ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন জনসাধারণকে ভিসা ও কনস্যুলার সেবার নামে সংঘটিত প্রতারণা সম্পর্কে সতর্ক করেছে। হাইকমিশন জানিয়েছে, কিছু প্রতারক নিজেদের হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন, বার্তা বা অন্যান্য মাধ্যমে যোগাযোগ করে অর্থের বিনিময়ে ভিসা বা বিভিন্ন কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাচ্ছে।
শুক্রবার প্রকাশিত এক সতর্কবার্তায় হাইকমিশন জানায়, এ ধরনের প্রতারণার বিষয়ে তাদের কাছে একাধিক অভিযোগ এসেছে। অভিযোগে বলা হয়েছে, প্রতারকরা নিজেদের সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে।
হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনোই ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম বা ই-মেইলের মাধ্যমে কারও সঙ্গে যোগাযোগ করে ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দেন না কিংবা ভিসা বা কনস্যুলার সেবার জন্য অর্থ দাবি করেন না।
তারা আরও জানায়, সব ধরনের ভিসা আবেদন নির্ধারিত নিয়ম ও আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করেই নিষ্পত্তি করা হয়। তাই দ্রুত ভিসা পাইয়ে দেওয়ার আশ্বাস, বিশেষ সুবিধার প্রতিশ্রুতি বা অতিরিক্ত অর্থ দাবি—এসবই প্রতারণার লক্ষণ হতে পারে।
ব্যক্তিগত তথ্য ও অর্থ লেনদেনে সতর্ক থাকার আহ্বান
হাইকমিশন জনগণকে পরামর্শ দিয়েছে, এ ধরনের ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অবস্থাতেই অর্থ পাঠানো যাবে না। একই সঙ্গে ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের তথ্য, ব্যাংক হিসাব বা আর্থিক তথ্যও অপরিচিত কারও সঙ্গে ভাগ না করার আহ্বান জানানো হয়েছে।
প্রতারণার অভিযোগ দ্রুত জানান
যারা এমন প্রতারণার শিকার হয়েছেন বা হওয়ার আশঙ্কা রয়েছে, তাদের দ্রুত ভারতীয় হাইকমিশন, ঢাকাকে ই-মেইলের মাধ্যমে বিষয়টি জানাতে বলা হয়েছে। অভিযোগের সঙ্গে প্রতারকের ফোন নম্বর, কথোপকথনের স্ক্রিনশট এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য সংযুক্ত করার অনুরোধ জানিয়েছে হাইকমিশন।
সাধারণ মানুষকে সব সময় সতর্ক থাকার পাশাপাশি এ ধরনের প্রতারণা সম্পর্কে অন্যদেরও সচেতন করতে আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন। তাদের মতে, সচেতনতা বাড়লে এ ধরনের প্রতারণা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
ভিসার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ভারতীয় হাইকমিশনের বার্তা।
সারাক্ষণ রিপোর্ট 


















