বিশ্ব রাজনীতিতে অবকাঠামো কখনোই শুধু অবকাঠামো থাকে না। একটি রেললাইন, সমুদ্রবন্দর কিংবা ফাইবার-অপটিক কেবল—প্রতিটির ভেতরেই লুকিয়ে থাকে অর্থনীতি, নিরাপত্তা এবং ভূরাজনীতির দীর্ঘমেয়াদি হিসাব। আফ্রিকার লোবিতো করিডরকে ঘিরে সাম্প্রতিক তৎপরতা সেই বাস্তবতাকেই নতুন করে সামনে এনেছে।
জুলাইয়ের শুরুতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশন এবং দক্ষিণ আফ্রিকার ডেভেলপমেন্ট ব্যাংক মিলে লোবিতো করিডর আধুনিকায়নে ৭৫৩ মিলিয়ন ডলারের অর্থায়ন প্যাকেজ সম্পন্ন করেছে। অ্যাঙ্গোলার আটলান্টিক উপকূলের লোবিতো বন্দর থেকে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র হয়ে জাম্বিয়া পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে এই রেলপথের। এর কয়েক দিনের মধ্যেই কঙ্গো তাদের ভূখণ্ডের অংশের রেলপথ পুনর্বাসনে পর্তুগিজ প্রকৌশল প্রতিষ্ঠান মোটা-এঙ্গিলের সঙ্গে অংশীদারত্বের অনুমোদন দিয়েছে।
দৃশ্যত এটি আফ্রিকার একটি পরিবহন প্রকল্প। কিন্তু এর গুরুত্ব অনেক বড়। কারণ একই সময়ে কঙ্গো চীনের সঙ্গে কঙ্গো নদী বরাবর প্রায় ২ হাজার ১০০ কিলোমিটার দীর্ঘ ফাইবার-অপটিক নেটওয়ার্ক তৈরির বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। একটি প্রকল্প খনিজ পরিবহনকে সহজ করবে, অন্যটি তথ্যপ্রবাহের অবকাঠামো গড়ে তুলবে। কিন্তু বাস্তবে এই দুটি উদ্যোগ একই বৈশ্বিক প্রতিযোগিতার দুই দিক।
খনিজের পথ থেকে তথ্যের পথ
লোবিতো করিডরের মূল গুরুত্ব এর সঙ্গে যুক্ত সম্পদে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র বিশ্বের সবচেয়ে বড় কোবাল্ট উৎপাদক, আর জাম্বিয়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তামা উৎপাদক। বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি থেকে শুরু করে সেমিকন্ডাক্টর, ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানি এবং আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি—একবিংশ শতাব্দীর বহু গুরুত্বপূর্ণ শিল্পই এসব খনিজের ওপর নির্ভরশীল।
ফলে তামা বা কোবাল্ট এখন কেবল বাজারে কেনাবেচা হওয়া পণ্য নয়। এগুলো প্রযুক্তিগত সক্ষমতা, শিল্প প্রতিযোগিতা এবং জাতীয় নিরাপত্তার অংশ হয়ে উঠেছে।
তবে এখানেই প্রতিযোগিতার নতুন মাত্রাটি বোঝা জরুরি। আধুনিক খনি থেকে শুধু আকরিক বের হয় না; বিপুল পরিমাণ তথ্যও তৈরি হয়। একটি খনিজ কোথায় পাওয়া গেল, তার মজুত কত, মান কেমন, কার মালিকানাধীন, কোন লাইসেন্সের অধীনে উত্তোলন হচ্ছে, কত উৎপাদন হয়েছে, কোথায় পাঠানো হচ্ছে, কী পরিমাণ কর ও রয়্যালটি দেওয়া হয়েছে, পরিবেশগত নিয়ম মানা হয়েছে কি না—সবকিছুই এখন ডিজিটাল নথির অংশ।
খনি থেকে রেলপথ, রেলপথ থেকে বন্দর, বন্দর থেকে জাহাজ এবং সেখান থেকে শিল্পকারখানা—পুরো সরবরাহ শৃঙ্খলই তথ্যের মাধ্যমে সংযুক্ত। ফলে একটি খনিজের সঙ্গে এখন তার উৎস, পরিবহন, মালিকানা, মান, আইনগত অবস্থান ও পরিবেশগত দায়বদ্ধতার তথ্যও চলাচল করে।
এ কারণেই ভবিষ্যতের বাণিজ্যে শুধু পণ্য পরিবহন করাই যথেষ্ট হবে না। পণ্যটির পরিচয় ও যাত্রাপথও বিশ্বাসযোগ্যভাবে প্রমাণ করতে হবে।
রেললাইন ও ফাইবার-অপটিকের একই কৌশলগত গুরুত্ব
এই বাস্তবতায় লোবিতো করিডরের রেলপথ এবং কঙ্গোর ফাইবার-অপটিক নেটওয়ার্ককে আলাদা প্রকল্প হিসেবে দেখা ভুল হবে। রেলপথ খনিজ বহন করে; ডিজিটাল নেটওয়ার্ক সেই খনিজের সঙ্গে যুক্ত তথ্য বহন করে।
একটি আন্তর্জাতিক কোম্পানি যদি কঙ্গো থেকে কোবাল্ট কিনে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরি করতে চায়, তাহলে শুধু কোবাল্টের পরিমাণ বা বিশুদ্ধতা জানলেই হবে না। তাকে নিশ্চিত হতে হবে—খনিজটি সংঘাতপূর্ণ এলাকা থেকে আসেনি, শিশুশ্রমের মাধ্যমে উৎপাদিত হয়নি, পরিবেশগত বিধি মেনে উত্তোলন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর ও রয়্যালটি পরিশোধ করা হয়েছে।
এই তথ্য যাচাই করা না গেলে ভালো মানের খনিজও আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা হারাতে পারে।
এখানেই ডেটা অবকাঠামো অর্থনৈতিক শক্তির নতুন উৎস হয়ে উঠছে।
যুক্তরাষ্ট্রের কৌশল: নিয়ম নির্ধারণের ক্ষমতা
যুক্তরাষ্ট্র ও তার অংশীদারদের লক্ষ্যকে শুধু আফ্রিকার খনিজ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখলে পুরো চিত্রটি ধরা পড়বে না। তাদের বড় লক্ষ্য হলো এমন একটি ব্যবস্থা গড়ে তোলা, যেখানে খনিজের উৎস, পরিবহন এবং উৎপাদন সম্পর্কিত তথ্য আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য পদ্ধতিতে সংগ্রহ, যাচাই ও বিনিময় করা যায়।
অর্থাৎ ওয়াশিংটনের প্রভাবের একটি বড় ক্ষেত্র হতে পারে নিয়ম ও মানদণ্ড নির্ধারণ।
কোন তথ্যকে গ্রহণযোগ্য ধরা হবে? কীভাবে তা যাচাই করা হবে? কোন ধরনের সার্টিফিকেশন আন্তর্জাতিক বাজারে স্বীকৃতি পাবে? কোন সরবরাহকারীকে পরিবেশগত ও শ্রমমান পূরণকারী হিসেবে বিবেচনা করা হবে? এসব প্রশ্নের উত্তর যদি কোনো একটি শক্তি বা তার অংশীদারদের নির্ধারিত ব্যবস্থার ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে সেই শক্তি খনি মালিক না হয়েও বৈশ্বিক বাণিজ্যে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করতে পারে।
এটি ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। অতীতে সম্পদের ওপর নিয়ন্ত্রণ মানেই ছিল খনি, তেলক্ষেত্র বা বন্দর নিয়ন্ত্রণ করা। এখন সম্পদের সঙ্গে যুক্ত তথ্যের সংজ্ঞা, মানদণ্ড ও যাচাইব্যবস্থার ওপর প্রভাবও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

চীনের কৌশল: নেটওয়ার্কের ভেতর দীর্ঘমেয়াদি উপস্থিতি
চীনের পদ্ধতিটি কিছুটা ভিন্ন। গত দুই দশকে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে বেইজিং আফ্রিকা ও অন্যান্য অঞ্চলে শুধু খনি নয়, বন্দর, রেলপথ, সড়ক, শিল্পাঞ্চল, টেলিযোগাযোগ ও লজিস্টিক অবকাঠামোতেও বড় বিনিয়োগ করেছে।
এর ফলে চীনের শক্তি শুধু কোনো নির্দিষ্ট খনিজ উত্তোলনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। খনিজ উত্তোলন থেকে পরিবহন, বন্দর ব্যবস্থাপনা, যোগাযোগ এবং শিল্পপ্রক্রিয়া—একটি সমন্বিত অবকাঠামোগত পরিবেশ তৈরি হচ্ছে।
কঙ্গোর প্রস্তাবিত ফাইবার-অপটিক নেটওয়ার্ককে এই বৃহত্তর কাঠামোর মধ্যেই দেখা প্রয়োজন। এটি কেবল সাধারণ ইন্টারনেট সংযোগ বাড়ানোর প্রকল্প নয়। খনি, পরিবহন, বন্দর, কাস্টমস ও উৎপাদনব্যবস্থার মধ্যে দ্রুত তথ্য বিনিময়ের জন্য এমন নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
চীনের কৌশল তাই শুধু সম্পদ পাওয়ার নয়; বরং সম্পদ যে নেটওয়ার্কের মধ্য দিয়ে উত্তোলিত, পরিবাহিত, প্রক্রিয়াজাত ও বাজারজাত হয়, সেই নেটওয়ার্কের অপরিহার্য অংশ হয়ে ওঠা।
একদিকে নিয়ম, অন্যদিকে নেটওয়ার্ক
যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতাকে তাই ‘এক পক্ষ খনিজের জন্য লড়ছে, অন্য পক্ষ ডেটার জন্য’—এভাবে সরলীকরণ করা যাবে না। উভয় দেশই ভৌত ও ডিজিটাল অবকাঠামোর গুরুত্ব বুঝছে। পার্থক্যটি তাদের প্রভাব বিস্তারের পদ্ধতিতে।
যুক্তরাষ্ট্রের কৌশলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড, সরবরাহ শৃঙ্খলের স্বচ্ছতা, উৎস শনাক্তকরণ এবং বাজারে প্রবেশের শর্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তারা বৈশ্বিক বাণিজ্যের নিয়মকে প্রভাবিত করতে চায়।
চীন তুলনামূলকভাবে অবকাঠামোগত সংযোগের ওপর বেশি জোর দিয়ে এমন একটি পরিবেশ তৈরি করছে, যেখানে খনি, পরিবহন, যোগাযোগ, শিল্প ও বাজার একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। এর ফলে চীনা প্রযুক্তি, কোম্পানি ও অবকাঠামো দীর্ঘমেয়াদে সংশ্লিষ্ট অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।
দুই পদ্ধতিই ভিন্ন ধরনের ক্ষমতা তৈরি করে। এক পক্ষ নিয়মকে প্রভাবিত করে, অন্য পক্ষ নেটওয়ার্ককে। কিন্তু বাস্তবে দুটিই একই লক্ষ্যকে স্পর্শ করে—ভবিষ্যতের বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের ওপর প্রভাব বিস্তার।
আফ্রিকার জন্য এর অর্থ কী?
এই প্রতিযোগিতাকে শুধু বড় শক্তিগুলোর দ্বন্দ্ব হিসেবে দেখলে আফ্রিকার নিজস্ব কৌশলগত ভূমিকা আড়ালে পড়ে যাবে। বরং বর্তমান পরিস্থিতিতে আফ্রিকার দেশগুলোর দরকষাকষির ক্ষমতা আগের তুলনায় বাড়তে পারে।
যুক্তরাষ্ট্র, চীন এবং তাদের অংশীদাররা যখন একই সম্পদ ও অবকাঠামোর জন্য প্রতিযোগিতা করছে, তখন আফ্রিকান সরকারগুলো বিভিন্ন অংশীদারের কাছ থেকে বিনিয়োগ, প্রযুক্তি ও অবকাঠামোগত সুবিধা আদায়ের সুযোগ পাচ্ছে। তবে এই সুযোগ কাজে লাগাতে হলে তাদের নিজেদের ডেটা, সম্পদ ও নীতিনির্ধারণী সক্ষমতার ওপর নিয়ন্ত্রণ শক্তিশালী করতে হবে।
কারণ অবকাঠামো যে পক্ষই নির্মাণ করুক, তার দীর্ঘমেয়াদি প্রভাব নির্ভর করবে স্থানীয় প্রতিষ্ঠান কতটা সক্ষম, তথ্যের মালিকানা কার হাতে এবং নিয়ম তৈরির ক্ষমতা কতটা জাতীয় স্বার্থে ব্যবহার করা হচ্ছে তার ওপর।

নতুন প্রতিযোগিতা শুধু আফ্রিকায় সীমাবদ্ধ থাকবে না
লোবিতো করিডরের শিক্ষা আফ্রিকার সীমানা ছাড়িয়ে যায়। মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশগুলোও বন্দর, লজিস্টিক কেন্দ্র, ডিজিটাল অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ খনিজ ঘিরে নিজেদের অবস্থান শক্তিশালী করছে।
মিসরের মতো দেশের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। সুয়েজ খালের কারণে বৈশ্বিক বাণিজ্যে তার ভৌগোলিক গুরুত্ব দীর্ঘদিনের। কিন্তু ভবিষ্যতের বাণিজ্যে শুধু ভৌগোলিক অবস্থান যথেষ্ট নাও হতে পারে।
জাহাজ কোন পথে যাবে—এই প্রশ্নের পাশাপাশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে পণ্য সম্পর্কে তথ্য কোথায় থাকবে, কীভাবে তা যাচাই হবে, কোন ডিজিটাল ব্যবস্থা সেই তথ্য বহন করবে এবং কোন প্রযুক্তি পুরো সরবরাহ শৃঙ্খল পরিচালনা করবে।
অর্থাৎ আগামী দিনের বন্দর শুধু জাহাজ গ্রহণ করবে না; বিপুল পরিমাণ ডেটাও গ্রহণ, বিশ্লেষণ ও বিনিময় করবে। স্মার্ট লজিস্টিকস, ডেটা সেন্টার এবং দ্রুত ডিজিটাল যোগাযোগব্যবস্থা তাই বন্দর ও বাণিজ্য অবকাঠামোর অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে।
নতুন বিশ্বব্যবস্থার নীরব লড়াই
এই প্রতিযোগিতাকে নতুন ধরনের উপনিবেশবাদ বলে এক কথায় চিহ্নিত করা যেমন অতিসরলীকরণ, তেমনি বড় শক্তিগুলোর কৌশলগত স্বার্থকে উপেক্ষা করাও বাস্তবতাবিবর্জিত। চীন নিজেকে দীর্ঘমেয়াদি অবকাঠামো ও বিনিয়োগ অংশীদার হিসেবে তুলে ধরে। পশ্চিমা দেশগুলো স্বচ্ছতা, সুশাসন ও আন্তর্জাতিক মানদণ্ডকে গুরুত্ব দেয়। আফ্রিকার দেশগুলোর সামনে এখন এই দুই মডেলের মধ্যে নিজেদের স্বার্থে সবচেয়ে কার্যকর ভারসাম্য খুঁজে নেওয়ার সুযোগ রয়েছে।
লোবিতো করিডরের প্রকৃত তাৎপর্য এখানেই। এটি শুধু খনিজ পরিবহনের রেলপথ নয়। একইভাবে ফাইবার-অপটিক কেবলও শুধু ইন্টারনেট সংযোগের মাধ্যম নয়। উভয়ই ভবিষ্যতের অর্থনৈতিক ক্ষমতার অবকাঠামো।
বিশ শতকের ভূরাজনীতি অনেকাংশে তেলক্ষেত্র, খনি ও কাঁচামালের নিয়ন্ত্রণকে ঘিরে আবর্তিত হয়েছে। একবিংশ শতাব্দীতে সেই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন একটি স্তর—সম্পদের তথ্য কে নিয়ন্ত্রণ করবে, সেই তথ্যের মানদণ্ড কে নির্ধারণ করবে এবং কোন ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে বৈশ্বিক বাজারে সম্পদ প্রবাহিত হবে।
এ কারণেই ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হয়তো শুধু সেই রাষ্ট্র হবে না, যার হাতে সবচেয়ে বেশি খনিজ সম্পদ রয়েছে। বরং এগিয়ে থাকবে সেই দেশ বা জোট, যারা সম্পদ, তথ্য, পরিবহন ও বাজারকে একই ব্যবস্থার মধ্যে যুক্ত করতে পারবে এবং সেই ব্যবস্থার নিয়মও নির্ধারণ করতে পারবে।
লোবিতো করিডর সেই পরিবর্তনের একটি দৃশ্যমান উদাহরণ মাত্র। এর আড়ালে যে প্রতিযোগিতা চলছে, তা আসলে আগামী দিনের বৈশ্বিক অর্থনীতির কাঠামো কে নির্মাণ করবে—সেই প্রশ্নের উত্তর খোঁজার লড়াই।
ড. মারওয়া এল-শিনাওয়ি 


















