আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগরীসহ দেশের আট জেলায় ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
শনিবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
কোন জেলায় কত প্লাটুন বিজিবি
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা মহানগরীসহ মোট আটটি জেলায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা জেলায় ১৮ প্লাটুন এবং ঢাকা মহানগরীতে পাঁচ প্লাটুন দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া গোপালগঞ্জে ২৯ প্লাটুন, গাজীপুরে ১৫, নারায়ণগঞ্জে ছয়, কক্সবাজারে ছয়, ফরিদপুরে পাঁচ এবং ময়মনসিংহে দুই প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নজরদারি
মোতায়েন করা বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করবেন। একই সঙ্গে বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করবেন তাঁরা।
সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ড্রোন ও বডি ক্যামেরায় পরিস্থিতি পর্যবেক্ষণ
মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরে মনিটরিং সেল চালু রয়েছে। প্রযুক্তিনির্ভর এই নজরদারিতে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
এসব প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে।
জননিরাপত্তা নিশ্চিতের ঘোষণা
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন সদস্যরা।
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিজিবি প্রস্তুত রয়েছে।












