ভারতের কংগ্রেস আয়োজিত হায়দরাবাদ সম্মেলনে বিদেশি রাজনৈতিক নেতাদের অংশগ্রহণ নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও তাঁর দলকে আক্রমণ করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির অভিযোগ, ‘ভারত সামিট’ নামে পরিচিত এই সম্মেলনের মাধ্যমে ভারতের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দুর্বল করার উদ্দেশ্যে বিদেশি ভারতবিরোধী শক্তিকে এক জায়গায় জড়ো করেছে কংগ্রেস।
সোমবার এক সংবাদ সম্মেলনে বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া এ অভিযোগ করেন। গত শনিবার হায়দরাবাদে কংগ্রেস আয়োজিত সম্মেলনে ইতালির রাজনীতিক এবং ইউরোপীয় সমাজতন্ত্রী দলের মহাসচিব জিয়াকোমো ফিলিবেকের অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ভাটিয়ার অভিযোগ, সম্মেলনের মঞ্চ ব্যবহার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো, দেশে বিশৃঙ্খলা তৈরি এবং অস্থিতিশীলতা উসকে দেওয়ার চেষ্টা হয়েছে। তিনি বলেন, ওই মঞ্চে ফিলিবেক ‘ভোট চোর, গদি ছাড়ো’ স্লোগান দিয়েছেন। একজন বিদেশি রাজনীতিক ভারতের নির্বাচনী জনমতকে চ্যালেঞ্জ জানিয়ে এমন মন্তব্য করলেও রাহুল গান্ধী তাঁকে থামাননি।
বিজেপির এই মুখপাত্রের দাবি, ফিলিবেকের বক্তব্যের সময় রাহুল গান্ধী বরং হাততালি দিয়েছেন এবং হেসেছেন। তাঁর অভিযোগ, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে একজন বিদেশি প্রতিনিধির এমন মন্তব্যকে উৎসাহিত করেছে কংগ্রেস।
ভাটিয়া আরও বলেন, কংগ্রেসশাসিত তেলেঙ্গানায় সম্মেলনের মাধ্যমে ভারতের স্বার্থ যথাযথ গুরুত্ব পায়নি। তাঁর দাবি, বিজেপিশাসিত রাজ্যগুলোতে আয়োজিত বিনিয়োগ সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানো হয় বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করতে। কিন্তু কংগ্রেসের আয়োজনে বিদেশি রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতি নিয়ে ভিন্ন ধরনের রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।
রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়েও কটাক্ষ করেন বিজেপির মুখপাত্র। তিনি বলেন, রাহুলের বিদেশ সফর কিছুটা কমিয়ে ভারতের গ্রাম ও শহরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা উচিত। তাহলে দেশের ১৪০ কোটি মানুষের মধ্যে কেন বিজেপির প্রতি সমর্থন রয়েছে, তা তিনি বুঝতে পারবেন।
ভাটিয়া কংগ্রেসের নির্বাচনী পরাজয়ের প্রসঙ্গ টেনে বলেন, দলটি ৯৯টি নির্বাচনে হারলেও নিজেদের অবস্থান পর্যালোচনা করছে না। তবে সম্মেলন নিয়ে বিজেপির এসব অভিযোগের বিষয়ে কংগ্রেসের কোনো বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।












