গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নির্মিত একটি স্মৃতিতোরণে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাতে নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই দুর্বৃত্তরা তোরণটিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।
বঙ্গবন্ধুর সমাধিসৌধের পাশে নির্মিত হয় তোরণ
টুঙ্গিপাড়া পৌরসভা শাখা জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বিকেলে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেটের দক্ষিণ পাশে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান তোরণ’ নির্মাণ করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করেছিল সংগঠন দুটি। সেই কর্মসূচির অংশ হিসেবেই স্মৃতিতোরণটি তৈরি করা হয়।
সন্ধ্যার পর আগুন দেওয়ার অভিযোগ
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর অজ্ঞাত ব্যক্তিরা তোরণটিতে আগুন ধরিয়ে দেয়। এতে তোরণের নিচের অংশ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
দায়ীদের শনাক্তে চলছে তদন্ত
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছে।
তিনি বলেন, তোরণে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সারাক্ষণ রিপোর্ট 



















