ডিসেম্বর মাসে কোনো বিতর্কিত ব্যক্তি যাতে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, সে জন্য সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
রোববার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে হেলিকপ্টারে আখাউড়ার হীরাপুর স্কুল মাঠে অবতরণ করেন বিজিবি মহাপরিচালক। পরে তিনি সীমান্ত এলাকার নিরাপত্তা পরিস্থিতি ও প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন।
অবৈধ যাতায়াত ঠেকাতে বাড়তি সতর্কতা
আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, দেশের সীমান্ত পাহারা দেওয়া বিজিবির অন্যতম প্রধান দায়িত্ব। চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধ পথে কেউ যাতে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে না পারেন, তা নিশ্চিত করাও বাহিনীর দায়িত্ব।
তিনি জানান, ফেনী, কুমিল্লা ও আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করছেন তিনি। সীমান্তের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে, যাতে সরকারের নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি দেশ ও জাতির প্রত্যাশা পূরণ করা যায়।
সীমান্তের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার প্রস্তুতি ও কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করতেই এই পরিদর্শন বলে জানান বিজিবি মহাপরিচালক।
স্থানীয়দের সহযোগিতা চাইল বিজিবি
সীমান্তে সন্দেহজনক যাতায়াতের তথ্য পেলে তা বিজিবিকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি। স্থানীয় বাসিন্দাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে উল্লেখ করে আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, কারও আসা-যাওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে তা যেন বিজিবিকে জানানো হয়।
এ ধরনের তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে অবৈধ যাতায়াত বন্ধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।












