বিশ্ববাজারে চাল ও ভোজ্যতেলের দামে বিপরীতমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আফ্রিকার দেশগুলোতে চাহিদা বাড়ায় ভারত ও থাইল্যান্ডের চালের দাম কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। অন্যদিকে, সয়াবিন তেলের দরপতন, দুর্বল আমদানি চাহিদা এবং পাম তেলের বাড়তি মজুতের আশঙ্কায় মালয়েশিয়ার বাজারে টানা কমছে পাম তেলের দাম।
বার্তা সংস্থা রয়টার্সের ১৯ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ভারতের ৫ শতাংশ ভাঙা সেদ্ধ চালের রপ্তানিমূল্য বেড়ে প্রতি টন ৩৯৪ থেকে ৩৯৮ ডলারে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে এই চালের দাম ছিল ৩৮৫ থেকে ৩৯০ ডলার।
আফ্রিকার ক্রেতাদের বাড়তি চাহিদা, ধানের উচ্চমূল্য এবং ভারতীয় রুপির শক্তিশালী অবস্থান চালের দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
একই সময়ে থাইল্যান্ডের ৫ শতাংশ ভাঙা চালের দাম বেড়ে প্রতি টন ৫০৫ থেকে ৫১০ ডলারে পৌঁছেছে। ২০২৪ সালের ডিসেম্বরের পর দেশটির চালের এটিই সর্বোচ্চ দাম। ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার ক্রেতাদের বাড়তি কেনাকাটা এবং প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা দাম বৃদ্ধিতে প্রভাব ফেলেছে।
তবে চালের বাজারে একই চিত্র নেই সব দেশে। ভিয়েতনামের ৫ শতাংশ ভাঙা চালের দাম কমে প্রতি টন ৪৭৫ থেকে ৪৮৫ ডলারে নেমেছে। আগের সপ্তাহে এই দাম ছিল ৪৯০ থেকে ৪৯৫ ডলার। তুলনামূলক বেশি দামের কারণে ক্রেতাদের আগ্রহ কমে যাওয়ায় দেশটির রপ্তানি বাজারে দরপতন হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
পাম তেলের বাজারে বড় দরপতন
চালের বাজার যখন ঊর্ধ্বমুখী, তখন মালয়েশিয়ার পাম তেলের বাজারে চলছে উল্টো প্রবণতা। রয়টার্সের ২২ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ২০ নভেম্বর মালয়েশিয়ার বুরসা ডেরিভেটিভস এক্সচেঞ্জে ফেব্রুয়ারি সরবরাহের পাম তেলের চুক্তিমূল্য প্রতি টনে ১১৬ রিঙ্গিত বা ২ দশমিক ৬৮ শতাংশ কমে ৪ হাজার ২১৭ রিঙ্গিতে নেমেছে।
এক সপ্তাহে চুক্তিটির দাম কমেছে ৫ দশমিক ৪৯ শতাংশ। গত ৫ মার্চের পর এটিই ছিল চুক্তিটির সর্বনিম্ন সমাপনী দর।
বিশ্লেষকদের মতে, সয়াবিন তেলের দাম কমে যাওয়ায় পাম তেলের বাজারেও চাপ তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে পাম ও সয়াবিন তেল পরস্পরের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। ফলে একটির দাম কমলে অন্যটির চাহিদা ও মূল্যেও প্রভাব পড়ে।
এ ছাড়া পাম তেলের মজুত বেড়ে যাওয়ার আশঙ্কা এবং প্রধান আমদানিকারক দেশগুলোর দুর্বল চাহিদাও বাজারে দরপতনের অন্যতম কারণ।
বিশ্ববাজারে চাল ও ভোজ্যতেলের এই বিপরীতমুখী প্রবণতা আমদানিনির্ভর দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে চালের আন্তর্জাতিক মূল্যবৃদ্ধি আমদানি ব্যয়ে চাপ তৈরি করতে পারে। অন্যদিকে, পাম তেলের দরপতন অব্যাহত থাকলে ভোজ্যতেল আমদানিতে ব্যয় কমার সম্ভাবনা তৈরি হতে পারে।












