শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ার ২১টি পোশাক কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ধারার আওতায় কারখানা বন্ধ থাকাকালে শ্রমিকেরা মজুরি পাবেন না। এদিকে কাজে যোগ দিতে কারখানায় যাওয়ার পরও উৎপাদন না করায় আরও ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রোববার (২২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এক বার্তায় এ তথ্য জানান।
তিনি বলেন, সাভার ও আশুলিয়ার ২১টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ রয়েছে। এ ছাড়া আরও দুটি কারখানায় আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সকালে শ্রমিকেরা কারখানায় উপস্থিত হলেও কাজ না হওয়ায় দুপুরের মধ্যে ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে চলমান শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপটে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীদের অন্যতম দাবি, মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ।
তবে শিল্পাঞ্চলের বেশির ভাগ কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন। রোববার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত কোনো এলাকায় বিক্ষোভের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কারখানা ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।
শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের মতে, গত কয়েক দিনের তুলনায় সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলের সামগ্রিক পরিস্থিতির উন্নতি হয়েছে। তাঁদের দাবি, বন্ধের তালিকায় থাকা কিছু কারখানাতেও উৎপাদন চলছে। সকালে ছুটি ঘোষণা করা কয়েকটি কারখানায় পরিস্থিতি অনুকূলে আসার পর দুপুরের দিকে আবার উৎপাদন শুরু হয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, কয়েকটি কারখানার শ্রমিকেরা তাঁকে জানিয়েছেন, কারখানার বাইরে ১৩(১) ধারায় ছুটির নোটিশ টাঙানো হলেও পরিস্থিতি ভালো থাকায় উৎপাদন চালু হয়েছে।
তিনি আরও বলেন, কোনো কোনো কারখানায় সকালে ছুটি ঘোষণার পরও উৎপাদন অব্যাহত ছিল। এমনকি কোথাও কোথাও অতিরিক্ত সময় কাজও হয়েছে। আগের কয়েক দিনের তুলনায় পরিস্থিতি অনেকটাই ভালো।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে কয়েক দিন ধরে সাভার ও আশুলিয়ার পোশাকশিল্পে অস্থিরতা চলছে। তবে রোববারের পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছেন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।












