প্রায় ২ হাজার ৮০০ বছর আগে প্রাচীন সাইবেরিয়ার মানুষ ধর্মীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে নেশাজাতীয় প্রভাব সৃষ্টিকারী গাঁজা ব্যবহার করত। দক্ষিণ সাইবেরিয়ার একটি প্রাচীন সমাধিতে গাঁজার বীজ ও মানুষের চুলের নমুনা পরীক্ষা করে এর সরাসরি বৈজ্ঞানিক প্রমাণ পেয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা। গবেষকদের দাবি, প্রাচীন গাঁজা ব্যবহারের প্রমাণ হিসেবে এটিই এখন পর্যন্ত পাওয়া প্রাচীনতম প্রত্যক্ষ নিদর্শন।
সুইজারল্যান্ডের বার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং গবেষণাটির প্রধান লেখক জিনো ক্যাসপারির নেতৃত্বে একটি দল দক্ষিণ সাইবেরিয়ার উয়ুক উপত্যকায় প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান চালিয়ে এই নিদর্শন আবিষ্কার করে। ২০১৭ সাল থেকে ওই এলাকায় কাজ করছেন গবেষকেরা। সমাধিটি প্রায় ২ হাজার ৮০০ বছর আগের। এটি প্রাচীন সিথীয় যুগের শুরুর দিকের একটি অভিজাত সমাধি। সেখানে উচ্চ মর্যাদাসম্পন্ন একাধিক ব্যক্তির দেহাবশেষ পাওয়া গেছে।
সমাধিতে মিলেছে ১ হাজার ৪০০টির বেশি গাঁজার বীজ
গবেষকেরা সমাধির ভেতরে ছোট ছোট কালো বিন্দুর মতো কিছু বস্তু দেখতে পান। পরীক্ষা করে সেগুলোকে গাঁজার বীজ হিসেবে শনাক্ত করা হয়। পরে সেখান থেকে ১ হাজার ৪০০টিরও বেশি বীজ উদ্ধার করা হয়। কার্বন-১৪ পদ্ধতিতে পরীক্ষা করে বীজগুলোর বয়স প্রায় ২ হাজার ৮০০ বছর বলে নিশ্চিত হন গবেষকেরা। ক্যাসপারি জানান, প্রাগৈতিহাসিক যুগে উদ্ভিদ থেকে তৈরি নেশাজাতীয় দ্রব্য ব্যবহারের বিষয়ে এত দিন নানা ধারণা প্রচলিত ছিল। এই আবিষ্কার সেই ধারণার পক্ষে প্রত্যক্ষ প্রত্নতাত্ত্বিক প্রমাণ হাজির করেছে। ওই সমাধিতে যাঁদের দেহাবশেষ পাওয়া গেছে, তাঁরা ছিলেন যাযাবর ঘোড়সওয়ার জনগোষ্ঠীর সদস্য। ঘোড়ায় চড়ে তির ছোড়ার দক্ষতা এবং উন্নতমানের স্বর্ণালংকার তৈরির জন্য তাঁরা পরিচিত ছিলেন।
মানুষের চুলে মিলেছে গাঁজার নেশার উপাদান
এই আবিষ্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, গাঁজার বীজের পাশাপাশি সমাধিতে সংরক্ষিত মানুষের চুলও পাওয়া গেছে। বিজ্ঞানীরা বিশেষ যন্ত্রের সাহায্যে চুলের রাসায়নিক উপাদান পরীক্ষা করেন। পরীক্ষায় চুলের মধ্যে টিএইচসি বা টেট্রাহাইড্রোক্যানাবিনল শনাক্ত হয়েছে। এটি গাঁজার প্রধান নেশা সৃষ্টিকারী রাসায়নিক উপাদান। পাশাপাশি ক্যানাবিনল নামের আরেকটি যৌগও পাওয়া গেছে, যা বাতাসের সংস্পর্শে টিএইচসি থেকে তৈরি হতে পারে। ক্যাসপারি বলেন, প্রায় তিন হাজার বছর আগের উদ্ভিদের অবশেষ পাওয়া এমনিতেই অত্যন্ত বিরল। এর সঙ্গে মানুষের চুলের মতো নরম দেহকলা পাওয়া আরও ব্যতিক্রমী ঘটনা। গবেষকদের মতে, প্রাচীন গাঁজা ব্যবহারের প্রমাণ এভাবে সরাসরি রাসায়নিক পরীক্ষায় পাওয়ায় প্রাচীন সমাজে গাঁজার ইতিহাস বোঝার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলেছে।
ধর্মীয় আচার নাকি বলিদানের আগে অচেতন করার উদ্দেশ্য?
গবেষকদের ধারণা, সমাধিতে গাঁজার ব্যবহার মূলত ধর্মীয় আচার-অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত হতে পারে। বিশেষ করে শামানবাদী বিশ্বাস ও আধ্যাত্মিক কর্মকাণ্ডে এর ব্যবহার হয়ে থাকতে পারে। সমাধিতে কয়েক ডজন বলি দেওয়া ঘোড়ার দেহাবশেষ এবং মানুষের বলি দেওয়ার সম্ভাব্য প্রমাণও পাওয়া গেছে। এ কারণে গবেষকেরা ধারণা করছেন, কোনো কোনো ক্ষেত্রে বলিদানের আগে মানুষ বা প্রাণীকে শান্ত কিংবা অচেতন করার জন্য গাঁজা ব্যবহার করা হয়ে থাকতে পারে। তবে ক্যাসপারি জানিয়েছেন, এই ধারণার পক্ষে এখনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।
গবেষকদের মতে, পূর্ব এশিয়ায় অন্তত ছয় হাজার বছর আগে থেকেই গাঁজার চাষ হতো। তবে সে সময় এর ব্যবহার সম্ভবত নেশার জন্য নয়, বরং তেলসমৃদ্ধ বীজের খাদ্য ও অন্যান্য ব্যবহারিক প্রয়োজন মেটানোর জন্য ছিল। মধ্য এশিয়ায় প্রায় আড়াই হাজার বছর আগের বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে গাঁজার ব্যবহারের প্রমাণ আগে পাওয়া গেছে। নতুন আবিষ্কার সেই সময়সীমাকে আরও পেছনে নিয়ে গেল।
গাঁজার প্রাচীন ইতিহাস নতুন করে লেখার সম্ভাবনা
গবেষকেরা এখন সমাধি থেকে উদ্ধার করা গাঁজার বীজের প্রাচীন ডিএনএ বিশ্লেষণের কাজ করছেন। তাঁদের দাবি, উদ্ধার করা বীজের ডিএনএ এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে প্রাচীন সংরক্ষিত গাঁজার ডিএনএ। তাঁদের আশা, এই গবেষণার মাধ্যমে গাঁজার উৎপত্তি, বিস্তার এবং চাষযোগ্য উদ্ভিদে পরিণত হওয়ার ইতিহাস সম্পর্কে নতুন তথ্য পাওয়া যাবে।
যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল মিশরবিদ্যার সম্মানসূচক প্রভাষক রজার ফোরশাও, যিনি গবেষণাটির সঙ্গে যুক্ত ছিলেন না, আবিষ্কারটিকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, মানুষের চুলে গাঁজার রাসায়নিক উপাদান শনাক্ত হওয়ায় এর ব্যবহারের প্রত্যক্ষ আণবিক প্রমাণ পাওয়া গেছে। তবে গাঁজা কীভাবে ব্যবহার করা হতো কিংবা সমাধির আচার-অনুষ্ঠানে এর সুনির্দিষ্ট ভূমিকা কী ছিল, তা এখনো নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। গবেষণাটি বৃহস্পতিবার বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্সে প্রকাশিত হয়েছে। নতুন এই আবিষ্কার চীন থেকে ইউরোপ পর্যন্ত গাঁজার বিস্তারের ইতিহাস নিয়েও নতুন করে গবেষণার সুযোগ তৈরি করেছে।












