প্রায় পাঁচ বছর পর আবারও এক নাটকে দেখা যাবে জনপ্রিয় জুটি মোশাররফ করিম ও ফারুক আহমেদকে। নাটকের নাম ‘চেয়ারম্যান এর হাজব্যান্ড’। পরিচালনা করেছেন সুজিত বিশ্বাস। সম্প্রতি গাজীপুরের পূবাইলে নাটকটির শুটিং শেষ হয়েছে। শিগগিরই ইউটিউবে মুক্তি পাবে নাটকটি।
এবার দুই ভাই
নাটকে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন তাঁরা। ফারুক আহমেদ বড় ভাই, যিনি একের পর এক উদ্ভট পরিস্থিতিতে জড়িয়ে পড়েন। তাঁর এসব কাণ্ড নিয়েই বারবার ঝগড়া বাধে ছোট ভাইয়ের সঙ্গে। ছোট ভাইয়ের চরিত্রে মোশাররফ করিম। অন্যান্য চরিত্রে আছেন নীলাঞ্জনা নীলা, সাইকা আহমেদ, নুরে আলম নয়ন ও সিদ্দিক মাস্টার।
যে জুটির নাটক এখনো ভাইরাল
মোশাররফ করিম ও ফারুক আহমেদ একসঙ্গে বহু জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন। বেশির ভাগ নাটকে মোশাররফ ছিলেন চতুর ও ধূর্ত, আর ফারুক ছিলেন সহজ-সরল ও সৎ বন্ধু। ‘বিহাইন্ড দ্য সিন’ ও ‘মানিব্যাগ’ তাঁদের উল্লেখযোগ্য কাজ। এসব নাটক এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে লাখ লাখ দর্শক দেখছেন। ফেসবুকে প্রায়ই ভাইরাল হয় তাঁদের নাটকের দৃশ্য।
জুটি কেন কম দেখা যায়
ফারুক আহমেদের মতে, দুজনকে একসঙ্গে মানায় এমন গল্প ও চরিত্র এখন কম আসে। দর্শকেরা প্রায়ই জানতে চান, কেন তাঁরা আগের মতো একসঙ্গে কাজ করছেন না। তিনি জানান, দুজনেরই একসঙ্গে কাজের ইচ্ছা আছে। তবে শুধু পাশাপাশি অভিনয় করলেই হয় না, দুজনের রসায়ন ফোটানোর মতো গল্প দরকার। রেদওয়ান রনির একটি গল্পের কথা মনে করিয়ে দেন তিনি। সেখানে তিনি ছিলেন বোকাসোকা এক মানুষ, আর মোশাররফ দ্রুত ধনী হতে চাওয়া চালাক চরিত্র। হুমায়ূন আহমেদের ‘তারা তিনজন’-এর তিন চরিত্রের রসায়নের সঙ্গে নিজেদের জুটির তুলনাও করেন তিনি।
দীর্ঘদিন পর মোশাররফ করিমের সঙ্গে কাজ করে ভালো লেগেছে বলে জানিয়েছেন ফারুক। তাঁর আশা, ‘চেয়ারম্যান এর হাজব্যান্ড’ দর্শকের মন জয় করবে।












