জাসদের কার্যালয় থেকে ২৮৯ জনকে আটক করেছে পুলিশ
প্রথম আলো,
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে ২৮৯ জনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের মধ্যে যাচাই-বাছাই শেষে জাসদ নেতা–কর্মীদের ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার বেলা তিনটার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ অভিযান চালানো হয়। ঘটনাস্থলে থাকা সাংবাদিক নেতাসহ নেতা–কর্মীদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
ডিএমপির মতিঝিল অঞ্চলের সহকারী কমিশনার (এসি) সাকিবুল আলম ভূঁইয়া রাত ১১টার দিকে প্রথম আলোকে বলেন, অভিযানে জাসদ কার্যালয় থেকে ২৮৯ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে যাঁরা জাসদের নেতা–কর্মী, তাঁদের ছেড়ে দেওয়া হবে। এর বাইরে যাঁরা আছেন, যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাগো নিউজ২৪,
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এর আগে স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, শনিবার স্থানীয় সময় রাত ৮টা ২৩ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীরা। পরে রাত ২টায় এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটে দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
যুগান্তর,
আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রোববার ও সোমবার (২৭-২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই দু’দিনে দেশের কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা নেই। এর মধ্যে রোববার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়া সোমবার দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। তবে এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর এদিন সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।












