সিলেটের বিশ্বনাথে মাজারের নিয়মিত গানের আসরে বৃহস্পতিবার রাতে দর্শকদের মুগ্ধ করেছিলেন ১৭ বছর বয়সী বাউল শিল্পী পেহেলি ভৈরবী। কিন্তু সেই রাতের অনুষ্ঠানই হয়ে থাকল তার জীবনের শেষ গানের আসর। অনুষ্ঠান শেষে বাবার সঙ্গে বাসে করে বাড়ি ফেরার পথে শুক্রবার সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। একই দুর্ঘটনায় আরও আটজন নিহত হয়েছেন।
ভৈরবে আর ফেরা হলো না
নিহত পেহেলি ভৈরবী কিশোরগঞ্জের ভৈরব থানার চন্ডিবের এলাকার বাবুল মিয়ার মেয়ে। বৃহস্পতিবার রাতে বাবার সঙ্গে তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার হযরত ছাবাল শাহ (রহ.) মাজারে যান। সেখানে মাসিক দোয়া মাহফিল শেষে আয়োজিত গানের অনুষ্ঠানে অংশ নেন তিনি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পেহেলির গান শুনে উপস্থিত দর্শকরা মুগ্ধ হন। কেউ কেউ তার গানের ভিডিও ধারণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারও করেন। আগেও ওই মাজারে গান গেয়েছিলেন তিনি।

গানের আসরের পর শুক্রবার সকালে বাবার সঙ্গে বাসে করে গ্রামের বাড়ি ভৈরবে ফিরছিলেন পেহেলি। কিন্তু সেই যাত্রা আর শেষ হয়নি।
মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত
শুক্রবার সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পেহেলি ভৈরবীসহ মোট নয়জন নিহত হন।
নিহত অন্যরা হলেন কিশোরগঞ্জের কুলিয়ারচরের সাইফুল ইসলাম (৫০), সিলেটের দক্ষিণ সুরমার তিন বছর বয়সী ফাইজা, সিলেট নগরীর সপ্তম রায় প্রিতম (২২), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আবুল হোসেন (৪৪), সিলেটের জৈন্তাপুরের আরমান (১৯), কুমিল্লার সানিয়াদ জাহাঙ্গীর সৌরভ (৩৯), ব্রাহ্মণবাড়িয়া সদরের মো. সাইফুল ইসলাম ইমন এবং কিশোরগঞ্জের নিকলীর রুবেল সূত্রধর (৩৭)।
শোকাহত গানের আসরের দর্শক
বিশ্বনাথের বাসিন্দা আবুল হোসেন জানান, তিনি বৃহস্পতিবারের গানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পেহেলির বেশ কিছু ভিডিও ধারণ করার পাশাপাশি অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারও করেছিলেন। সকালে তার মৃত্যুর খবর শুনে তিনি ভীষণ মর্মাহত হন।

মাজারের শৃঙ্খলার দায়িত্বে থাকা সোহল আহমদ জানান, প্রতি মাসে এক দিন সেখানে দোয়া মাহফিল হয়। পরে দূর-দূরান্ত থেকে আসা মানুষের জন্য গানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পেহেলি বাবার সঙ্গে মাজারে গান গাইতে এসেছিলেন।
তিনি জানান, গানের শিল্পীদের আনা-নেওয়ার বিষয়টি জাহাঙ্গীর মিয়া দেখভাল করেন। বৃহস্পতিবার রাতে আসা শিল্পীরা একটি গাড়িতে করে ভোরের দিকে সিলেটের উদ্দেশে রওনা হন। পরে পেহেলির দুর্ঘটনায় মৃত্যুর খবর আসে।
দুর্ঘটনার তদন্ত ও মরদেহ হস্তান্তর
শেরপুর হাইওয়ে পুলিশের ওসি আনিসুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত নয়জনের পরিচয় শনাক্ত হয়েছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
পেহেলি ভৈরবীর আকস্মিক মৃত্যুতে তার গানের শ্রোতা ও পরিচিতজনদের মধ্যে শোক নেমে এসেছে। যে গানের আসরে তিনি শেষবারের মতো দর্শকদের মুগ্ধ করেছিলেন, সেই রাত পেরোতেই তার বাড়ি ফেরার পথ থেমে গেল চিরতরে।
সারাক্ষণ রিপোর্ট 


















