গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যবহৃত ট্যাংক, কাতারের কাছে বিক্রি হওয়া সাঁজোয়া যান কিংবা ইয়েমেনে ব্যবহৃত বোমা—এসব সামরিক সরঞ্জামের বাণিজ্যে পরোক্ষভাবে অর্থায়নের অভিযোগ উঠেছে জার্মানির বৃহত্তম ব্যাংক ডয়চে ব্যাংকের বিরুদ্ধে। ব্যাংকটির ফাঁস হওয়া অভ্যন্তরীণ নথিতে দেখা গেছে, অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসা চালিয়ে যেতে ব্যাংকটি বিভিন্ন আইনি কৌশল ব্যবহার করেছে। এতে অনেক ক্ষেত্রে নিজস্ব ঝুঁকি নিয়ন্ত্রণ ও নীতিমালার সীমাবদ্ধতাও পাশ কাটানো হয়েছে।
‘ইনসাইড ডয়চে ব্যাংক’ নামে পরিচিত এসব নথিতে উঠে এসেছে, সামরিক খাতের লেনদেন মূল্যায়নের সময় ব্যাংকটি সংঘাতপূর্ণ অঞ্চলে অস্ত্রের সম্ভাব্য ব্যবহার বা মানবাধিকার পরিস্থিতির চেয়ে নিজেদের সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাকে বেশি গুরুত্ব দিয়েছে। অভ্যন্তরীণভাবে এ ঝুঁকিকে ‘রেপুটেশনাল রিস্ক’ বা সুনামগত ঝুঁকি হিসেবে বিবেচনা করা হতো।
ব্যাংকটির দাবি, প্রতিরক্ষা খাতের প্রতিটি লেনদেন আলাদাভাবে মূল্যায়ন করা হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের পরিস্থিতি, সশস্ত্র সংঘাত, মানবাধিকার এবং সুনামগত ঝুঁকি বিবেচনায় নেওয়া হয়। ঝুঁকি যথাযথভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে লেনদেন প্রত্যাখ্যানও করা হয়। তবে ফাঁস হওয়া নথির কয়েকটি ঘটনা এই নীতির বাস্তব প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে।
ট্যাংকের যন্ত্রাংশকে অস্ত্র হিসেবে না দেখার কৌশল
২০২২ সালের শুরুতে ডয়চে ব্যাংকের কর্মকর্তারা জার্মানির ফ্রাঙ্কফুর্ট সদর দপ্তরে একটি লেনদেন নিয়ে আলোচনা করেন। বিষয়টি ছিল জার্মান প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা রেঙ্ক গ্রুপকে ১ কোটি ১০ লাখ ইউরোর পেমেন্ট গ্যারান্টি দেওয়া। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ২০১৬ সালের একটি চুক্তি নবায়ন করতে পারত। চুক্তি অনুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনীর ব্যবহৃত মার্কাভা মার্ক-৪ ট্যাংকের জন্য ৮০টি ট্রান্সমিশন ইউনিট সরবরাহ করার কথা ছিল।
ব্যাংকের কয়েকজন কর্মকর্তা মধ্যপ্রাচ্যে রেঙ্কের অস্ত্র-সংশ্লিষ্ট ব্যবসা নিয়ে সুনামগত ঝুঁকির কথা তুললেও শেষ পর্যন্ত লেনদেন অনুমোদিত হয়। ব্যাংকের আইন উপদেষ্টা যুক্তি দেন, এটি সাধারণ বাণিজ্য অর্থায়নসেবা; ট্যাংকের গিয়ারবক্স নিজে কোনো অস্ত্র নয়। এমনকি লেনদেনের সঙ্গে ব্যাংকের সংশ্লিষ্টতা প্রকাশ পাওয়ার সম্ভাবনাও কম বলে মন্তব্য করা হয়।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলি বাহিনী ব্যাপকভাবে মার্কাভা ট্যাংক ব্যবহার করে। ২০২৪ সালে গাজার এক ফিলিস্তিনি নাগরিক জার্মানিতে অভিযোগ করেন, এসব ট্যাংকের যন্ত্রাংশ রপ্তানি তাঁর জীবন ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করেছে। তবে জার্মান আদালত রাষ্ট্রের সার্বভৌম সিদ্ধান্তের বিষয়ে তাঁর চ্যালেঞ্জ করার অধিকার নেই বলে অভিযোগটি খারিজ করে দেন।
চুক্তি ভাগ করে নিয়মের ফাঁক ব্যবহার
২০১৭ সালে কাতারের কাছে ৪৯০টি পদাতিক যুদ্ধযান বিক্রির প্রায় ২০০ কোটি ইউরোর চুক্তিতে ফরাসি নির্মাতা নেক্সটারকে অর্থায়নে সহায়তা করে ডয়চে ব্যাংকের প্যারিস শাখা। ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ মানতে যানগুলোর শুধু মূল কাঠামো বা চেসিস সরবরাহের ব্যবস্থা করা হয়। অস্ত্র ও গোলাবারুদের চুক্তি আলাদা প্রতিষ্ঠানের মাধ্যমে করার যুক্তিতে সাঁজোয়া যানগুলোকে অস্ত্রের বদলে পরিবহনযান হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।
আরেক ক্ষেত্রে ব্যাংকের আইন উপদেষ্টা সরাসরি লেনদেনে ব্যাংকের নাম ও দায় দৃশ্যমান না রাখার কৌশল নিয়ে লিখেছিলেন। স্থানীয় বিদেশি ব্যাংকের অনুকূলে গ্যারান্টি দেওয়ার মাধ্যমে আমদানিকারকের কাছে ডয়চে ব্যাংকের সরাসরি দায় কমানো সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
আপত্তি উপেক্ষা, পরে নীতিমালাই পরিবর্তন
জার্মান অস্ত্র নির্মাতা রাইনমেটালের সৌদি আরবসহ বিভিন্ন দেশে সামরিক সরঞ্জাম রপ্তানি নিয়েও ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তকারীরা উদ্বেগ জানিয়েছিলেন। ইতালি ও দক্ষিণ আফ্রিকার সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে অস্ত্র বিক্রির ব্যবস্থাকে জার্মান রপ্তানি নিয়ন্ত্রণ এড়ানোর বিতর্কিত পদ্ধতি হিসেবে চিহ্নিত করা হয়। তা সত্ত্বেও ২০২১ সালের মাঝামাঝি রাইনমেটালের ইতালীয় সহযোগী প্রতিষ্ঠানের একটি মিসরীয় অস্ত্র প্রকল্পে ৮৮ কোটি ইউরোর বেশি ঋণপত্র ও গ্যারান্টি অনুমোদন করে ব্যাংকটি।
২০২০ সালে নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যালাইড ইউনিভার্সালের কাছে জি৪এস অধিগ্রহণের অর্থায়ন নিয়েও একই ধরনের বিরোধ দেখা দেয়। ব্যাংকের ঝুঁকি মূল্যায়ন বিভাগ জি৪এসকে বেসরকারি সামরিক কোম্পানি হিসেবে বিবেচনা করে অর্থায়ন প্রত্যাখ্যানের সুপারিশ করেছিল। কিন্তু প্রায় দেড় কোটি ডলারের সম্ভাব্য কমিশনের প্রেক্ষাপটে ঝুঁকি কমানোর প্রতিশ্রুতি গ্রহণ করে ব্যাংকের কমিটি চুক্তিটি অনুমোদন দেয়।
পরবর্তী সময়ে ‘রেপরিস্ক’ নীতিমালায়ও পরিবর্তন আনা হয়, যাতে এ ধরনের প্রতিশ্রুতিকে ঝুঁকি প্রশমনের উপায় হিসেবে বিবেচনা করা যায়।
নথিগুলো ডয়চে ব্যাংকের অস্ত্র ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে ঘোষিত নীতি ও বাস্তব সিদ্ধান্তের মধ্যে ব্যবধানের প্রশ্ন সামনে এনেছে। ব্যাংকটি আইন মেনে চলার কথা বললেও, ফাঁস হওয়া অভ্যন্তরীণ আলোচনায় দেখা যায়, লাভজনক গ্রাহক ও বাজার ধরে রাখতে কখনো লেনদেনের ধরন বদলানো, কখনো দায় আড়াল করা, আবার কখনো নিজস্ব নীতিমালার ব্যাখ্যাই শিথিল করার পথ নেওয়া হয়েছে।












