এসব বিষয়ে স্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। তেলক্ষেত্র বরাদ্দের জন্য উন্মুক্ত প্রতিযোগিতামূলক দরপত্রও হয়নি। যুক্তরাষ্ট্রের কংগ্রেসও এখন পর্যন্ত চুক্তিটি পর্যালোচনা করেনি।
তেলসম্পদ পুনরুদ্ধারের সুযোগ, কিন্তু লাভ কার?
একসময় ভেনেজুয়েলা দৈনিক প্রায় ৩৫ লাখ ব্যারেল তেল উৎপাদন করত। কিন্তু ২০১৯ সালের মধ্যে উৎপাদন নেমে আসে দৈনিক ৭ থেকে ৮ লাখ ব্যারেলে। দেশটির তেল খাত পুনরুদ্ধারে আগামী পাঁচ বছরে প্রায় ৭৬ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ প্রয়োজন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ।
এই পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলোর অর্থ, প্রযুক্তি ও শোধনাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভেনেজুয়েলার ভারী ও উচ্চ সালফারযুক্ত অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে।
কিন্তু তেল উৎপাদন বাড়লেই সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নতি হবে, এমন নিশ্চয়তা নেই। আগের তেলসমৃদ্ধির সময়ও রাষ্ট্রীয় আয় রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, ব্যবসায়িক মিত্রদের সুবিধা এবং নির্বাচনী প্রচারে ব্যয় হয়েছিল।
সেপ্টেম্বরে প্রকাশিত মেগানালিসিসের এক জরিপে দেখা যায়, ভেনেজুয়েলার প্রায় ৮০ শতাংশ মানুষ নতুন তেল চুক্তির বিরোধিতা করেছেন। বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোও চুক্তি নিয়ে আপত্তি জানিয়েছেন। বামপন্থীরা এটিকে পুঁজিবাদী লুণ্ঠন, জাতীয়তাবাদীরা সাম্রাজ্যবাদী নিয়ন্ত্রণ এবং গণতন্ত্রপন্থীরা শাসকগোষ্ঠীকে বাঁচানোর উদ্যোগ হিসেবে দেখছেন।
নির্বাচন ছাড়া গণতান্ত্রিক উত্তরণ কতটা সম্ভব
মাদুরোর পতনের প্রায় এক বছর পরও ভেনেজুয়েলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি। সরকার ও বিরোধীদের মধ্যে আলোচনায় কিছু অগ্রগতি হলেও তা সীমিত।
সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতির একটি হলো সুপ্রিম ট্রাইব্যুনাল অব জাস্টিসের ৩২ বিচারক পরিবর্তনের বিষয়ে সরকারের সম্মতি। নতুন বিচারক নিয়োগে নাগরিক সমাজ ও বিরোধীদের মনোনয়নের সুযোগ রাখার কথাও বলা হয়েছে।
তবে শুধু বিচার বিভাগ সংস্কার করলেই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। এর জন্য নতুন সংবিধান, নাগরিক স্বাধীনতা রক্ষায় আইন, নিরাপত্তা বাহিনীর জবাবদিহি, স্বাধীন নির্বাচন কর্তৃপক্ষ এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা প্রয়োজন।
মেগানালিসিসের এপ্রিলের জরিপে ৮৭ শতাংশ উত্তরদাতা ২০২৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনকে ভেনেজুয়েলার সংকট সমাধানের পথ হিসেবে সমর্থন করেছেন।
বিরোধী ঐক্য ছাড়া সংকট আরও গভীর হতে পারে
বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে দীর্ঘদিন ধরে আলোচনার বাইরে রেখেছে ওয়াশিংটন। গত মাসে দেশে ফিরে তিনি এখন রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিভিন্ন জরিপে তাঁর জনপ্রিয়তার হার ৫৭ থেকে ৭৬ শতাংশের মধ্যে। বিপরীতে দেলসি রদ্রিগেজের জনপ্রিয়তা এক অঙ্কে সীমাবদ্ধ।
মাচাদোকে বাদ দিয়ে সরকার ও বিরোধীদের মধ্যে কোনো সমঝোতা হলে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তিনি সমঝোতার বিরোধিতা করলে বিরোধী শিবিরে বিভক্তি বাড়ার আশঙ্কা রয়েছে।
সব মিলিয়ে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের প্রভাব এখন দেশটির তেলসম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় বেশি দৃশ্যমান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনে নয়। এই ধারা অব্যাহত থাকলে মাদুরো-পরবর্তী পরিবর্তন নতুন রাজনৈতিক ব্যবস্থার সূচনা না করে পুরোনো শাসনকাঠামোকেই ভিন্ন অংশীদারের মাধ্যমে টিকিয়ে রাখতে পারে।












