চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় এক ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ‘রায়হান’ পরিচয়ে একটি বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ব্যবসায়ী মাকসুদ চৌধুরীকে ফোন করে এ হুমকি দেওয়া হয়। চাঁদা না দিলে তাঁর ছেলে, মেয়ে ও নাতির লাশ সড়কে পড়ে থাকবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
৩১ আগস্ট মোজাফফরনগর এলাকার ব্যবসায়ী মাকসুদ চৌধুরীকে হোয়াটসঅ্যাপে ফোন করে চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী মাহফুজা রুনা বৃহস্পতিবার বায়েজিদ বোস্তামী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। শুক্রবার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং হুমকিদাতাদের শনাক্তের চেষ্টা চলছে।
চাঁদা না দিলে হত্যার হুমকি
জিডিতে মাহফুজা রুনা উল্লেখ করেন, তাঁর স্বামীকে হোয়াটসঅ্যাপে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে ছেলে ও মেয়েকে হত্যা এবং পুরো পরিবারের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে।
হুমকিদাতা নিজেকে ‘রায়হান’ পরিচয় দিয়ে ব্যবসায়ীকে নজরদারির কথাও বলে। কোথায় যাওয়া-আসা করছেন, কী করছেন—সবকিছু তার লোকজন দেখছে বলে দাবি করা হয়। দ্রুত টাকা না দিলে ব্যবসায়ীর ছেলেকে তুলে নিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।
জিডিতে আরও বলা হয়, হুমকিদাতা নিজেকে এমন একজন হিসেবে উপস্থাপন করেন, যিনি তাঁর কথামতো কাজ করেন এবং কোনো সুপারিশেই তাঁকে ঠেকানো যাবে না। পরিবারের সদস্যদের লাশ নিয়ে কূল পাওয়ার মতো পরিস্থিতি তৈরি করারও হুমকি দেওয়া হয়।
ভয়ে ব্যবসায়ী পরিবার
ব্যবসায়ী মাকসুদ চৌধুরী বলেন, একের পর এক ফোন করে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। এসব ঘটনায় তাঁর পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। তিনি হুমকিদাতাদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। মাকসুদ বলেন, তিনি বর্তমানে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন, ব্যবসা করেন।
বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল জানান, চাঁদা দাবি ও হুমকির ঘটনায় জিডি হয়েছে। পুলিশ এর তদন্ত শুরু করেছে এবং কারা এসব হুমকি দিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।
চট্টগ্রামে চাঁদা দাবির আরও অভিযোগ
এর আগে ১১ আগস্ট নগরের হামজারবাগে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে একটি ভবনের ফটকে গুলি করার অভিযোগ ওঠে সন্ত্রাসীদের বিরুদ্ধে। এর আগে ভবন মালিকের ছেলেকে হোয়াটসঅ্যাপে অডিও বার্তা পাঠিয়ে এক ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা দিতে বলা হয়েছিল। পরে রাতে ভবনটিতে গুলি চালানো হয়। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে।
এরও আগে ১৩ জুলাই দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড় এলাকায় ব্যবসায়ী জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে একই চক্রের বিরুদ্ধে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আলোচিত ব্যবসায়ী মাকসুদ চৌধুরীর বিরুদ্ধেও মোজাফফরনগর এলাকায় সাধারণ মানুষকে হুমকি, জমিজমা নিয়ে বিরোধসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে ব্যবসায়ীকে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ‘রায়হান’ পরিচয়ে দেওয়া এই হুমকির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
সারাক্ষণ রিপোর্ট 


















