ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী দল কংগ্রেসের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ও পোস্ট সীমিত করার প্রতিবাদে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে দেশজুড়ে আরও বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে দলটির যুব সংগঠন ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস। শুক্রবার মেটার ভারতীয় কার্যালয়ের সামনে বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর শনিবার এই ঘোষণা আসে।
কংগ্রেসের অভিযোগ, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রতি পক্ষপাত দেখিয়ে মেটা বিরোধী রাজনৈতিক নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ও পোস্ট নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে মেটার বক্তব্য, ভারতের প্রচলিত আইন মেনেই দেশটিতে কিছু কনটেন্ট সীমিত করা হয়।
মেটার কার্যালয়ে বিক্ষোভ ও সংঘর্ষ

শুক্রবার হায়দরাবাদ, মুম্বাই ও গুরুগ্রামে মেটার কার্যালয় ঘিরে বিক্ষোভ করেন ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের নেতাকর্মীরা।
হায়দরাবাদে বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে মেটার কার্যালয় থাকা ভবনে প্রবেশ করেন। এ সময় বিভিন্ন স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটে এবং পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়।
মুম্বাইয়ে মেটার কার্যালয়ের বাইরের দেয়ালে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে স্লোগান লিখে দেন বিক্ষোভকারীরা। নিরাপত্তাকর্মীরা তাঁদের বাধা দিতে গেলে উত্তেজনা তৈরি হয়। গুরুগ্রামেও ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন কংগ্রেসের নেতাকর্মীরা।
তাঁদের প্রধান দাবি, নিষ্ক্রিয় বা সীমিত করে দেওয়া যুব কংগ্রেস নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুনরায় চালু করতে হবে।
শনিবারও বিক্ষোভের কর্মসূচি অব্যাহত রাখে সংগঠনটি। দিল্লিতে একটি ব্যানার টাঙিয়ে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে ব্যঙ্গ করে তাঁকে ‘মার্ক বিজেপিবার্গ’ বলে উল্লেখ করা হয়। এর মাধ্যমে বিজেপির প্রতি মেটার কথিত পক্ষপাতের অভিযোগ তুলে ধরা হয়।
অ্যাকাউন্ট ফিরলেও হাজারো অ্যাকাউন্ট সীমাবদ্ধ
ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের সামাজিক যোগাযোগমাধ্যমবিষয়ক দায়িত্বে থাকা মনু জৈন রয়টার্সকে জানান, শুক্রবারের বিক্ষোভের পর দুটি অ্যাকাউন্ট পুনরায় চালু করা হয়েছে। তবে সরকারের সমালোচক সাংবাদিক, কনটেন্ট নির্মাতা ও প্রভাবশালী ব্যক্তিদের হাজারো অ্যাকাউন্ট এখনো সীমাবদ্ধ রয়েছে।
তাঁর দাবি, মেটাকে তাদের অ্যালগরিদম কীভাবে পোস্ট ও অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করে, তা ব্যাখ্যা করতে হবে। একই সঙ্গে সরকারের নির্দেশে বন্ধ করা অ্যাকাউন্টগুলো পুনরায় চালুর দাবি জানান তিনি।
যুব কংগ্রেস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে জানিয়েছে, নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুনর্বহাল না হলে দেশের বিভিন্ন স্থানে মেটার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ চালানো হবে।
মোদি সরকারের কনটেন্ট অপসারণ নীতি
ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নিয়ন্ত্রণ নিয়ে বিতর্কের কেন্দ্রে রয়েছে নরেন্দ্র মোদি সরকারের কঠোর অবস্থান। সরকারের বক্তব্য, স্থানীয় আইন লঙ্ঘন, জননিরাপত্তার ঝুঁকি কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে—এমন কনটেন্টই অপসারণের নির্দেশ দেওয়া হয়।
তবে কংগ্রেসের অভিযোগ, সরকারবিরোধী মতামত নিয়ন্ত্রণে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে ব্যবহার করা হচ্ছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে মোদি সরকার সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে বেআইনি কনটেন্ট শনাক্তের নোটিশ পাওয়ার তিন ঘণ্টার মধ্যে তা সরিয়ে ফেলার নির্দেশ দেয়। এর আগে এ জন্য সময়সীমা ছিল ৩৬ ঘণ্টা।

মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা অধিকারকর্মীদের আশঙ্কা, এত কম সময়ের মধ্যে কনটেন্ট পর্যালোচনা ও সিদ্ধান্ত নেওয়ার বাধ্যবাধকতা সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়াবে। এতে বৈধ সাংবাদিকতা ও রাজনৈতিক মতপ্রকাশও নিয়ন্ত্রণের ঝুঁকিতে পড়তে পারে।
ছয় মাসে ৫৪ লাখের বেশি কনটেন্ট সীমিত
মেটার প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ভারতের স্থানীয় আইনের আওতায় ৫৪ লাখের বেশি পোস্ট বা অ্যাকাউন্ট সীমিত করা হয়েছে। ইন্দোনেশিয়ার পর এটিই দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা।
২০২৫ সালের পুরো সময়ে ভারতে এমন সীমিত করার সংখ্যা ছিল প্রায় ৭০ হাজার। অর্থাৎ এক বছরের ব্যবধানে কনটেন্ট নিয়ন্ত্রণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
মেটার ভাষ্য, এসব কনটেন্টের বড় অংশই স্থানীয় আইনের বাধ্যবাধকতা মেনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সীমিত করা হয়েছে।
এদিকে তেলেঙ্গানার বিরোধী রাজনীতিক কে টি রামা রাও হায়দরাবাদে মেটার কার্যালয়ে ভাঙচুরের সমালোচনা করেছেন। তাঁর মতে, এ ধরনের ঘটনা ব্যবসার জন্য নিরাপদ শহর হিসেবে হায়দরাবাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে।

মোদির দল বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারিও কংগ্রেসের বিক্ষোভের সমালোচনা করে একে বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয়ে ভাঙচুরের রাজনীতি বলে অভিহিত করেছেন।
প্রযুক্তি প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন
ভারতের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম বাজারে মেটাকে ঘিরে এই বিরোধ কেবল কয়েকটি অ্যাকাউন্ট পুনর্বহালের দাবিতে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক স্বাধীনতা, ডিজিটাল অধিকার এবং প্রযুক্তি প্রতিষ্ঠানের নিরপেক্ষতার প্রশ্ন।
সরকারের নির্দেশে কনটেন্ট অপসারণের ক্ষেত্রে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব কতটুকু, আর রাজনৈতিক চাপের মুখে তাদের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা কতটা—তা নিয়েও বিতর্ক বাড়ছে।
বিশেষ করে তিন ঘণ্টার মধ্যে কনটেন্ট অপসারণের বাধ্যবাধকতা এবং বিপুলসংখ্যক অ্যাকাউন্ট সীমিত করার পরিসংখ্যান ভারতের ডিজিটাল পরিসরে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।
মেটা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। ফলে কংগ্রেসের অভিযোগ, সরকারের অবস্থান এবং প্রযুক্তি প্রতিষ্ঠানটির কনটেন্ট নিয়ন্ত্রণ নীতির মধ্যে বিরোধ কতটা গভীর হবে, তা নির্ভর করছে পরবর্তী পদক্ষেপের ওপর।












