কলকাতা, ৬ মে: সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অন্তত ১৮টি আসনে জয়-পরাজয়ের ব্যবধান ছিল ৫ হাজার ভোটেরও কম। ২৯৪টি আসনের বেশিরভাগেই ভোটার সংখ্যা ২ লাখের বেশি হওয়ায় এই ব্যবধান মোট ভোটের প্রায় ২ শতাংশের কাছাকাছি। ফলে সামান্য ভোটের হেরফেরই বহু আসনের ফল নির্ধারণ করেছে।
নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফল অনুযায়ী, এই ১৮টি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে বিজেপি জিতেছে ১১টি আসনে। তৃণমূল কংগ্রেস পেয়েছে ৬টি আসন। একটি আসনে জয় পেয়েছে কংগ্রেস।
এছাড়া আরও অন্তত ২০টি আসনে জয়-পরাজয়ের ব্যবধান ছিল ৫ হাজার থেকে ১০ হাজার ভোটের মধ্যে। এতে স্পষ্ট হয়েছে, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং ভোটারদের সামান্য মত পরিবর্তনও বড় রাজনৈতিক ফল নির্ধারণে ভূমিকা রেখেছে।

সবচেয়ে কম ব্যবধানের লড়াই দেখা গেছে রাজারহাট নিউ টাউন আসনে। সেখানে বিজেপির পীযূষ কানৌদিয়া তৃণমূলের তাপস চট্টোপাধ্যায়কে মাত্র ৩১৬ ভোটে পরাজিত করেন। এটিই ছিল এবারের নির্বাচনের সবচেয়ে কম ব্যবধানের জয়।
এক হাজারের কম ব্যবধানে চারটি আসনে ফল নির্ধারিত হয়েছে। ইন্দাসে বিজেপির নির্মল কুমার ধাড়া তৃণমূলের শ্যামলী রায় বাগদিকে হারান মাত্র ৯০০ ভোটে। জাঙ্গিপাড়ায় বিজেপির প্রসেনজিৎ বাগ তৃণমূলের স্নেহাশিস চক্রবর্তীকে পরাজিত করেন ৮৬২ ভোটে।
রায়না আসনে বিজেপির সুভাষিস পাত্র ৮৩৪ ভোটে জয়ী হন। অন্যদিকে সাতগাছিয়ায় বিজেপির অগ্নিশ্বর নস্কর তৃণমূলের সোমাশ্রী বেতালকে হারান মাত্র ৪০১ ভোটে।
আমডাঙায় তৃণমূলের মোহাম্মদ কাশেম সিদ্দিকী বিজেপির অরিন্দম দেকে ২ হাজার ৯৯৫ ভোটে হারান। আবার আমতায় বিজেপির অমিত সামন্ত তৃণমূলের সুকান্ত কুমার পালের বিরুদ্ধে জয় পান ৪ হাজার ৪৫৪ ভোটে।
চাঁপদানিতে বিজেপির দিলীপ সিং তৃণমূলের অরিন্দম গুইনকে হারান ৩ হাজার ২৬ ভোটে। হরিপালে বিজেপির মধুমিতা ঘোষ তৃণমূলের করবী মান্নাকে পরাজিত করেন ৩ হাজার ৪৮৮ ভোটে।
হরিরামপুরে তৃণমূলের বিপ্লব মিত্র বিজেপির দেবব্রত মজুমদারকে হারান ১ হাজার ৯৮৬ ভোটে। কাশীপুর-বেলগাছিয়ায় বিজেপির রীতেশ তিওয়ারি তৃণমূলের প্রবীণ নেতা অতীন ঘোষকে হারান ১ হাজার ৬৫১ ভোটে।

লাবপুরে বিজেপির দেবাশিস ওঝা তৃণমূলের অভিজিৎ সিনহাকে হারান ৩ হাজার ৫৫০ ভোটে। মধ্যমগ্রামে তৃণমূলের রথীন ঘোষ বিজেপির অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়কে হারান ২ হাজার ৩৯৯ ভোটে।
মন্দিরবাজারে তৃণমূলের জয়দেব হালদার বিজেপির মল্লিকা পাইককে পরাজিত করেন ১ হাজার ৯৯৫ ভোটে। পাণ্ডবেশ্বরে বিজেপির জিতেন্দ্র কুমার তিওয়ারি তৃণমূলের নরেন্দ্রনাথ চক্রবর্তীকে হারান ১ হাজার ৩৯৮ ভোটে।
সিতাইয়ে তৃণমূলের সঙ্গীতা রায় বিজেপির আশুতোষ বর্মাকে হারান ২ হাজার ৭২১ ভোটে। উলুবেড়িয়া উত্তরে বিজেপির চিরণ বেরা তৃণমূলের বিমল কুমার দাসকে পরাজিত করেন ২ হাজার ১৭৭ ভোটে।
এই তালিকায় কংগ্রেসের একমাত্র জয় এসেছে রানিনগর আসনে। সেখানে জুলফিকার আলি তৃণমূলের আব্দুল সৌমিক মণ্ডলকে হারান ২ হাজার ৭০১ ভোটে।
কয়েকটি আসনে ব্যবধান ৫ হাজারের সামান্য বেশি হলেও রাজনৈতিকভাবে তা ছিল গুরুত্বপূর্ণ। হিঙ্গলগঞ্জে সন্দেশখালি ঘটনার আলোচিত মুখ রেখা পাত্র তৃণমূলের আনন্দ সরকারকে হারান ৫ হাজার ৪২১ ভোটে। অন্যদিকে কামারহাটিতে তৃণমূল নেতা মদন মিত্র বিজেপির অরূপ চৌধুরীর বিরুদ্ধে জয় ধরে রাখেন ৫ হাজার ৬৪৬ ভোটের ব্যবধানে।
সারাক্ষণ রিপোর্ট 



















