বাংলাদেশে নিবন্ধিত মোট ভোটারের সংখ্যা বেড়ে ১২ কোটি ৮৬ লাখ ছাড়িয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ হিসাব অনুযায়ী, ৩১ জুলাই পর্যন্ত দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসি জানিয়েছে, গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত নতুন করে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার তালিকায় যুক্ত হয়েছেন। এর আগে মে মাসে ভোটার তালিকা হালনাগাদের সময় দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।
স্থানীয় নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। ইসি ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার নিবন্ধনের সুযোগ দিয়েছিল। ওই সময়সীমার মধ্যে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তারা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য হবেন।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের তফসিলে কোনো পরিবর্তন হলে অথবা ভোটার নিবন্ধন নিয়ে কমিশন নতুন কোনো সিদ্ধান্ত নিলে তা সম্পূরক ভোটার তালিকার মাধ্যমে যুক্ত করা হবে।
স্থানীয় সরকার নির্বাচনের জন্য আচরণবিধির খসড়া
এদিকে সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আচরণবিধির খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
ইসি জানিয়েছে, সংশ্লিষ্ট আইন সংশোধনের সুপারিশ এখনো পাঠানো হয়নি। এ সংক্রান্ত নথি প্রক্রিয়াধীন রয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হলে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান ইসির সিনিয়র সচিব।
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু
এর পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণও শুরু হয়েছে। ইসি সূত্রে জানা গেছে, রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
ইসির সিনিয়র সচিব বলেন, এখন পর্যন্ত অন্য কোনো দল কমিশন থেকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেনি।
সারাক্ষণ রিপোর্ট 



















