ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে যশোরের আটটি উপজেলায় ৩ হাজার ৮৪৪ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সরিষা ও ধানের। একই সঙ্গে পানিতে ডুবে পচে যাচ্ছে শীতকালীন সবজির ক্ষেত। এতে ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।
টানা বৃষ্টির পর রোববার (২২ নভেম্বর) যশোরে রোদ উঠেছে। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হতেই ক্ষতিগ্রস্ত জমি থেকে ধান উদ্ধার, ভেজা ধান শুকানো এবং খড় সংরক্ষণে ব্যস্ত হয়ে পড়েন কৃষকেরা। তবে অনেক ক্ষেতেই ধান পচে যাওয়া ও শিষ থেকে অঙ্কুর বের হওয়ায় পুরো ফসল রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।
যশোর-বেনাপোল মহাসড়কের পাশের মালঞ্চি মাঠে ধানের আঁটি উদ্ধার করছিলেন কৃষক সদর আলী। তিনি জানান, ধারদেনা করে দেড় বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। শ্রমিক দিয়ে ধান কাটানোর পরদিনই বৃষ্টি শুরু হয়। টানা তিন দিনের বৃষ্টিতে জমিতে হাঁটুপানি জমে যায়।
সদর আলীর ভাষ্য, কিছু ধান পচতে শুরু করেছে, আবার কিছু আঁটির ধান থেকে অঙ্কুর বের হচ্ছে। যতটুকু সম্ভব রক্ষা করার চেষ্টা করছেন তিনি। ধান চাষে তাঁর প্রায় ২২ হাজার টাকা খরচ হয়েছে। সার ও সেচের খরচও এখনো বাকি। ফসল নষ্ট হলে পরিবারের খাবার জোগানো এবং ঋণ পরিশোধ—দুটিই কঠিন হয়ে পড়বে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত যশোরে মোট ১৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দীর্ঘ সময়ের এই বৃষ্টি ও ঝোড়ো বাতাসে কাটা ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি জমিতে দাঁড়িয়ে থাকা ফসলও মাটিতে পড়ে গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক হিসাব অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে সরিষা। চলতি মৌসুমে জেলায় ১৩ হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। এর মধ্যে ১ হাজার ৮৯০ হেক্টরের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। জলাবদ্ধতার কারণে অনেক জমিতে সরিষার চারা পচে যাচ্ছে।
এ ছাড়া ১ লাখ ৩৩ হাজার ১৫০ হেক্টর জমিতে আবাদ করা রোপা আমনের মধ্যে ১ হাজার ১৬৬ হেক্টরের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সবজির ৬৯০ হেক্টর, পেঁয়াজের ২৫ হেক্টর, মরিচের ২৮ হেক্টর এবং ভুট্টার ৪৫ হেক্টর জমিও ক্ষতির মুখে পড়েছে।
যশোর সদরের তোফশিডাঙ্গা মাঠের কৃষক আবদুর রশিদ জানান, ইজারা নেওয়া দেড় বিঘা জমির ধান এবং ১০ কাঠা জমির সরিষা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধান কাটার আগমুহূর্তে বৃষ্টি হওয়ায় এখন চাল ও খড়—কোনোটিই ঠিকভাবে রক্ষা করা যাচ্ছে না। ভেজা ধানের রং নষ্ট হলে বাজারে দামও কম পাওয়া যাবে।
শীতকালীন সবজির সরবরাহে শঙ্কা
বৃষ্টিতে যশোর সদরের চূড়ামনকাটি, হৈবতপুর, বারীনগর ও কাশিমপুরসহ সবজি উৎপাদন এলাকার ব্যাপক ক্ষতি হয়েছে। চৌগাছা উপজেলার কিছু এলাকাতেও সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে।
জলাবদ্ধতায় পালংশাক, বরবটি, পটোল, করলা, বেগুন, কচু ও বাঁধাকপির মতো ফসল পচতে শুরু করেছে। চূড়ামনকাটির আবদুলপুর এলাকায় সবজির চারা উৎপাদনের জমি ও আগাম রোপণ করা বাঁধাকপির চারা পানিতে ডুবে গেছে। নতুন করে চাষের জন্য প্রস্তুত করা জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষকদের আশঙ্কা, এই ক্ষতির কারণে শীতকালীন সবজির উৎপাদন ব্যাহত হতে পারে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
যশোরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক জাহিদুল ইসলাম বিশ্বাস জানান, প্রাথমিক হিসাবে ৩ হাজার ৮৪৪ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব তৈরির কাজ চলছে।












