ভারতে ইন্টারনেটের বিস্তার ঘটেছে অবিশ্বাস্য গতিতে। সস্তা মোবাইল ডেটা কোটি কোটি মানুষকে যুক্ত করেছে ডিজিটাল দুনিয়ার সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যম, ভিডিও প্ল্যাটফর্ম ও অনলাইন বিনোদনে ভারতীয়দের উপস্থিতিও এখন বিশ্বের অন্যতম বৃহৎ। কিন্তু এই ডিজিটাল বিপ্লবের একটি অস্বস্তিকর দিক সামনে আসছে। ইন্টারনেটে ভারতীয়দের ব্যাপক উপস্থিতি দেশটির ভাবমূর্তি উজ্জ্বল করার বদলে অনেক ক্ষেত্রে নেতিবাচক ধারণা আরও ছড়িয়ে দিচ্ছে।
ভারতের অনলাইন পরিচিতি নিয়ে এই বিতর্কের একটি উল্লেখযোগ্য উদাহরণ ২০১৯ সালের ঘটনা। তখন সুইডিশ ইউটিউবার পিউডিপাইয়ের জনপ্রিয় চ্যানেলকে ছাড়িয়ে যায় ভারতীয় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ। কয়েক মাসের প্রতিদ্বন্দ্বিতার পর ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় চ্যানেলের অবস্থান হারান পিউডিপাই।
এই প্রতিযোগিতার শেষ পর্যায়ে পিউডিপাই প্রকাশ করেন ‘বিচ লাসানিয়া’ নামে একটি গান। তাঁর ভক্তরা একে প্রতিপক্ষকে বিদ্রূপ করে তৈরি করা গান হিসেবে দেখলেও এর কথায় ভারতীয়দের নিয়ে আপত্তিকর মন্তব্য, ভারতীয় ভাষা নিয়ে উপহাস এবং দেশটির সামাজিক বাস্তবতা নিয়ে বিদ্রূপ ছিল। গানটির শিরোনামও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আপত্তিকর কথোপকথন থেকে নেওয়া।
ঘটনাটি শুধু দুই ইউটিউব চ্যানেলের প্রতিযোগিতা ছিল না। বরং ভারতের ইন্টারনেট ব্যবহারের বিস্ফোরক সম্প্রসারণ এবং দেশটির অনলাইন ভাবমূর্তির পরিবর্তনের একটি প্রতীক হয়ে ওঠে।
জিওর হাত ধরে ইন্টারনেটে বিপ্লব
ভারতের ডিজিটাল পরিবর্তনের বড় বাঁক আসে ২০১৬ সালে। ওই বছর শিল্পপতি মুকেশ আম্বানি চালু করেন মোবাইল নেটওয়ার্ক সেবা জিও। অত্যন্ত কম দামে ইন্টারনেট এবং তুলনামূলক বেশি ডেটা ব্যবহারের সুযোগ দিয়ে প্রতিষ্ঠানটি ভারতের টেলিযোগাযোগ খাতে বড় ধরনের মূল্যযুদ্ধ শুরু করে।
এর প্রভাব পড়ে দ্রুত। আধুনিক মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্কের আওতায় থাকা ভারতের জনসংখ্যার অনুপাত ২০১৬ সালে মাত্র ৪ শতাংশ থেকে বেড়ে ৭৪ শতাংশে পৌঁছায়। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও তিন বছরের মধ্যে দ্বিগুণ হয়ে যায়।
জিও চালুর সময় ভারতের মোট জনসংখ্যার প্রায় ছয় ভাগের এক ভাগ ইন্টারনেট ব্যবহার করতেন। ২০১৯ সালে টি-সিরিজের ইউটিউব সাফল্যের সময় তা বেড়ে দাঁড়ায় প্রায় এক-তৃতীয়াংশে। বর্তমানে দেশটির দুই-তৃতীয়াংশের বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন।
সব মিলিয়ে প্রায় ১০০ কোটি ভারতীয় এখন ইন্টারনেটের সঙ্গে যুক্ত। সংখ্যার হিসাবে প্রতি একজন মার্কিন ইন্টারনেট ব্যবহারকারীর বিপরীতে রয়েছেন প্রায় তিনজন ভারতীয়।
বিশ্বমঞ্চে ভারতীয়দের উপস্থিতি, কিন্তু বদলাচ্ছে ভাবমূর্তি
ইন্টারনেট ব্যবহারের সুযোগ বাড়ানোর পাশাপাশি ডিজিটাল বিনোদনেও বড় বিনিয়োগ করেছে জিও। তাদের স্ট্রিমিং প্ল্যাটফর্ম হটস্টারের মাসিক ব্যবহারকারী ৪৫ কোটির বেশি। ব্যবহারকারীর সংখ্যায় এটি নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম ভিডিওর চেয়েও এগিয়ে।
তবে নিজস্ব কোনো সামাজিক যোগাযোগমাধ্যম তৈরি করে ভারতীয়দের পশ্চিমা প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। বরং ইউটিউব, ইনস্টাগ্রাম ও ফেসবুকে ভারতীয়রাই এখন সবচেয়ে বড় জাতীয় ব্যবহারকারী গোষ্ঠী। এক্স, রেডিট ও স্ন্যাপচ্যাটেও তাঁদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে।
কিন্তু এই বিপুল উপস্থিতি আন্তর্জাতিক পরিসরে ভারতের ভাবমূর্তিকে সব সময় ইতিবাচকভাবে তুলে ধরছে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় পুরুষদের নিয়ে একটি প্রচলিত নেতিবাচক ধারণা তৈরি হয়েছে—তাঁরা অনলাইনে নারীদের কাছে অশালীন বার্তা পাঠান। একইভাবে ভারতকে অপরিচ্ছন্ন দেশ হিসেবে উপস্থাপনের প্রবণতাও রয়েছে। সাম্প্রতিক সময়ে ভারতীয়দের একাংশের মধ্যে উগ্র জাতীয়তাবাদ, সমালোচনা সহ্য করতে না পারা এবং আক্রমণাত্মক ভাষা ব্যবহারের প্রবণতা নিয়েও আলোচনা বেড়েছে।
একটি ভাইরাল পোস্টে বিষয়টি ব্যঙ্গ করে বলা হয়েছিল, শীতকালে রাশিয়া আক্রমণ করা উচিত নয়, আর সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতকে আক্রমণ করাও উচিত নয়।
অ্যালগরিদম নেতিবাচক ছবিকেই বেশি ছড়াচ্ছে
ভারত সম্পর্কে অনলাইনে নেতিবাচক ধারণা তৈরির পেছনে শুধু ভারতীয় ব্যবহারকারীদের আচরণ দায়ী নয়। সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবসায়িক কাঠামোও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এসব প্ল্যাটফর্মের অ্যালগরিদম সাধারণত এমন কনটেন্টকে বেশি গুরুত্ব দেয়, যা মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। ফলে ক্ষোভ, বিতর্ক, বিস্ময় কিংবা ঘৃণা তৈরি করতে পারে—এমন ভিডিও দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।
ভারতের অপরিচ্ছন্নতা ও বিশৃঙ্খলাকে কেন্দ্র করে তৈরি ভ্রমণ ভিডিওগুলো প্রায়ই লাখ লাখ দর্শক আকর্ষণ করে। ইনস্টাগ্রামেও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এমন ভিডিও ছড়িয়ে পড়ছে, যেখানে রাস্তার খাবার বিক্রেতাদের অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করতে দেখা যায়।
এ ধরনের ভিডিও বাস্তব ভারতের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে না। কিন্তু নেতিবাচক দৃশ্য বেশি মানুষের কাছে পৌঁছানোর কারণে দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তিতে প্রভাব পড়ে।
২০১৯ সালে পিউডিপাইয়ের ‘বিচ লাসানিয়া’ গানটির ৩০ কোটির বেশি ভিউ পাওয়াও দেখিয়েছে, ভারতীয়দের নিয়ে বিদ্রূপ কিংবা ক্ষোভ উসকে দেওয়া কনটেন্ট কতটা বড় বাণিজ্যিক সাফল্য পেতে পারে।
নেতিবাচকতার আড়ালে প্রাণবন্ত এক ডিজিটাল সংস্কৃতি
তবে ভারতের অনলাইন জগৎকে শুধু নেতিবাচকতা দিয়ে বিচার করলে বড় একটি বাস্তবতা আড়ালে থেকে যায়। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে বিপুল সৃজনশীলতা, হাস্যরস, ব্যঙ্গ এবং বৈচিত্র্যময় জনপ্রিয় সংস্কৃতি।
ভারতের বিভিন্ন ভাষার কনটেন্ট নির্মাতা ও ইউটিউবার নানা ধরনের দর্শকের জন্য ভিডিও তৈরি করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের মিম তরুণদের কথাবার্তা ও দৈনন্দিন সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। অনলাইন থেকে তৈরি হওয়া অনেক কৌতুক ও প্রবণতা মূলধারার সংস্কৃতিতেও জায়গা করে নিচ্ছে।
২০২২ সালে তেলুগু ভাষার ‘নাটু নাটু’ গানের নাচের দৃশ্য বিশ্বজুড়ে ভাইরাল হয়েছিল। পরবর্তী সময়ে গানটি অস্কারও জেতে। চলতি বছরের শুরুতে স্ট্যান্ডআপ কমেডিয়ান আজিম বানাতওয়ালার একটি দীর্ঘ কৌতুকও আন্তর্জাতিক দর্শকদের মধ্যে সাড়া ফেলে।
এসব ঘটনা দেখাচ্ছে, ভারতের জনপ্রিয় সংস্কৃতি আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নেওয়ার সক্ষমতা রাখে। দেশটির সাংস্কৃতিক বৈচিত্র্য ও সৃজনশীলতা যত বেশি বিশ্বে ছড়িয়ে পড়বে, অনলাইনে ভারতের পরিচিতিও তত বদলাতে পারে।
সস্তা ইন্টারনেটের সুফল, সঙ্গে নতুন চ্যালেঞ্জ
ভারতের অনলাইন ভাবমূর্তি নিয়ে বিদ্রূপের আরেকটি দিক তুলে ধরেছেন দেশটির কৌতুকশিল্পী সোমনাথ পাধি। তাঁর একটি পরিবেশনায় বলা হয়েছে, পৃথিবীতে ১০০ কোটি ওয়েবসাইট রয়েছে এবং ভারতীয়রা সম্ভবত সব কটিতেই মন্তব্য করেছেন।
অন্যদিকে রেডিটে ‘জিও ওয়াজ আ মিস্টেক’ নামে একটি কমিউনিটি রয়েছে, যেখানে সস্তা ইন্টারনেটের কারণে তৈরি হওয়া অনলাইন বিশৃঙ্খলা নিয়ে ব্যঙ্গ করা হয়।
এসব কৌতুকের মধ্যে যেমন ভারতীয়দের বিপুল অনলাইন উপস্থিতির প্রতিফলন রয়েছে, তেমনি রয়েছে সেই উপস্থিতির অনাকাঙ্ক্ষিত দিকগুলো নিয়ে আত্মসমালোচনা।
ভারতের জন্য বড় চ্যালেঞ্জ এখন শুধু আরও বেশি মানুষকে ইন্টারনেটে যুক্ত করা নয়; বরং সেই বিপুল ডিজিটাল উপস্থিতিকে ইতিবাচক সাংস্কৃতিক শক্তিতে রূপান্তর করা। সস্তা ডেটা দেশটির কোটি কোটি মানুষের সামনে নতুন সুযোগ তৈরি করেছে। কিন্তু সেই সুযোগের সঙ্গে দায়িত্বশীল অনলাইন আচরণ, বৈচিত্র্যময় সংস্কৃতির প্রচার এবং আন্তর্জাতিক পরিসরে বিশ্বাসযোগ্য পরিচিতি গড়ে তোলার প্রশ্নও সামনে এসেছে।












