সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফলে তার জামিনে মুক্তি পেতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী মোনায়েম নবী শাহীন।
হাইকোর্টের আদেশ
আদালত সূত্রে জানা যায়, দুদকের মামলায় জামিন মঞ্জুর হওয়ায় সাবেক এই প্রধান বিচারপতির কারামুক্তির পথ আরও পরিষ্কার হয়েছে। এর আগে জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা এবং তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে করা চারটি মামলাতেও তাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট।
এই মামলাগুলোর শুনানিতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসরুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান খান ও মোতাহার হোসেন সাজু। তাদের সঙ্গে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী মোনায়েম নবী শাহীন।
দুদকের মামলা ও অভিযোগ
গত বছরের আগস্ট মাসে বিধিবহির্ভূতভাবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে প্লট গ্রহণের অভিযোগে এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলায় তাকে প্রধান আসামি করে মোট আটজনকে অভিযুক্ত করা হয়।
অন্য আসামিরা হলেন—রাজউকের সাবেক চেয়ারম্যান মো. নুরুল হুদা, সাবেক সদস্য (অর্থ) ও সদস্য (এস্টেট) আ ই ম গোলাম কিবরিয়া, সাবেক সদস্য (অর্থ) মো. আবু বক্কার সিকদার, সাবেক সদস্য (পরিকল্পনা) মো. আনোয়ারুল ইসলাম সিকদার, সাবেক সদস্য (এস্টেট) আখতার হোসেন ভুইয়া, সাবেক যুগ্মসচিব ও সদস্য (উন্নয়ন) এম মাহবুবুল আলম এবং সদস্য (প্রশাসন ও ভূমি) নাজমুল হাই।
এর আগে হাইকোর্টের আরেক বেঞ্চ—বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেন—গত ৪ মার্চ যুবদলকর্মী হত্যা ও তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত রায় জালিয়াতির চার মামলায় তাকে জামিন দেন।
গ্রেপ্তার ও মামলার পটভূমি
গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এই হত্যাকাণ্ডের মামলা ছাড়াও তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা দায়ের করা হয়। তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে গত ২৭ আগস্ট শাহবাগ থানায় মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন।
এ ছাড়া ২৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একই অভিযোগে মামলা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভুঁইয়া। একই দিনে নারায়ণগঞ্জের বন্দর থানায় একই ধরনের অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন নুরুল ইসলাম মোল্লা।
এর আগে ৪ আগস্ট রাজউকের প্লট জালিয়াতি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে দুদকও একটি মামলা করে।
জামিন আবেদনের প্রক্রিয়া
এসব মামলায় নিম্ন আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেন। পরে হাইকোর্ট পাঁচটি মামলায় তার জামিন প্রশ্নে রুল জারি করেন এবং পরবর্তী শুনানির পর পর্যায়ক্রমে জামিন মঞ্জুর করেন।
সারাক্ষণ রিপোর্ট 


















