সুন্দরবনের বঙ্গোপসাগরসংলগ্ন দুবলার চরে রোববার (২২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী তিন দিনের রাস উৎসব। প্রায় ২০০ বছরের পুরোনো এই ধর্মীয় আয়োজন চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। এবার উৎসবে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য। পূজা-অর্চনা, ধর্মীয় আনুষ্ঠানিকতা এবং বঙ্গোপসাগরের লোনা পানিতে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে আয়োজন।
রাস পূর্ণিমা উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় প্রতিবছর এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবকে কেন্দ্র করে সুন্দরবনে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বন বিভাগ। বন্য প্রাণী শিকার, হরিণ নিধন, চোরাশিকার ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।
যাতায়াতে বন বিভাগের নির্ধারিত পাঁচটি নৌপথ
দুবলার চরে যাতায়াতের জন্য পাঁচটি নির্দিষ্ট নৌপথ অনুমোদন করেছে বন বিভাগ। তীর্থযাত্রীদের যাওয়া ও ফেরার ক্ষেত্রে একই পথ ব্যবহার করতে হবে। নির্ধারিত প্রবেশপথ থেকে সরকারি রাজস্ব পরিশোধ করে অনুমতিপত্র ও প্রবেশ কুপন সংগ্রহ করতে হবে।
অনুমোদিত পাঁচটি পথ হলো—
১। ধানমারি অথবা চাঁদপাই স্টেশন হয়ে পশুর নদী দিয়ে তিনকোনা দ্বীপের বাইরে দিয়ে যাতায়াত।
২। বগী-বলেশ্বর, সুপতি স্টেশন, বলেশ্বর নদী, কচিখালী ও শেলার চর হয়ে সুন্দরবনের বাইরের পথ।
৩। বুড়িগোয়ালিনী, কপোতাক্ষ, বটুলা নদী, বল নদী, পাটকোস্টা খাল ও হাঁসরাজ নদী হয়ে যাতায়াত।
৪। কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা, বাজবাজা, অরুয়া, শিবসা নদী ও মরজাত হয়ে যাতায়াত।
৫। নলিয়ান স্টেশন ও মরজাত নদী হয়ে দুবলার চরে পৌঁছানো।
যাত্রীসংখ্যা, নৌযানের ধরন, অবস্থানের সময় এবং সঙ্গে থাকা ক্যামেরার সংখ্যার ভিত্তিতে নির্ধারিত সরকারি রাজস্ব দিতে হবে। অনুমতিপত্র ছাড়া সুন্দরবনে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তীর্থযাত্রীদের জাতীয় পরিচয়পত্রের মূল কপিও সঙ্গে রাখতে হবে। নির্ধারিত সরকারি ফি পরিশোধের পর বন বিভাগের পাহারায় নৌযানে করে তাঁদের যাতায়াতের ব্যবস্থা করা হবে।
তিন দিন সুন্দরবনে মাছ ধরা বন্ধ
উৎসব নির্বিঘ্ন রাখতে ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সুন্দরবনের সব নদী ও খালে মাছ ধরা নিষিদ্ধ করেছে বন বিভাগ। পাশাপাশি জেলেদের মাছ ধরার অনুমতিপত্র দেওয়া এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে।
সুন্দরবনের ভেতরে অবস্থানরত সব জেলেকে শনিবারের মধ্যে নৌকা ও ট্রলার নিয়ে বনাঞ্চল ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অস্ত্র, বিস্ফোরক, শিকারের জাল, ফাঁদ এবং হরিণ বা বন্য প্রাণী ধরার কাজে ব্যবহৃত দড়ি বহন নিষিদ্ধ করা হয়েছে। পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য ব্যবহার থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী জানান, বন্য প্রাণী রক্ষা এবং অবৈধ শিকার প্রতিরোধে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার সকালে নির্ধারিত স্থান থেকে বন বিভাগের পাহারায় তীর্থযাত্রীরা দুবলার চরের উদ্দেশে রওনা হবেন। মঙ্গলবার সকালে পুণ্যস্নান শেষে তাঁরা একই পথে ফিরে আসবেন।
পুলিশ, কোস্ট গার্ড ও নৌ পুলিশের টহল
উৎসবের নিরাপত্তায় বন বিভাগের পাশাপাশি পুলিশ, বিশেষায়িত রেসপন্স ব্যাটালিয়ন, কোস্ট গার্ড ও নৌ পুলিশ সদস্যরা টহল দেবেন।
বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ জামিরুল ইসলাম জানিয়েছেন, তীর্থযাত্রীদের নিরাপত্তায় দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে তাঁরা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আয়োজনে অংশ নিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাস উৎসব উদ্যাপন কমিটি ও দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ জানিয়েছেন, উৎসবের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আয়োজক কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্টু জানান, মঙ্গলবার সূর্যোদয়ের সময় বঙ্গোপসাগরের লোনা পানিতে পুণ্যস্নানের মধ্য দিয়ে তিন দিনের আয়োজন শেষ হবে।
২০২১ সাল থেকে বন্ধ রাসমেলা
বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে সুন্দরবনের দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের কাছে দুবলার চরে এই উৎসব অনুষ্ঠিত হয়। ভগবান শ্রীকৃষ্ণের পূজা, প্রার্থনা, আরতি, ভক্তিমূলক আচার, ফুল নিবেদন এবং গাজী কালুর পূজাসহ বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা উৎসবের ঐতিহ্যের অংশ।
একসময় রাস উৎসবের পাশাপাশি সেখানে বড় আকারের মেলার আয়োজন হতো। তবে সরকারি সিদ্ধান্তে ২০২০ সালের পর মেলা বন্ধ হয়ে যায়। ২০২১ সাল থেকে উৎসবের আয়োজন সীমিত রয়েছে ধর্মীয় অনুষ্ঠান, পূজা-অর্চনা ও ঐতিহ্যবাহী পুণ্যস্নানে।












