নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় মাইন উদ্দিন (৩৬) নামে এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ-সোনাপুর আঞ্চলিক মহাসড়কে বসুরহাট সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইন উদ্দিন পাশের কবিরহাট উপজেলার দলিল লেখক ছিলেন। তিনি উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দৌলত রামদি গ্রামের বাসিন্দা আবদুল কাদেরের ছেলে।
যেভাবে ঘটল দুর্ঘটনা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার মাগরিবের নামাজ শেষে কোম্পানীগঞ্জ রেজিস্ট্রি অফিসসংলগ্ন মসজিদ থেকে বের হয়ে নিজের কার্যালয়ে যান মাইন উদ্দিন। পরে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি।
অটোরিকশায় ওঠার কিছুক্ষণ পর পেছন থেকে একটি ট্রলি সেটিকে ধাক্কা দেয়। এতে সামনের আসনে বসে থাকা মাইন উদ্দিন মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফেনীতে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে ফেনীতে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
পরিবারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবে পুলিশ
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে যায়। ট্রলির ধাক্কায় অটোরিকশার সামনের আসনে থাকা মাইন উদ্দিন মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। উন্নত চিকিৎসার জন্য ফেনীতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।












