প্রতিবেদনের সারসংক্ষেপ
- ঢাকায় সাবেক শিক্ষামন্ত্রীসহ ১০৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
- সহিংসতা ঠেকাতে সাত জেলায় বিজিবির ৯৭ প্লাটুন সদস্য মোতায়েন।
- বুধবার রাত থেকে ছয় জেলায় অন্তত ছয়টি বাস ও পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়েছে।
- প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সীমান্তের ওপারের একটি দেশকে সন্তুষ্ট করতে আওয়ামী লীগ সহিংসতা উসকে দিচ্ছে।
ঢাকা, ১৯ নভেম্বর (রয়টার্স): বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা বৃহস্পতিবার ব্যবসাপ্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ করে দেওয়ার চেষ্টা চালালে দেশের বিভিন্ন স্থানে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে। কিছু এলাকায় তাঁদের কর্মসূচি সফল হলেও অন্যত্র তা পুরোপুরি কার্যকর হয়নি। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই অস্থিরতার জন্য ভারতের দিকে ইঙ্গিত করে অভিযোগ করেছেন, শেখ হাসিনার সমর্থকেরা সীমান্তের ওপারের একটি দেশকে সন্তুষ্ট করতে সহিংসতা উসকে দিচ্ছেন।
একই সময়ে কয়েকটি জেলায় উচ্চ মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের পৃথক আন্দোলনও অব্যাহত ছিল। রাজধানী ঢাকায় প্রবেশের একটি মহাসড়ক কয়েক শ শ্রমিক অবরোধ করলে কয়েকটি কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়।
১৭ কোটি ৫০ লাখ মানুষের মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ক্রমবর্ধমান অস্থিরতা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে। চীনের পর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। চলতি বছরের নির্বাচনে শেখ হাসিনার নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ তারেক রহমান ক্ষমতায় আসার পর যে ভঙ্গুর স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়েছিল, নতুন সহিংসতা তা ঝুঁকির মুখে ফেলছে।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন শেখ হাসিনা। সম্প্রতি তিনি আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন। এরপর থেকেই রাজনৈতিক উত্তেজনা বেড়েছে।
এক সপ্তাহব্যাপী বিক্ষোভ ও সমাবেশের শেষ পর্যায়ে বৃহস্পতিবার দেশব্যাপী অবরোধের ডাক দেয় আওয়ামী লীগ। নতুন পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদন প্রত্যাখ্যানের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়। দলটির দাবি, নতুন পাসপোর্ট পেলে শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ তৈরি হবে। তবে অবরোধের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে, যেখানে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান তুলনামূলক শক্তিশালী।
তারেক রহমানের সরকার অভিযোগ করেছে, দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা সহিংসতা উসকে দিচ্ছেন। সরকার এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকারও করেছে। তবে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করা সম্ভব হয়নি।
সীমান্তের ওপারের দেশের দিকে অভিযোগ প্রধানমন্ত্রীর
উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আওয়ামী লীগ নেতারা বাংলাদেশের স্বার্থ ও জনগণের কল্যাণের কথা কখনো বিবেচনা করেননি।
তিনি বলেন, “একই সময়ে সীমান্তের ওপারের যে দেশে তাঁরা পালিয়ে গেছেন, সেই দেশই তাঁদের প্রভু। সেই প্রভুদের সন্তুষ্ট করতে তাঁরা আবারও বাংলাদেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন।”
প্রধানমন্ত্রী সরাসরি ভারতের নাম উল্লেখ না করলেও তাঁর বক্তব্যে দেশটির দিকেই ইঙ্গিত ছিল।
এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি।
শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ঢাকায় নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের উল্লেখযোগ্য অবনতি ঘটে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্কে কিছুটা উন্নতি হয়েছে। তবে ভারতে শেখ হাসিনার অবস্থান এখনো দ্বিপক্ষীয় সম্পর্কে বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে রয়েছে।
পুলিশ জানিয়েছে, বুধবার রাতে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই সদস্য নিহত হয়েছেন। একই রাতে শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জে বিএনপির দুই সংসদ সদস্যের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গোপালগঞ্জ শহরে আওয়ামী লীগ সমর্থকেরা কয়েকটি বাজারে হামলা চালান এবং কিছু দোকান ভাঙচুর করেন।
এ ছাড়া ছয়টি জেলায় অন্তত ছয়টি বাস ও পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়েছে। রেললাইনের একটি অংশেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাতভর কয়েকটি জেলায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাস ও একটি ট্রাকে আগুন দেওয়া হয়। তবে বাসের যাত্রীরা অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন।
ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
সহিংসতা ঠেকাতে সাতটি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯৭ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এসব জেলার মধ্যে গোপালগঞ্জ ও ফরিদপুরও রয়েছে। এই দুই এলাকায় শেখ হাসিনার উল্লেখযোগ্যসংখ্যক সমর্থক রয়েছেন বলে ধারণা করা হয়।
বিজিবির একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
এদিকে ঢাকায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে ১০৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও রয়েছেন।
বুধবার গভীর রাতে বন্দরনগরী চট্টগ্রামে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়। বাড়িটি ঢাকার প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।
পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, বাড়িটির নিচতলার একটি অব্যবহৃত কক্ষে দাহ্য পদার্থ নিক্ষেপ করা হয়ে থাকতে পারে। তবে ওপরের তলায় বসবাসকারী ইউনূসের পিতৃকুলের পরিবারের সদস্যরা নিরাপদে রয়েছেন।
ইউনূসের পক্ষে বক্তব্য দিয়ে থাকে এমন গবেষণা প্রতিষ্ঠান ইউনূস সেন্টারের সঙ্গে রয়টার্স তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেনি।












