ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো কি দেশটির প্রথম প্রেসিডেন্ট সুকর্নোর রাজনৈতিক পথ অনুসরণ করছেন? প্রতিবেশী সিঙ্গাপুরের সঙ্গে জ্বালানি বিরোধ, আন্তর্জাতিক পুঁজিবাজারের সঙ্গে সংঘাত এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার মধ্যে তাঁর সাম্প্রতিক অবস্থান এই প্রশ্ন সামনে এনেছে। অর্থনৈতিক চাপ ও রাজনৈতিক সমালোচনার মুখে থেকেও প্রাবোওর অনমনীয় অবস্থান ইন্দোনেশিয়ার কূটনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকি বাড়াচ্ছে।
২০২৪ সালের নির্বাচনে প্রাবোওর রানিংমেট হিসেবে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন গিবরান রাকাবুমিং। কিন্তু উচ্চমাধ্যমিক শিক্ষার সমমান সনদ অবৈধ ঘোষণা করে দেশটির সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর গত ১২ নভেম্বর পদত্যাগ করেন তিনি। এরপর একদল আইনপ্রণেতা তাঁর অভিশংসনের দাবি তোলেন।
আগামী ৬০ দিনের মধ্যে পার্লামেন্টের দুই কক্ষের যৌথ সম্মেলনের মাধ্যমে নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কথা। এই প্রক্রিয়া ক্ষমতাসীন জোটের মধ্যে নতুন বিরোধ তৈরি করতে পারে। একই সঙ্গে গিবরানের বাবা ও সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে প্রাবোওর দূরত্ব আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
সিঙ্গাপুরের সঙ্গে গ্যাস নিয়ে বিরোধ
ইন্দোনেশিয়ার সাম্প্রতিক কূটনৈতিক সংকটের অন্যতম কেন্দ্র সিঙ্গাপুর। গত ২৪ অক্টোবর দেশটি হঠাৎ করে সিঙ্গাপুরে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ ৮ শতাংশ কমিয়ে দেয়। ইন্দোনেশিয়ার দাবি, অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য এই সিদ্ধান্ত প্রয়োজনীয়।
তবে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং বিদ্যমান চুক্তি মেনে চলার আহ্বান জানালেও ইন্দোনেশিয়ার জ্বালানিমন্ত্রী বাহলিল লাহাদালিয়া তা প্রত্যাখ্যান করেন। তাঁর বক্তব্য, সরবরাহ কমানো হলেও চুক্তিতে নির্ধারিত ন্যূনতম সীমা বজায় রাখা হয়েছে।
দুই দেশের বিরোধের পেছনে আরও রয়েছে বনাঞ্চলে আগুন ও ধোঁয়াদূষণের ঘটনা। গত আগস্ট থেকে সুমাত্রা ও কালিমানতান দ্বীপে দাবানল বেড়েছে। সেখানকার ধোঁয়া সমুদ্র পেরিয়ে সিঙ্গাপুরসহ প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়ছে। একটি হিসাব অনুযায়ী, এই দূষণে সিঙ্গাপুরের অর্থনৈতিক ক্ষতি হয়েছে ২৩২ কোটি সিঙ্গাপুর ডলার।
গত ২৭ ও ২৮ অক্টোবর ইন্দোনেশিয়া সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান। কিন্তু এর কয়েক দিন পরই বাহলিল ঘোষণা দেন, একটি নির্দিষ্ট দেশের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ রপ্তানি বন্ধ করা হতে পারে। একই সঙ্গে সিঙ্গাপুরে নবায়নযোগ্য বিদ্যুৎ রপ্তানির পরিকল্পনাও স্থগিত করার ইঙ্গিত দেয় জাকার্তা।
১৫ নভেম্বর আসিয়ান সম্মেলনে প্রাবোও ধোঁয়াদূষণের ঘটনায় ক্ষমা চাইলেও দুই দেশের সম্পর্কের উত্তেজনা কমবে কি না, তা এখনো অনিশ্চিত।
জ্বালানি নির্ভরতায় সিঙ্গাপুরের চেয়ে দুর্বল ইন্দোনেশিয়া
গ্যাস সরবরাহ কমিয়ে সিঙ্গাপুরের ওপর চাপ তৈরির চেষ্টা করলেও অর্থনৈতিক নির্ভরতার হিসাব ইন্দোনেশিয়ার জন্য স্বস্তিদায়ক নয়।
ইন্দোনেশিয়ার মোট গ্যাস রপ্তানির ২৫ শতাংশ যায় সিঙ্গাপুরে। সাম্প্রতিক ৮ শতাংশ সরবরাহ কমানোর অর্থ দেশটির মোট গ্যাস রপ্তানির প্রায় ২ শতাংশ হ্রাস। অন্যদিকে, সিঙ্গাপুরের মোট গ্যাস আমদানিরও প্রায় ২ শতাংশ আসে এই সরবরাহ থেকে।
তবে সিঙ্গাপুরের বিকল্প জ্বালানি সরবরাহের সক্ষমতা বেশি। দেশটি বছরে প্রায় ৭০ লাখ টন গ্যাস ব্যবহার করে এবং বিদ্যুৎ উৎপাদনের ৯৫ শতাংশ আসে গ্যাসচালিত কেন্দ্র থেকে। কিন্তু দেশটির তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি ও প্রক্রিয়াজাতকরণ টার্মিনালগুলোর বার্ষিক সক্ষমতা ৯০ লাখ থেকে ১ কোটি ১০ লাখ টন। ফলে ইন্দোনেশিয়ার কমানো গ্যাসের বিকল্প উৎস খুঁজে পাওয়া সিঙ্গাপুরের জন্য তুলনামূলক সহজ।
অন্যদিকে, ইন্দোনেশিয়া তার প্রয়োজনীয় পেট্রোলিয়াম পণ্যের প্রায় ৪০ শতাংশ আমদানি করে। এসব আমদানির অর্ধেক সরবরাহ করে সিঙ্গাপুর। ফলে সিঙ্গাপুর পাল্টা রপ্তানি সীমিত করলে বিপাকে পড়তে পারে ইন্দোনেশিয়াই।
পুঁজিবাজারের সঙ্গে সংঘাতেও বাড়ছে চাপ
সিঙ্গাপুরের পাশাপাশি আন্তর্জাতিক পুঁজিবাজারের সঙ্গেও ইন্দোনেশিয়ার বিরোধ তৈরি হয়েছে। আন্তর্জাতিক সূচক সরবরাহকারী প্রতিষ্ঠান এমএসসিআই গত ১৫ অক্টোবর জানায়, দেশটির শেয়ারবাজারের শ্রেণিবিন্যাস দুই ধাপ কমিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে তারা। বাজারে স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে উদ্বেগের কারণেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ২০২৭ সালের জুনের শেষ নাগাদ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা।
ইন্দোনেশিয়ার তালিকাভুক্ত অনেক প্রতিষ্ঠানের মালিকানা কাঠামো অস্পষ্ট। শেয়ারের দাম প্রভাবিত করার উদ্দেশ্যে পরিচালিত লেনদেন নিয়েও প্রশ্ন রয়েছে।
এর মধ্যে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জনলিন গ্রুপ কয়লা কোম্পানি বায়ান রিসোর্সেসের প্রতিষ্ঠাতা পরিবারের কাছ থেকে বাজারদরের তুলনায় প্রায় ৮০ শতাংশ কম দামে শেয়ার কেনে। ঘটনাটি বাজারের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।
এমএসসিআইয়ের সম্ভাব্য সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় প্রাবোও অভিযোগ করেন, প্রতিষ্ঠানটি ইন্দোনেশিয়াকে ভয় দেখাতে চাইছে। তাঁর বক্তব্য, ইন্দোনেশিয়া কাউকে ভয় পায় না।
তবে দেশটির শেয়ারবাজার এরই মধ্যে বড় চাপের মুখে। কোভিড মহামারির সময় বাদ দিলে ইন্দোনেশিয়ার প্রধান শেয়ারসূচক এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। ডলারের বিপরীতে দেশটির মুদ্রা রুপিয়াহর বিনিময় হারও ১৮ হাজার ২০০-এর কাছাকাছি নেমেছে।
সুকর্নোর রাজনৈতিক উত্তরাধিকার অনুসরণের চেষ্টা?
প্রাবোওর রাজনৈতিক আচরণে ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট সুকর্নোর প্রভাব দেখতে পাচ্ছেন বিশ্লেষকেরা। সুকর্নো নেদারল্যান্ডসের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেন এবং ১৯৫৫ সালে বান্দুং সম্মেলনের আয়োজন করে সদ্য স্বাধীন উন্নয়নশীল দেশগুলোর নেতা হিসেবে নিজের অবস্থান প্রতিষ্ঠা করেন।
জাপানের ইনস্টিটিউট অব ডেভেলপিং ইকোনমিজের গবেষক কোইচি কাওয়ামুরার মতে, সুকর্নোর মতো ব্যক্তিগত কর্তৃত্ব ও নিজস্ব রাজনৈতিক ভাবমূর্তিকে গুরুত্ব দেওয়ার প্রবণতা প্রাবোওর মধ্যেও দেখা যাচ্ছে।
অবশ্য সুকর্নোর শাসনামলে রাজনৈতিক কর্তৃত্ব ক্রমে কেন্দ্রীভূত হয়েছিল। ১৯৬০-এর দশকে মালয়েশিয়ার সঙ্গে সংঘাতেও জড়িয়েছিল ইন্দোনেশিয়া।
প্রাবোওর জনপ্রিয়তাতেও বড় পরিবর্তন এসেছে। গত বছরের নভেম্বরে ব্যক্তিগত জনমত জরিপে তাঁর প্রতি সমর্থন ছিল ৮১ দশমিক ২ শতাংশ। কিন্তু অর্থনৈতিক নীতি নিয়ে সমালোচনা এবং রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকা বাড়ার কারণে সাম্প্রতিক জরিপে তা কমে ৪৪ দশমিক ৫ শতাংশে নেমেছে।
গিবরানের পদত্যাগের মধ্য দিয়ে ২০২৯ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ক্ষমতার লড়াইয়ের সূচনাও দেখা যাচ্ছে। অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ, সিঙ্গাপুরের সঙ্গে বিরোধ এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থার সংকট—সব মিলিয়ে প্রাবোওর সামনে এখন একাধিক চ্যালেঞ্জ।












