বিশ্বের সবচেয়ে বড় চাল রপ্তানিকারক ভারত এখন উৎপাদন ও রপ্তানির পরিমাণ বাড়ানোর পাশাপাশি পানিসম্পদ, পরিবেশ ও কৃষকের আয় সুরক্ষার চ্যালেঞ্জের মুখে। চাল উৎপাদনে নতুন কৌশল হিসেবে গুরুত্ব পাচ্ছে পানির সাশ্রয়, উন্নত মান এবং বেশি মূল্য সংযোজন।
বিশ্বের চালের বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। ২০১২ সাল থেকে দেশটি বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ববাজারে মোট চাল রপ্তানির প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশই এসেছে ভারত থেকে। কিন্তু রপ্তানির এই সাফল্যের আড়ালে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। চাল উৎপাদনে অতিরিক্ত ভূগর্ভস্থ পানির ব্যবহার, জ্বালানি ব্যয় এবং পরিবেশদূষণ ভারতের কৃষি অর্থনীতির দীর্ঘমেয়াদি স্থায়িত্বকে প্রশ্নের মুখে ফেলছে।
ভারতের জন্য এখন বড় চ্যালেঞ্জ শুধু বেশি চাল উৎপাদন বা রপ্তানি করা নয়, বরং কম পানি ও কম পরিবেশগত ক্ষতির বিনিময়ে বেশি অর্থনৈতিক মূল্য তৈরি করা।
*দ্য হিন্দু*তে ১৬ নভেম্বর প্রকাশিত এক বিশ্লেষণে এ বিষয়টি তুলে ধরেছেন এ ভি মঞ্জুনাথ ও বিক্রম পাটিল। তাঁদের মতে, ভারতের চাল উৎপাদন ও রপ্তানির নীতিতে পরিমাণনির্ভর চিন্তা থেকে সরে এসে গুণগত মান, পানির ব্যবহার এবং কৃষকের আয়ের ওপর বেশি গুরুত্ব দিতে হবে।
উৎপাদন ও রপ্তানিতে ভারতের অবস্থান
২০২৫-২৬ অর্থবছরে ভারতে চাল উৎপাদনের পরিমাণ আনুমানিক ১৫ কোটি ৪০ লাখ ২০ হাজার টনে পৌঁছেছে। উত্তর প্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, ছত্তিশগড়, ওডিশা, মধ্যপ্রদেশ, বিহার, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু দেশটির প্রধান চাল উৎপাদনকারী রাজ্য।
রপ্তানির পরিসংখ্যানেও ভারতের অগ্রগতি স্পষ্ট। ২০২০-২১ অর্থবছরে দেশটি ১ কোটি ৭৭ লাখ ৩০ হাজার টন চাল রপ্তানি করেছিল। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ৭০ হাজার টনে। একই সময়ে রপ্তানি আয় ৮৮২ কোটি ডলার থেকে বেড়ে ১ হাজার ১৫৪ কোটি ডলারে পৌঁছেছে।
তবে রপ্তানির পরিমাণ বাড়লেও সব ধরনের চাল থেকে সমান অর্থনৈতিক সুবিধা আসছে না।
বাসমতি ও সাধারণ চালের রপ্তানিতে বড় পার্থক্য
ভারতের চাল রপ্তানির বাজার মূলত দুই ভাগে বিভক্ত। একদিকে উচ্চমূল্যের সুগন্ধি বাসমতি চাল, অন্যদিকে বিপুল পরিমাণে রপ্তানি হওয়া সাধারণ বা নন-বাসমতি চাল।
২০২৫-২৬ অর্থবছরে ভারত ৬৫ লাখ ২০ হাজার টন বাসমতি চাল রপ্তানি করে আয় করেছে ৫০ হাজার ১৩৮ কোটি রুপি বা ৫৬৭ কোটি ডলার। অন্যদিকে নন-বাসমতি চাল রপ্তানির পরিমাণ ছিল ১ কোটি ৫০ লাখ ৪০ হাজার টন। এ খাত থেকে আয় হয়েছে ৫১ হাজার ৮৯২ কোটি রুপি বা ৫৮৬ কোটি ডলার।
অর্থাৎ বাসমতির তুলনায় দ্বিগুণেরও বেশি পরিমাণ সাধারণ চাল রপ্তানি করেও ভারত আয় করেছে সামান্য বেশি।
এখানেই ভারতের চাল রপ্তানির অর্থনৈতিক দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। বেশি পরিমাণ চাল উৎপাদন ও রপ্তানি করলেই যে বেশি লাভ হবে, বাস্তবতা সব সময় তা নয়। উন্নত মান, পরিচিতি, প্রক্রিয়াজাতকরণ এবং বিশেষ বাজারের চাহিদা অনুযায়ী চাল রপ্তানি করতে পারলে তুলনামূলক কম পরিমাণ পণ্য থেকেও বেশি আয় করা সম্ভব।
রপ্তানির আড়ালে পানির সংকট
ভারতের চাল অর্থনীতির সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো পানির ব্যবহার। এক টন চাল উৎপাদনের পেছনে যে পানি ব্যয় হয়, রপ্তানির মাধ্যমে সেই পানির একটি অংশও কার্যত দেশের বাইরে চলে যায়। অর্থনীতিতে একে বলা হয় ভার্চুয়াল ওয়াটার ট্রেড বা অদৃশ্য পানি বাণিজ্য।
তবে সব পানির ব্যবহার সমান ক্ষতিকর নয়। বৃষ্টির পানি ব্যবহার করে উৎপাদিত চালের ওপর স্থানীয় পানিসম্পদের চাপ তুলনামূলক কম। অন্যদিকে ভূগর্ভস্থ পানি, নদী ও জলাধার থেকে পানি তুলে সেচের মাধ্যমে ধান উৎপাদন করলে প্রাকৃতিক পানির মজুত কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।
পাঞ্জাব, হরিয়ানা ও পশ্চিম উত্তর প্রদেশে এই চাপ সবচেয়ে বেশি। এসব অঞ্চলে ভূগর্ভস্থ পানি তুলে ধান চাষের কারণে পানির স্তর নিচে নেমে যাওয়ার উদ্বেগ রয়েছে।
এ ছাড়া পশ্চিমবঙ্গ, বিহার, ওডিশা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও কর্ণাটকের বিভিন্ন এলাকাতেও ভূগর্ভস্থ পানিনির্ভর ধান চাষ হচ্ছে।
ফলে চাল রপ্তানির সাফল্য বিচার করতে শুধু কত টন চাল বিদেশে পাঠানো হলো, তা দেখলে চলবে না। সেই চাল উৎপাদনে কতটা মূল্যবান পানিসম্পদ ব্যয় হয়েছে, সেটিও হিসাব করতে হবে।
ধান চাষে বাড়ছে পরিবেশগত চাপ
ধান উৎপাদনের সঙ্গে জলবায়ু পরিবর্তনেরও সরাসরি সম্পর্ক রয়েছে। জমিতে দীর্ঘ সময় পানি জমিয়ে রাখলে ধানক্ষেত থেকে মিথেন গ্যাস নির্গত হয়। এটি একটি শক্তিশালী তাপধারণকারী গ্রিনহাউস গ্যাস।
অন্যদিকে প্রয়োজনের তুলনায় বেশি নাইট্রোজেন সার ব্যবহার এবং প্রচলিত নিবিড় চাষাবাদের বিভিন্ন পদ্ধতির কারণে পরিবেশে আরও গ্রিনহাউস গ্যাস ছড়িয়ে পড়ে।
এই সমস্যা কমাতে কয়েকটি আধুনিক কৃষিপদ্ধতি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এর মধ্যে রয়েছে—
- পর্যায়ক্রমে জমি ভেজানো ও শুকানো: ধানক্ষেতে সব সময় পানি জমিয়ে না রেখে নির্দিষ্ট সময় পর পানি সরিয়ে দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী আবার সেচ দেওয়া।
- সরাসরি বীজ বপন: চারা তৈরি করে জমিতে রোপণের পরিবর্তে সরাসরি জমিতে ধানের বীজ বপন করা। এতে পানি ও শ্রমের ব্যবহার কমতে পারে।
- সমন্বিত সার ব্যবস্থাপনা: মাটির প্রয়োজন অনুযায়ী সার প্রয়োগ করে অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার কমানো।
তবে সব অঞ্চলে একই পদ্ধতি সমান কার্যকর হবে না। মাটির ধরন, আবহাওয়া, পানির প্রাপ্যতা এবং স্থানীয় কৃষিব্যবস্থা বিবেচনা করে এসব পদ্ধতি প্রয়োগ করতে হবে।
উৎপাদনের পরিমাণ নয়, গুরুত্ব পাবে প্রতি টনের আয়
ভারতের চাল উৎপাদন ও রপ্তানি নীতিতে বড় ধরনের পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলছেন বিশ্লেষকেরা। বিশেষ করে যেসব অঞ্চলে পানির সংকট তীব্র, সেখানে ধান চাষের পাশাপাশি কম পানিনির্ভর ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করার পরামর্শ দেওয়া হচ্ছে।
একই সঙ্গে সেচব্যবস্থার দক্ষতা বাড়াতে হবে। যাতে কম পানি ব্যবহার করেও প্রয়োজনীয় উৎপাদন নিশ্চিত করা যায়।
রপ্তানির ক্ষেত্রে শুধু বেশি পরিমাণ চাল পাঠানোর ওপর নির্ভর না করে উন্নত মান, নিজস্ব পরিচিতি, উৎপাদনের উৎস শনাক্ত করার ব্যবস্থা, প্রক্রিয়াজাতকরণ এবং ভৌগোলিক পরিচিতিকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিতে হবে।
এর ফলে আন্তর্জাতিক বাজারে ভারতীয় চালের মূল্য বাড়ানো সম্ভব হতে পারে। একই সঙ্গে উৎপাদন খরচ ও প্রাকৃতিক সম্পদের ওপর চাপ কমানোর সুযোগ তৈরি হবে।
সাফল্য মাপতে হবে নতুন হিসাবে
ভারতের চাল অর্থনীতিকে টেকসই করতে উৎপাদন ও রপ্তানির পাশাপাশি কয়েকটি নতুন সূচক বিবেচনায় নেওয়ার প্রস্তাব দিয়েছেন বিশ্লেষকেরা।
এর মধ্যে রয়েছে প্রতি টন চাল রপ্তানিতে আয়, প্রতি ঘনমিটার ভূগর্ভস্থ পানি ব্যবহার করে কত মূল্য তৈরি হচ্ছে, এক কেজি চাল উৎপাদনে কত পানি ও জ্বালানি ব্যয় হচ্ছে এবং উৎপাদনের ফলে কত গ্রিনহাউস গ্যাস নির্গত হচ্ছে।
একই সঙ্গে কৃষকেরা প্রতি একক পানি ব্যবহারের বিপরীতে কত আয় করছেন এবং প্রধান চাল উৎপাদনকারী অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর কীভাবে পরিবর্তিত হচ্ছে, সেটিও নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন।
ভারত ইতিমধ্যে বিশ্বের চালের বাজারে নিজের প্রতিযোগিতামূলক সক্ষমতা প্রমাণ করেছে। কিন্তু সেই অবস্থান দীর্ঘদিন ধরে রাখতে হলে উৎপাদন বাড়ানোর পুরোনো কৌশল থেকে বেরিয়ে আসতে হবে।
কারণ চাল রপ্তানির প্রকৃত সাফল্য শুধু কত টন চাল বিদেশে গেল, তার ওপর নির্ভর করবে না। বরং কত কম পানি, জ্বালানি ও পরিবেশগত ক্ষতির বিনিময়ে কত বেশি অর্থনৈতিক মূল্য তৈরি করা গেল, সেটিই হয়ে উঠবে ভবিষ্যতের বড় মাপকাঠি।












