ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় বাগেরহাটে ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে। জেলার ৪৩৬ দশমিক ৫০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এতে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক ১০৪ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩ হাজার ৮৯৬ জন কৃষক।
রোববার সন্ধ্যায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত জমির মধ্যে প্রায় ৫০ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা তিন দিনের অতিবৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে আমন ধান, বোরো ধানের বীজতলা, শীতকালীন সবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
আমন ধান ও শীতকালীন সবজিতে বেশি ক্ষতি
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বাগেরহাটে ১৮৩ হেক্টর জমির রোপা আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯ দশমিক ৫৫ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়েছে।
এ ছাড়া ২০ হেক্টর জমির বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১ দশমিক ০৪ হেক্টর জমির বীজতলা পুরোপুরি নষ্ট হয়েছে।
জেলায় ৬৪ হেক্টর জমির সরিষা চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৪ দশমিক ৬৫ হেক্টর জমির সরিষা সম্পূর্ণ নষ্ট হয়েছে। অন্যদিকে, ১০৬ হেক্টর জমির শীতকালীন সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৫ দশমিক ৭ হেক্টর জমির সবজি পুরোপুরি নষ্ট হয়েছে।
ডাল ও অন্যান্য ফসলেও ব্যাপক ক্ষতি
অতিবৃষ্টির প্রভাব পড়েছে বিভিন্ন ধরনের রবি ফসলেও। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, জেলার ৩৫ হেক্টর জমির মসুর ডাল, ৮ হেক্টর জমির মরিচ, ৩ দশমিক ৫ হেক্টর জমির পেঁপে, ৩ হেক্টর জমির কলা, ৮ হেক্টর জমির আলু এবং ৬ হেক্টর জমির রসুন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর মধ্যে মসুর ডালের ২৫ দশমিক ১৮ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়েছে। এ ছাড়া মরিচের ১ হেক্টর, পেঁপের শূন্য দশমিক ০০৫ হেক্টর, কলার শূন্য দশমিক ১৫ হেক্টর এবং আলুর ১ দশমিক ৮৫ হেক্টর জমির ফসল পুরোপুরি নষ্ট হয়েছে।
ক্ষয়ক্ষতির তালিকা পাঠিয়েছে কৃষি বিভাগ
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মতিয়ার হোসেন জানান, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা অতিবৃষ্টির কারণে জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। এতে ৪৩৬ দশমিক ৫০ হেক্টর জমির বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় জেলার ৩ হাজার ৮৯৬ জন কৃষক ক্ষতির মুখে পড়েছেন। প্রাথমিক হিসাবে আর্থিক ক্ষতির পরিমাণ ১০৪ কোটি টাকা।
ক্ষতিগ্রস্ত ফসল ও কৃষকদের তালিকা প্রস্তুত করে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে কৃষি বিভাগ।












