সংসদে সংযম, রাজপথে চাপ, কী কৌশলে এগোচ্ছে জামায়াত
প্রথম আলো,
প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে নতুন অবস্থানে দলটির রাজনীতি শুধু সংসদে সীমাবদ্ধ থাকছে না। সংসদে সরকারের সমালোচনা, রাজপথে ধারাবাহিক কর্মসূচি, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সংগঠন সম্প্রসারণ এবং আদালতে আইনি লড়াই—এই চার ক্ষেত্রকে সামনে রেখে এগোচ্ছে দলটি। এর মধ্য দিয়ে একদিকে দায়িত্বশীল সংসদীয় বিরোধী দলের ভাবমূর্তি গড়ে তুলতে চায় জামায়াত, অন্যদিকে আন্দোলনমুখী সমর্থকদের প্রত্যাশাও ধরে রাখতে চায়।
সংসদের দ্বিতীয় অধিবেশন পর্যন্ত সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা, একাধিক বিষয়ে আপত্তি এবং চারবার ওয়াকআউট করেছে জামায়াত।

জামায়াতের সংসদ সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাজেট, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, প্রশাসন ও বিচারব্যবস্থা নিয়ে নিয়মিত বক্তব্য দিচ্ছেন। জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিও সংসদে তুলছেন তাঁরা। দলটির নেতারা বলছেন, তাঁরা তথ্য-উপাত্তভিত্তিক সমালোচনা এবং বিকল্প মতামত উপস্থাপনের ওপর গুরুত্ব দিচ্ছেন। তবে সংশ্লিষ্ট কারও কারও মতে, প্রথমবারের মতো প্রধান বিরোধী দলের ভূমিকায় আসায় সংসদীয় রাজনীতিতে দলটির অভিজ্ঞতার ঘাটতি কিছু ক্ষেত্রে দৃশ্যমান হচ্ছে। সে কারণে সংসদ সদস্যদের বক্তব্য ও শব্দচয়ন নিয়েও বিতর্ক দেখা যাচ্ছে। সংসদ সদস্যদের জন্য বরাদ্দ ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও পর্দা দেওয়ার দাবি; জীবিত বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ বলে উল্লেখ করা নিয়ে সমালোচনা হয়েছে।
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গত সপ্তাহে প্রথম আলোকে বলেন, জামায়াতের ৬৮ জন সংসদ সদস্যের মধ্যে ৬৪ জনই প্রথমবারের মতো সংসদে গিয়েছেন। তাঁরা সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখছেন। তবে সংসদীয় রীতিনীতি ও কার্যপ্রণালি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরও কিছু ক্ষেত্রে বক্তব্য ও শব্দচয়নে ত্রুটি দেখা যাচ্ছে। এ বিষয়ে দলীয়ভাবে সতর্ক করা হয়েছে।
চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর
বিডি নিউজ২৪,
চীনা বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের বিনিয়োগকে মূল্যায়ন করা হবে, আপনাদের উদ্বেগ শোনা হবে এবং একটি অধিকতর সংবেদনশীল বিনিয়োগ ব্যবস্থার মাধ্যমে আপনাদের প্রবৃদ্ধিকে সমর্থন করা হবে।”
চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে বাংলাদেশে ভ্যালু চেইন সম্প্রসারণে চীনা কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি উন্নত করার জন্য কাজ চলছে জানিয়ে তিনি বলেছেন, “যাতে বিনিয়োগকারীরা আরও শক্তিশালী আস্থা, সুস্পষ্ট সুরক্ষা এবং বিনিয়োগের জন্য একটি আরও আধুনিক কাঠামো পেতে পারেন। শীর্ষ বিনিয়োগ প্রচার সংস্থা বিডার এখন চীনা বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষায়িত সম্পর্ক ব্যবস্থাপনা ডেস্ক রয়েছে।
“আপনারা যেমন দেখেছেন, চীনা বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষায়িত ওয়েবসাইটও রয়েছে, যাতে বিভিন্ন খাতের সুযোগ, প্রণোদনা এবং প্রক্রিয়াগুলো আরও সহজে পাওয়া যায়।”
ভরিতে সোনার গহনার দাম কমলো আরও ২২১৬ টাকা
জাগো নিউজ২৪,
দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমানোর প্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল (২৪ জুন) ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ৫ হাজার ৪৮২ টাকা। ফলে দুদিনে ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমলো ৭ হাজার ৬৯৮ টাকা।
নওগাঁ সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে ৯ জনকে ফেরত নিল বিএসএফ
আলোকিত বাংলাদেশ,
নওগাঁর পাতাড়ী সীমান্তে পুশইন চেষ্টায় ব্যর্থ হয়ে ৯ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য জানিয়েছে ১৬ বিজিবি ব্যাটালিয়ন।
১৬ বিজিবি জানায়, বুধবার সারাদিন সীমান্তের শূন্য লাইনের একশ গজ ভারত অভ্যন্তরে অবস্থান করছিল ৯ জন ব্যক্তি। কিন্তু এখন আর তাদের দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে রাতে বিএসএফ তাদের ভারতে ফিরিয়ে নিয়েছে।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, বুধবার রাত ৮টার দিকে হঠাৎ বিএসএফ সীমান্ত লাইট বন্ধ করে দেয়। পরে রাত ১০টার দিকে আবারও লাইট জ্বলে উঠে। কিন্তু তখন আর ওই ব্যাক্তিদের কাউকে সেখানে দেখা যায়নি।
তিনি জানান, সাধারণত বিএসএফের ভিন্ন উদ্দেশ্য থাকলে এভাবে সীমান্তের লাইট বন্ধ রাখে তারা। ধারণা করা হচ্ছে ওই সময় ওই ৯ জনকে তারা ভারতে ফিরিয়ে নিতে পারে।
নওগাঁ ১৬ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, নওগাঁর প্রতিটি সীমান্ত চৌকিতে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। অনুপ্রবেশের ঘটনা যে কোনোভাবে প্রতিহত করা হবে।
সারাক্ষণ ডেস্ক 



















