ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই হাজতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার রাতে পৃথক সময়ে তাদের মৃত্যু হয়।
মৃত দুজন হলেন—মিরপুরের পীরেরবাগ এলাকার মাহবুব আলমের ছেলে মোহাম্মদ ইফতেখার মাহমুদ (৩৬) এবং রাজধানীর দারুস সালাম থানার বাগবাড়ী এলাকার আলী হোসেনের ছেলে মোহাম্মদ তোফাজ্জল হোসেন পলাশ (৩৮)।
কারাগারের প্রহরী আমিনুল ইসলাম জানান, গত ১৯ সেপ্টেম্বর কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইফতেখার মাহমুদ। পরে সেদিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মেডিসিন বিভাগে ভর্তি রেখে তার চিকিৎসা চলছিল। বুধবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে, বুধবার রাতে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন তোফাজ্জল হোসেন পলাশ। কারাগারের আরেক প্রহরী মাসুম জানান, রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কী মামলায় বা কী অভিযোগে ইফতেখার মাহমুদ ও তোফাজ্জল হোসেন পলাশকে কারাগারে রাখা হয়েছিল, সে বিষয়ে কারা কর্তৃপক্ষ কোনো তথ্য জানায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে।












