বিশ্বে অনুসারীর সংখ্যার দিক থেকে দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা খ্রিষ্টধর্মকে আগামী এক দশকের মধ্যেই ছাড়িয়ে যেতে পারে ইসলাম। মুসলিম জনগোষ্ঠীর তুলনামূলক বেশি জন্মহার এবং জনসংখ্যা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৩৫ সালের মধ্যে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার।
বুধবার প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় বলা হয়েছে, ২০৩৫ সালে বিশ্বে মুসলমানের সংখ্যা বেড়ে প্রায় ২৫৭ কোটিতে পৌঁছাতে পারে। একই সময়ে খ্রিষ্টান জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ২৫২ কোটি। অর্থাৎ ওই সময়ের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম।
বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলমানের সংখ্যা প্রায় ৩৬০ কোটি এবং খ্রিষ্টানের সংখ্যা ৩০০ কোটিতে পৌঁছাতে পারে। তখন বিশ্বের মোট জনসংখ্যার ৩৭ শতাংশ হবে মুসলমান। ২০২০ সালে এই হার ছিল ২৬ শতাংশ। অন্যদিকে, বিশ্ব জনসংখ্যায় খ্রিষ্টানদের অংশ প্রায় ২৯ শতাংশে স্থিতিশীল থাকতে পারে।
মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ জন্মহার
পিউর গবেষণায় বলা হয়েছে, ইসলাম ও খ্রিষ্টধর্মের অনুসারীর সংখ্যায় পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে জন্মহার। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের গড় সন্তানসংখ্যা ছিল ৩ দশমিক ১। একই সময়ে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এই গড় ছিল ২ দশমিক ৫।
অন্য সব ধর্মীয় জনগোষ্ঠী মিলিয়ে নারীদের গড় সন্তানসংখ্যা ছিল ১ দশমিক ৬। জনসংখ্যার একটি প্রজন্মকে প্রতিস্থাপন করতে সাধারণত প্রতি নারীর গড়ে ২ দশমিক ১ সন্তান প্রয়োজন বলে বিবেচনা করা হয়।
গবেষণায় বলা হয়েছে, জন্ম ও মৃত্যুর পার্থক্যজনিত স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধিই মুসলিম ও খ্রিষ্টান জনগোষ্ঠীর পরিবর্তনের প্রধান কারণ। তবে ধর্ম পরিবর্তনের প্রবণতাও ভবিষ্যতের ধর্মীয় জনসংখ্যার চিত্রে প্রভাব ফেলবে।
ধর্ম পরিবর্তনে খ্রিষ্টানদের অনুসারী কমবে বেশি
ধর্ম পরিবর্তনের অতীত প্রবণতা বিবেচনায় পিউর রিসার্চ সেন্টার বলছে, ইসলাম ও খ্রিষ্টধর্ম—উভয় ধর্মই নতুন অনুসারী পাওয়ার তুলনায় বেশি অনুসারী হারাতে পারে। তবে এই ক্ষতির পরিমাণ মুসলমানদের ক্ষেত্রে অনেক কম হবে।
২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে ধর্ম পরিবর্তনের কারণে ইসলাম প্রায় ৮০ লাখ অনুসারী হারাতে পারে। বিপরীতে, খ্রিষ্টধর্মের অনুসারী কমতে পারে প্রায় ১০ কোটি ৫০ লাখ।
গবেষণা অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা ২৯ শতাংশ বাড়তে পারে। এই সময়ে ইসলাম ও খ্রিষ্টধর্মই একমাত্র দুটি প্রধান ধর্মীয় জনগোষ্ঠী, যাদের বৃদ্ধির হার বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির সমান বা তার বেশি হবে। মুসলিম জনগোষ্ঠী বাড়তে পারে ৮০ শতাংশ এবং খ্রিষ্টান জনগোষ্ঠী ৩০ শতাংশ।
হিন্দু, বৌদ্ধ ও ইহুদি জনগোষ্ঠীর চিত্র
বিশ্বে হিন্দুদের মোট সংখ্যা বাড়লেও ২০৭০ সালে বিশ্ব জনসংখ্যায় তাদের অংশ সামান্য কমে ১৩ দশমিক ৬ শতাংশে দাঁড়াতে পারে। ইহুদি জনগোষ্ঠীর ক্ষেত্রেও একই ধরনের প্রবণতা দেখা যেতে পারে। ওই সময়ে বিশ্ব জনসংখ্যায় তাদের অংশ হতে পারে শূন্য দশমিক ১৭ শতাংশ।
অন্যদিকে, বৌদ্ধ জনগোষ্ঠীর মোট সংখ্যা এবং বৈশ্বিক জনসংখ্যায় তাদের অংশ—দুটিই কমতে পারে। ২০৭০ সালে বিশ্ব জনসংখ্যায় বৌদ্ধদের অংশ দাঁড়াতে পারে ২ দশমিক ৫ শতাংশে।
বাহাই, দাওবাদী, জৈন, শিখ এবং বিভিন্ন লোকজ ধর্মের অনুসারীদের সম্মিলিত সংখ্যা কিছুটা বাড়তে পারে। তবে সব মিলিয়ে ২০৭০ সালে এসব ধর্মের অনুসারী বিশ্বের মোট জনসংখ্যার ২ শতাংশের নিচে নেমে আসতে পারেন।
ধর্মহীন মানুষের অনুপাতও কমতে পারে
নিজেদের কোনো ধর্মীয় পরিচয়ের সঙ্গে যুক্ত করেন না—এমন মানুষের অনুপাতও আগামী কয়েক দশকে উল্লেখযোগ্যভাবে কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পিউর গবেষণা।
নাস্তিক, অজ্ঞেয়বাদী এবং কোনো ধর্মের অনুসারী নন—এমন মানুষদের নিয়ে গঠিত এই জনগোষ্ঠী ২০২০ সালে বিশ্বের মোট জনসংখ্যার ২৪ শতাংশ ছিল। ২০৭০ সালে তা কমে ১৭ শতাংশে দাঁড়াতে পারে।
বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় জনসংখ্যার বিন্যাসেও বড় পরিবর্তনের পূর্বাভাস রয়েছে। ২০৭০ সালে যুক্তরাষ্ট্রে খ্রিষ্টধর্ম সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে থাকলেও দেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় পরিচয় আর খ্রিষ্টান থাকবে না। একই সময়ে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র খ্রিষ্টান জনগোষ্ঠীর সংখ্যায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে।
ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা অধিকাংশ দেশে বাড়তে পারে। তবে চীনের জনসংখ্যা কমে যাওয়ার কারণে বিশ্বজুড়ে এই জনগোষ্ঠীর মোট সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা সীমিত হবে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ধর্মীয় পরিচয়হীন মানুষের বসবাস চীনে।
গবেষণাটি বলছে, আগামী পাঁচ দশকে জন্মহার, জনসংখ্যার বয়স কাঠামো এবং ধর্ম পরিবর্তনের সম্মিলিত প্রভাবে বিশ্বের ধর্মীয় মানচিত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।












