৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল: ২ হাজারের বেশি ক্যাডার পদ কেন ফাঁকা জানাল পিএসসি
প্রথম আলো,
৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফলাফল আজ রোববার প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৪৭তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন ও নন–ক্যাডারে ২০১ জনকে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে। সব মিলিয়ে মোট ১ হাজার ৫২১ প্রার্থী চূড়ান্ত নিয়োগের জন্য মনোনয়ন পেয়েছেন।
তবে ফলাফলে দেখা গেছে, বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের চেয়ে অর্ধেকের কম প্রার্থী ক্যাডার পদে সুপারিশ পেয়েছেন। ৪৭তম বিসিএসের মূল বিজ্ঞপ্তিতে মোট ক্যাডার পদ ছিল ৩ হাজার ৪৮৭টি। ফলে পদের বিপরীতে ২ হাজার ১৬৭টি ক্যাডার পদ ফাঁকা রয়ে গেছে।

বিজ্ঞপ্তির পদের চেয়ে এত বিপুলসংখ্যক প্রার্থী কম সুপারিশ পাওয়ার কারণ জানিয়েছে পিএসসি। কমিশন সূত্রে জানা গেছে, মূলত টেকনিক্যাল বা কারিগরি ক্যাডারগুলোয় প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন প্রার্থী পাওয়া যায়নি। শিক্ষা, চিকিৎসাকেন্দ্রিক পদ বা প্রকৌশল ক্যাডারের লিখিত ও মৌখিক পরীক্ষায় পিএসসির নির্ধারিত ন্যূনতম পাস নম্বর অনেকেই পাননি। উপযুক্ত প্রার্থী না পাওয়ায় এই পদগুলো পূরণ করা সম্ভব হয়নি।
এর আগে ৪৭তম বিসিএসের পরীক্ষার্থীরা ক্যাডার ও নন–ক্যাডার পদসংখ্যা বাড়ানোর জন্য দাবি করেছিলেন। প্রার্থীরা আশা করেছিলেন পূর্ববর্তী বিসিএসগুলোর মতো এবারও শূন্য পদ আরও বৃদ্ধি পাবে। কিন্তু পদ বৃদ্ধি তো দূরের কথা, টেকনিক্যাল ক্যাডারে যোগ্য প্রার্থীর অভাবে মূল বিজ্ঞপ্তির পদের একটি বড় অংশই কমিশনকে খালি রাখতে হয়েছে।
কুড়িগ্রামে বন্যার শঙ্কা, বাড়ছে নদীর পানি
কালের কণ্ঠ,
বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামের প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ৯টায় পাউবোর তথ্য অনুযায়ী, দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদীর পানি আজ সকাল ৯টায় ২৯ দশমিক ৮৩ মিটার রেকর্ড করা হয়েছে। এ পয়েন্টে বিপৎসীমা ২৯ দশমিক ৬০ মিটার। এ সময় ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়। সকাল থেকে এ পয়ে ন্টে ৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

ধরলা নদীর কুড়িগ্রাম পয়েন্টে পানি ২৫ দশমিক ৪৫ মিটার, যা বিপৎসীমার ৬০ সেন্টিমিটার নিচে। তালুক শিমুলবাড়ী পয়েন্টে পানি ৩০ দশমিক ৪৭ মিটার, যা বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচে রয়েছে। কুড়িগ্রামে ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড বলছে, সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া পয়েন্টে ২ সেন্টিমিটার, হাতিয়া পয়েন্টে ২ সেন্টিমিটার ও চিলমারী পয়েন্টে ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
লঞ্চডুবিতে ৩৪ মৃত্যু: বিচারের আশায় ৬ বছর পার
বিডি নিউজ২৪,
ছয় বছর আগে বুড়িগঙ্গায় লঞ্চ ডুবে ৩৪ জনের মৃত্যুর মামলার বিচার ৬ বছরেও শেষ হয়নি। কবে নাগাদ বিচার শেষ হবে তা নির্দিষ্ট করে বলতে পারছেন না সংশ্লিষ্টরা। স্বজন হারিয়ে বিচারের অপেক্ষায় দিন পার করছে ভূক্তভোগী পরিবারগুলো।
২০২০ সালের ২৯ জুন ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবিতে ৩৪ জনের মৃত্যুর ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দেয়।
এমএল মর্নিং বার্ড নামের ওই লঞ্চটি মুন্সিগঞ্জের কাঠপট্টি থেকে যাত্রী নিয়ে সদরঘাটের দিকে আসছিল। সকাল সোয়া ৯টার দিকে শ্যামবাজারের কাছে নদীতে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় সেটি ডুবে যায়।

‘অবহেলাজনিত মৃত্যু’ ঘটানোর অভিযোগ এনে ময়ূর-২ লঞ্চের মালিক, মাস্টারসহ সাতজনের বিরুদ্ধে ওইদিনই দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলা করেন নৌ-পুলিশ সদরঘাট থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শামসুল। পরের বছরের ২৩ ফেব্রুয়ারি ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হামিদ ছোয়াদসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সদরঘাট নৌ থানার এসআই শাহিদুল আলম।
অন্য আসামিরা হলেন-ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল বাশার মোল্লা, সহকারী মাস্টার জাকির হোসেন, চালক শিপন হাওলাদার, শাকিল হোসেন, সুকানি নাসির হোসেন মৃধা, গিজার হৃদয় হাওলাদার, সুপারভাইজার আব্দুস সালাম, সেলিম হোসেন হিরা, আবু সাঈদ ও দেলোয়ার হোসেন সরকার। আসামিরা সবাই উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।
সোনার গহনার দাম কমলো ৩২৬৬ টাকা
জাগো নিউজ২৪,
দেশের বাজারে সোনার গহনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমানো হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৭ জুন ভালো মানের এক ভরি সোনার গহনার দাম বাড়ানো হয় ৫ হাজার ৪৮২ টাকা। এই দাম বাড়ানোর দুদিনের মাথায় এখন আবার দাম কমানো হলো।
প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ
যুগান্তর,
প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (২৯ জুন) রাজধানীর শেরে বাংলা নগরের ‘বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র’ থেকে একযোগে দেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।
রোববার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা এবং প্রতি শিশুকে প্রতিবছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাঙ্গনে এই নতুন সবুজায়ন কর্মসূচি শুরু হয়েছে। এর আওতায় আগামী ৫ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শেরে বাংলা নগরের ‘বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে’ আয়োজিত মূল অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী দুপুর ২টায় মাধ্যমিক পর্যায়ের মোট ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসা রয়েছে।
এ কর্মসূচি সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে তা দুপুর ২টায় অনুষ্ঠিত হবে বলে আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, এই লক্ষ্য বাস্তবায়নে প্রতিবছর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ হাজার টাকা করে বিশেষ জলবায়ু সচেতনতা অনুদান প্রদান করা হচ্ছে। এ বছর কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ১টি ফলদ বৃক্ষ, ১টি বনজ বৃক্ষ ও ১টি ঔষধি বৃক্ষ রোপণ করা হবে।
পরীক্ষায় নকল করলে ৫ বছরের কারাদণ্ডের বিল সংসদে
আলোকিত বাংলাদেশ,
পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজি, পরীক্ষার ডেটাবেজে অননুমোদিত প্রবেশ, ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ এবং সংঘটিত পরীক্ষা অপরাধের শাস্তির বিধান রেখে একটি বিল জাতীয় সংসদে উঠেছে। সংসদ কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রোববার জাতীয় সংসদে ‘পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ উত্থাপন করেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

সংসদে উপস্থাপিত বিলটির উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, পাবলিক পরীক্ষায় নকল, প্রশ্নপত্র ফাঁস, জাল সার্টিফিকেট তৈরি এবং অন্যান্য অনিয়মসহ অসদুপায় অবলম্বন রোধে প্রায় ৪৫ বছর আগে বিদ্যমান ‘দি পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) অ্যাক্ট, ১৯৮০’ প্রণয়ন করা হয়। তবে বিলটিতে উল্লেখ করা হয়, প্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং ডিজিটাল মাধ্যমে পরীক্ষাসংক্রান্ত অপরাধ সংঘটনের ক্রমবর্ধমান প্রবণতার কারণে বিদ্যমান আইনের বেশ কয়েকটি ধারা এখন যুগোপযোগী নয়।
প্রস্তাবিত এ সংশোধনীর মাধ্যমে ডিজিটাল ব্যবস্থা এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সংঘটিত অপরাধগুলোকে আইনি কাঠামোর আওতায় এনে একটি সুষ্ঠু ও অসদুপায়মুক্ত পরীক্ষার পরিবেশ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত আইনের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন হলো ‘ডিজিটাল ম্যানিপুলেশন’ শব্দটির সংজ্ঞা অন্তর্ভুক্ত করা। এর আওতায় সাইবার অপরাধের মাধ্যমে পরীক্ষার ডেটাবেজে অননুমোদিত প্রবেশ এবং যেকোনো ধরনের ডিজিটাল কারসাজিকে অপরাধ হিসেবে গণ্য করা হবে।
সারাক্ষণ ডেস্ক 



















