ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নারী মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগের প্রতিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
নিহত যুবকের নাম সানি ব্যাপারী। তিনি ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী গ্রামের আতিয়ার ব্যাপারীর ছেলে।
ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগ ঘিরে উত্তেজনা
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভাঙ্গার হযরত ফাতেমাতুজ্জাহরা (রা.) মহিলা মাদ্রাসার কয়েকজন ছাত্রীকে স্থানীয় যুবক জিহাদ মাতুব্বর দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভ তৈরি হয়।

সোমবার সকালে মাদ্রাসার মুহতামিম মুফতি মনির ব্যাপারী জিহাদের আচরণের প্রতিবাদ জানান। এ ঘটনাকে কেন্দ্র করে মুফতি মনির ব্যাপারীর পক্ষ এবং বাশার মাতুব্বরের পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘণ্টাব্যাপী সংঘর্ষ, প্রাণ গেল সানি ব্যাপারীর
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ব্যবহার করে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সংঘর্ষের সময় সানি ব্যাপারী গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আহত ১২ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের নিয়ন্ত্রণে পরিস্থিতি
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 


















