প্রস্তাবিত জাতীয় বাজেটে হালকা ট্রাকের আমদানি করা টায়ারের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাবকে ঘিরে টায়ার আমদানিকারকদের সমালোচনার জবাব দিয়েছে বাংলাদেশ টায়ার-টিউব ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিএমইএ)। সংগঠনটি বলেছে, আমদানিকারকদের অভিযোগ বিভ্রান্তিকর, অসম্পূর্ণ এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যহীন।
শনিবার এক বিবৃতিতে বিটিএমইএ জানায়, প্রস্তাবিত শুল্ক ব্যবস্থা দেশীয় শিল্পায়নকে সুরক্ষা দেবে, স্থানীয় কর্মসংস্থান রক্ষা করবে এবং বৈদেশিক মুদ্রার চাপ কমাতে সহায়তা করবে।
পরিবহন ব্যয় বৃদ্ধির দাবি নিয়ে পাল্টা বক্তব্য
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম টায়ার টিউব ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স গ্রুপ দাবি করে, নতুন শুল্ক আরোপ হলে টায়ারের দাম ও পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। তবে বিটিএমইএ বলছে, সাম্প্রতিক সময়ে টায়ারের দাম বৃদ্ধির প্রধান কারণ আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, দেশীয় উৎপাদকরা নয়।
সংগঠনটির তথ্য অনুযায়ী, ২০২৪ ও ২০২৫-২৬ সময়ে প্রাকৃতিক রাবারের আন্তর্জাতিক দাম ৫৫ থেকে ৭২ শতাংশ পর্যন্ত বেড়েছে। একই সময়ে সিনথেটিক রাবারের দাম বেড়েছে ২০ থেকে ৩০ শতাংশ। এছাড়া কার্বন ব্ল্যাক, নাইলন কর্ড ও বিড ওয়্যারের মতো গুরুত্বপূর্ণ কাঁচামালের দামও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
ডলারের দাম বৃদ্ধির প্রভাব
বিটিএমইএ আরও জানায়, টাকার বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার ২০২৩ সালে প্রায় ১০৭ টাকা থেকে বর্তমানে ১২২-১২৩ টাকায় পৌঁছেছে। এর ফলে কাঁচামাল ও অন্যান্য উপকরণ আমদানির খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা উৎপাদন ব্যয়ের ওপর সরাসরি প্রভাব ফেলছে।
টায়ারের আয়ুষ্কাল নিয়ে বিরোধ
আমদানিকারকদের দাবি ছিল, হালকা ট্রাকের টায়ার সাধারণত ৩০ থেকে ৪০ হাজার কিলোমিটার পর্যন্ত ব্যবহারযোগ্য। তবে বিটিএমইএ বলছে, স্থানীয় উৎপাদক ও আমদানিকারক উভয় পক্ষই সাধারণত ৭.৫০-১৬ মাপের টায়ারের জন্য অন্তত ৪০ হাজার কিলোমিটারের ওয়ারেন্টি দিয়ে থাকে।
এই হিসাব অনুযায়ী, প্রস্তাবিত সম্পূরক শুল্কের কারণে প্রতি ১০০ কিলোমিটার চলাচলে একটি টায়ারের অতিরিক্ত ব্যয় হবে মাত্র ৮ টাকা ২৭ পয়সা। ছয় চাকার একটি হালকা ট্রাকের ক্ষেত্রে এই ব্যয় দাঁড়াবে প্রতি ১০০ কিলোমিটারে প্রায় ৪৯ টাকা ৬২ পয়সা।

শুল্ক শুধু নির্দিষ্ট এক শ্রেণির টায়ারে
সংগঠনটি স্পষ্ট করেছে, প্রস্তাবিত ২০ শতাংশ সম্পূরক শুল্ক শুধুমাত্র নির্দিষ্ট এইচএস কোড ৪০১১.২০.০০-এর আওতাভুক্ত হালকা ট্রাকের টায়ারের ক্ষেত্রে প্রযোজ্য। দেশের অধিকাংশ পণ্য পরিবহনে ব্যবহৃত সাধারণ ট্রাক ও বাসের টায়ার এই ব্যবস্থার আওতায় পড়বে না।
আন্ডার-ইনভয়েসিং তদন্তের দাবি
বিটিএমইএ টায়ার আমদানির ঘোষিত মূল্য নিয়েও প্রশ্ন তুলেছে। সংগঠনটির দাবি, আমদানিকারকরা ৭.৫০-১৬ মাপের একটি টায়ারের আমদানি মূল্য প্রায় ৭০ মার্কিন ডলার বলে উল্লেখ করেছেন। কিন্তু প্রতি টায়ারের ওজন প্রায় ২৭ দশমিক ৫ কেজি হলে প্রতি কেজির মূল্য দাঁড়ায় মাত্র ২ দশমিক ৫৪ ডলার, যা আন্তর্জাতিক বাজারে কাঁচা প্রাকৃতিক রাবারের দামেরও নিচে।
তাদের অভিযোগ, প্রায় ৮ হাজার ৬১০ টাকা সমমূল্যে আমদানি হওয়া একটি টায়ার দেশীয় বাজারে ১৬ হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে এবং খুচরা পর্যায়ে এর দাম ২০ হাজার ৭০০ টাকা পর্যন্ত পৌঁছাচ্ছে। এ বিষয়ে প্রতিযোগিতা কমিশন ও ভ্যাট কর্তৃপক্ষকে তদন্তের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
দেশীয় শিল্পের সক্ষমতার দাবি
সিএনজি ও বৈদ্যুতিক তিন চাকার যানবাহনের ৪.০০-৮ টায়ার বাজারে একচেটিয়া আধিপত্যের অভিযোগও নাকচ করেছে বিটিএমইএ। সংগঠনটির ভাষ্য, এই খাতে আরএফএল টায়ার, এপেক্স হুসেইন টায়ার, রূপসা টায়ার, মেঘনা ইনোভা রাবার, জেস টায়ার ও এমটিএফ টায়ারসহ একাধিক দেশীয় প্রতিষ্ঠান প্রতিযোগিতামূলকভাবে ব্যবসা করছে।
এছাড়া কৃষি টায়ারের ক্ষেত্রে প্রস্তাবিত ভ্যাট সংস্কারকে স্বাগত জানিয়ে সংগঠনটি বলেছে, এর মাধ্যমে দীর্ঘদিনের নীতিগত বৈষম্য দূর হবে, যেখানে আমদানি করা পণ্য সুবিধা পেলেও দেশীয় উৎপাদিত টায়ার ভ্যাটের আওতায় ছিল।
ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলো নিজস্ব টায়ার শিল্প সুরক্ষায় সংরক্ষণমূলক শুল্কনীতি অনুসরণ করছে উল্লেখ করে বিটিএমইএ দাবি করেছে, বাংলাদেশের কারখানাগুলোর ১৬ ইঞ্চি হালকা ট্রাক টায়ারের জাতীয় চাহিদা পূরণের যথেষ্ট সক্ষমতা রয়েছে।
সংগঠনটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরীক্ষাগারে দেশীয় টায়ারের মান যাচাইয়ে সম্মতি জানিয়ে দেশীয় বিনিয়োগ, কর্মসংস্থান ও শিল্প প্রবৃদ্ধির স্বার্থে প্রস্তাবিত ২০ শতাংশ সম্পূরক শুল্ক বহাল রাখার আহ্বান জানিয়েছে।
দেশীয় টায়ার শিল্প সুরক্ষায় ২০% শুল্ক
দেশীয় টায়ার শিল্পের সুরক্ষায় হালকা ট্রাকের আমদানিকৃত টায়ারের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক বহালের পক্ষে অবস্থান নিয়েছে বিটিএমইএ। সংগঠনটির মতে, এতে কর্মসংস্থান ও শিল্প বিনিয়োগ সুরক্ষিত হবে।
সারাক্ষণ রিপোর্ট 


















