জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে আরও বিস্তৃত আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে লন্ডনে শুরু হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতা। এ উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে রোববার লন্ডনে যাচ্ছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, পাঁচ দিনের এই সরকারি সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও থাকবেন। লন্ডনে অবস্থানকালে তারা অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
কমনওয়েলথ বৈঠকে কূটনৈতিক তৎপরতা
লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে অনুষ্ঠিত হতে যাওয়া কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের ২৬তম বৈঠককে বাংলাদেশ গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুযোগ হিসেবে দেখছে। এই বৈঠকের ফাঁকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য সমর্থন বাড়ানোর চেষ্টা চালানো হবে।

কূটনৈতিক সূত্র জানায়, ইতিমধ্যে ইসলামি সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর কাছ থেকে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে ব্যাপক সমর্থন পাওয়া গেছে। এর বাইরে আরও বেশ কয়েকটি দেশের কাছ থেকেও ইতিবাচক সাড়া মিলেছে।
রোববার লন্ডন সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত একটি বিশেষ নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর দুপুর দুইটা থেকে চারটা পর্যন্ত আনুষ্ঠানিক বৈঠক হবে।
বৈশ্বিক পরিবর্তনের প্রেক্ষাপটে আলোচনা
এই বৈঠকে বিশ্ব রাজনীতির দ্রুত পরিবর্তিত পরিস্থিতিতে কমনওয়েলথের ভূমিকা কী হতে পারে তা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়িয়ে যৌথ সমৃদ্ধি অর্জনের উপায় নিয়েও মতবিনিময় করবেন পররাষ্ট্রমন্ত্রীরা।
কমনওয়েলথের মহাসচিব শার্লি বটচওয়ে বৈঠকে বক্তব্য দেবেন। আফ্রিকা, এশিয়া, ইউরোপ, আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মোট ৫৬টি স্বাধীন দেশ এই জোটের সদস্য।
এই বৈঠকের মাধ্যমে মার্চের দ্বিতীয় সোমবার পালিত কমনওয়েলথ দিবসের কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির নির্বাচন
সম্প্রতি ফিলিস্তিন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় এখন এই পদে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী সাইপ্রাস। প্রধান উপদেষ্টা তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে এই পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির নির্বাচন আগামী ২ জুন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন হবে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ কক্ষে।
আঞ্চলিক রোটেশন অনুযায়ী এবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সভাপতি নির্বাচিত হওয়ার কথা।
বাংলাদেশ সর্বশেষ ১৯৮৬ সালে এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হয়েছিল। সে সময় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। প্রায় চার দশক পর আবারও সেই পদ ফিরে পেতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ।

কমনওয়েলথ দিবসের আয়োজন
এদিকে সোমবার বিশ্বজুড়ে কমনওয়েলথ দিবস উদযাপন করা হবে। আফ্রিকা, এশিয়া, ক্যারিবীয় অঞ্চল, আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও ইউরোপের বিভিন্ন দেশে এই দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হবে।
এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘সমৃদ্ধ কমনওয়েলথ গড়তে একসঙ্গে সম্ভাবনার দুয়ার উন্মোচন’। এই প্রতিপাদ্যে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আগামী ১ থেকে ৪ নভেম্বর অ্যান্টিগুয়া ও বারবুডায় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা আগামী ১২ মার্চ দেশে ফেরার কথা রয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















