পরিচ্ছন্নতা, নিয়ম মেনে চলা কিংবা কাজ নিখুঁতভাবে শেষ করার অভ্যাসকে সাধারণত ইতিবাচক গুণ হিসেবেই দেখা হয়। কেউ ঘর গোছানো রাখেন, কেউ বারবার দরজার তালা পরীক্ষা করেন, আবার কেউ হাত ধোয়ার ব্যাপারে অতিরিক্ত সতর্ক। এসব আচরণকে অনেক সময় ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, শৃঙ্খলাবোধ কিংবা পরিপাটির প্রতি ভালোবাসা বলে ধরে নেওয়া হয়। কিন্তু কোনো অভ্যাস যখন মানুষের ইচ্ছার নিয়ন্ত্রণ ছাড়িয়ে যায়, দৈনন্দিন জীবনকে সংকুচিত করে এবং না করতে পারলে তীব্র উদ্বেগ তৈরি করে, তখন সেটি আর সাধারণ অভ্যাস থাকে না। এর পেছনে থাকতে পারে অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার বা ওসিডি।
ওসিডি এমন এক মানসিক অবস্থা, যেখানে অনাকাঙ্ক্ষিত ও বারবার ফিরে আসা চিন্তা মানুষকে অস্থির করে তোলে। সেই অস্বস্তি কমাতে আক্রান্ত ব্যক্তি নির্দিষ্ট কিছু কাজ বারবার করতে বাধ্য বোধ করেন। কাজগুলো যে অযৌক্তিক বা অতিরিক্ত, তা অনেক সময় তিনি নিজেও বুঝতে পারেন। কিন্তু না করে থাকতে পারেন না। ফলে যে আচরণ সাময়িক স্বস্তি দেয়, সেটিই ধীরে ধীরে তাঁর জীবনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
অভ্যাস ও অসুস্থতার মধ্যবর্তী সীমারেখা
হলিউডের চলচ্চিত্র ‘ম্যাচস্টিক মেন’-এর প্রধান চরিত্র রয় ওয়ালারকে এই মানসিক অবস্থার একটি নাটকীয় উদাহরণ হিসেবে দেখা যায়। অভিনেতা নিকোলাস কেজ অভিনীত চরিত্রটি পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার বিষয়ে এতটাই আচ্ছন্ন যে, ঘর থেকে বের হওয়াও তার জন্য কঠিন হয়ে পড়ে। কার্পেট পরিষ্কার করা, পোশাক নির্দিষ্টভাবে সাজানো কিংবা প্রতিটি জিনিস যথাস্থানে রাখার প্রবণতা চলচ্চিত্রে কখনো হাস্যরসের উপাদান হয়ে উঠেছে। কিন্তু বাস্তব জীবনে এ ধরনের আচরণের পেছনে যে মানসিক যন্ত্রণা থাকতে পারে, তা মোটেও হাস্যরসের বিষয় নয়।
কেউ বারবার হাত ধুচ্ছেন, দরজার তালা পরীক্ষা করছেন কিংবা একই প্রার্থনা পুনরাবৃত্তি করছেন—বাইরে থেকে এসব আচরণকে অদ্ভুত বা অতিরিক্ত সতর্কতা মনে হতে পারে। কিন্তু আক্রান্ত ব্যক্তির কাছে এগুলো অনেক সময় অনিবার্য। কাজটি সম্পন্ন না করা পর্যন্ত তাঁর মনে ভয়, অস্বস্তি বা বিপদের আশঙ্কা কাজ করে। ফলে নিজের ইচ্ছার বিরুদ্ধেও তাঁকে একই কাজ আবার করতে হয়।
২০১৪ সালে চিকিৎসকদের জন্য প্রকাশিত এক আলোচনায় যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ জন গ্রান্ট ১৯ বছর বয়সী এক তরুণের ঘটনা তুলে ধরেছিলেন। ওই তরুণ দিনে প্রায় ১০০ বার হাত ধুতেন। অন্য কেউ স্পর্শ করেছে—এমন কোনো জিনিস ধরার আগে সেটি ভালোভাবে পরিষ্কার না করলে তাঁর পক্ষে স্বস্তি পাওয়া সম্ভব হতো না। জীবাণুতে আক্রান্ত হওয়ার ভয় তাঁকে নিজের ঘরে প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছিল। তিনি ঠিকমতো খেতে পারতেন না এবং মৃত্যুকামনাও প্রকাশ করেছিলেন। তাঁর বাবার বর্ণনা অনুযায়ী, মাত্র দুই বছরের মধ্যে এই সমস্যা তাঁকে প্রায় সম্পূর্ণ অক্ষম করে তোলে।
এ ধরনের ঘটনা দেখায়, ওসিডি কেবল পরিচ্ছন্নতার প্রতি অতিরিক্ত আগ্রহ নয়। এটি মানুষের সামাজিক যোগাযোগ, ব্যক্তিগত স্বাধীনতা, কাজের সক্ষমতা এবং মানসিক সুস্থতাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।
চিন্তার চাপ থেকে পুনরাবৃত্ত আচরণ
ওসিডির দুটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে—অবসেশন ও কমপালশন। অবসেশন হলো অনিচ্ছাকৃতভাবে বারবার ফিরে আসা চিন্তা, ভয়, তাড়না কিংবা মানসিক ছবি। এগুলো উদ্বেগ ও অস্বস্তি তৈরি করে। অন্যদিকে কমপালশন হলো সেই অস্বস্তি কমানোর জন্য বারবার সম্পাদিত আচরণ বা মানসিক কাজ।
ধরা যাক, কারও মনে বারবার জীবাণুতে আক্রান্ত হওয়ার ভয় তৈরি হচ্ছে। সেই ভয় কমাতে তিনি হাত ধুচ্ছেন। কিন্তু ধোয়ার পরও তাঁর মনে হচ্ছে হাত যথেষ্ট পরিষ্কার হয়নি। ফলে আবার ধুচ্ছেন, আবারও ধুচ্ছেন। সাময়িক স্বস্তি মিললেও কিছুক্ষণ পর একই ভয় ফিরে আসে। এভাবেই উদ্বেগ ও পুনরাবৃত্ত আচরণের একটি চক্র তৈরি হয়।
পরিচ্ছন্নতার আচার নিয়ে ২৭ বছর বয়সী বেস নামের এক নারীর অভিজ্ঞতা এই চক্রের জটিলতা বোঝায়। তাঁর গোসলের আগে পোশাক খোলার একটি নির্দিষ্ট ক্রম ছিল। প্রতিটি পোশাক বিছানার নির্ধারিত স্থানে রাখতে হতো এবং তাতে দূষণের কোনো চিহ্ন আছে কি না, তা পরীক্ষা করতে হতো। এরপর শরীরের নির্দিষ্ট অংশের জন্য নির্দিষ্ট কাপড় ব্যবহার করে পা থেকে মাথা পর্যন্ত ধোয়ার একটি কঠোর নিয়ম অনুসরণ করতেন তিনি। কোনো পোশাক দূষিত মনে হলে সেটি ধোয়ার জন্য পাঠানো হতো। পরে পরিষ্কার পোশাকগুলো নির্দিষ্ট স্থানে রেখে তিনি আগের ক্রমের বিপরীতে পোশাক পরতেন।
এই পুরো প্রক্রিয়াটি ছিল তাঁর কাছে উদ্বেগ নিয়ন্ত্রণের উপায়। কিন্তু একই সঙ্গে তা দৈনন্দিন জীবনের ওপর বিশাল সময় ও মানসিক চাপ তৈরি করছিল।
কখন উদ্বেগ রোগের পর্যায়ে পৌঁছায়
অনেক সুস্থ মানুষের মধ্যেও ওসিডির সঙ্গে সম্পর্কিত কিছু আচরণের সামান্য উপস্থিতি দেখা যেতে পারে। বাড়ি থেকে বের হওয়ার আগে চুলা বন্ধ হয়েছে কি না, দরজায় তালা দেওয়া হয়েছে কি না কিংবা বৈদ্যুতিক যন্ত্র বন্ধ আছে কি না—একাধিকবার পরীক্ষা করা অস্বাভাবিক নয়। কিন্তু এমন আচরণ যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন পরিস্থিতি ভিন্ন হয়ে ওঠে।
কোনো আচরণ প্রতিদিন দীর্ঘ সময় ধরে চলতে থাকলে, তা থেকে তীব্র মানসিক কষ্ট তৈরি হলে কিংবা কাজ, পড়াশোনা, সম্পর্ক ও সামাজিক জীবন ব্যাহত হলে সেটিকে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। ওসিডি নির্ণয়ের ক্ষেত্রে শুধু কোনো অভ্যাসের উপস্থিতি নয়, বরং তার তীব্রতা, স্থায়িত্ব এবং জীবনে প্রভাব বিবেচনা করা হয়।
শৈশব থেকে প্রাপ্তবয়স্ক জীবন—বিভিন্ন বয়সেই ওসিডি দেখা দিতে পারে। তবে সাধারণত কৈশোরের শেষ ভাগ থেকে মধ্যবয়সের আগের সময়টিতে এর লক্ষণ প্রকাশের প্রবণতা বেশি। চল্লিশোর্ধ্ব বয়সে নতুন করে সমস্যা দেখা দিলে তার সঙ্গে জীবনের কোনো বড় চাপ, মানসিক আঘাত বা পরিবর্তনের সম্পর্ক আছে কি না, সেটিও বিবেচনা করা প্রয়োজন।
জিন, মস্তিষ্ক ও মনস্তাত্ত্বিক প্রভাব
ওসিডির পেছনে একটিমাত্র কারণ কাজ করে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। গবেষণায় বংশগত প্রবণতার সম্ভাবনা উঠে এসেছে। পরিবারের কোনো সদস্যের ওসিডি থাকলে অন্য সদস্যের ক্ষেত্রে ঝুঁকি কিছুটা বাড়তে পারে। তবে এখন পর্যন্ত এ রোগের জন্য নির্দিষ্ট কোনো একক জিন শনাক্ত করা যায়নি।
মস্তিষ্কের জৈবিক প্রক্রিয়াও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সেরোটোনিনের মতো স্নায়ুরাসায়নিক উপাদানের কার্যক্রমে অসামঞ্জস্য ওসিডির সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে গবেষণায় ধারণা করা হয়েছে। একই সঙ্গে মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা, দীর্ঘস্থায়ী মানসিক চাপ এবং ব্যক্তিত্বের কিছু বৈশিষ্ট্যও রোগের প্রকাশ বা তীব্রতার সঙ্গে যুক্ত থাকতে পারে।
শৈশবের অভিজ্ঞতা ও মানসিক আঘাতের ভূমিকা নিয়ে মনোবিশ্লেষণী তত্ত্বে আলোচনা রয়েছে। সিগমুন্ড ফ্রয়েডের ব্যাখ্যায় অবদমিত মানসিক দ্বন্দ্বের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। তবে ওসিডিকে শুধু অতীতের কোনো মানসিক আঘাতের ফল হিসেবে ব্যাখ্যা করা যায় না। এর বিকাশে জৈবিক, মনস্তাত্ত্বিক ও পারিপার্শ্বিক নানা উপাদানের সম্মিলিত ভূমিকা থাকতে পারে।
দীর্ঘমেয়াদি প্রভাব উপেক্ষা করার সুযোগ নেই
ওসিডির কারণে একজন মানুষ দীর্ঘ সময় ধরে উদ্বেগ, হতাশা, বিরক্তি ও অসহায়ত্বের মধ্যে থাকতে পারেন। নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে না পারার হতাশা একপর্যায়ে আত্মবিশ্বাস ক্ষয় করে। কাজের জায়গায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়, পারিবারিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সামাজিক যোগাযোগ কমে আসতে পারে। দীর্ঘস্থায়ী মানসিক চাপের সঙ্গে বিষণ্নতাও যুক্ত হতে পারে।
ফরাসি দার্শনিক মিশেল দ্য মনতেঁর পর্যবেক্ষণ ছিল, কোনো কিছু ভুলে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা অনেক সময় সেটিকেই স্মৃতিতে আরও গভীরভাবে গেঁথে দেয়। ওসিডির ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত চিন্তা দূর করার জন্য মানুষের অবিরাম চেষ্টা কখনো কখনো সেই চিন্তার পুনরাবৃত্তিকেই আরও শক্তিশালী করে তোলে।
এ কারণেই ওসিডিকে পরিচ্ছন্নতা, নিখুঁত হওয়ার প্রবণতা কিংবা ব্যক্তিগত শৃঙ্খলার সাধারণ বৈশিষ্ট্য হিসেবে দেখার সুযোগ নেই। আক্রান্ত ব্যক্তির আচরণকে উপহাস বা নৈতিক দুর্বলতা হিসেবে বিচার না করে তার পেছনের মানসিক চাপ বোঝা জরুরি। সমস্যাটি দৈনন্দিন জীবনকে ব্যাহত করলে মনোরোগ বিশেষজ্ঞের মূল্যায়ন প্রয়োজন। সঠিক সময়ে পেশাগত সহায়তা পাওয়া গেলে এই ব্যাধির প্রভাব নিয়ন্ত্রণে আনা এবং স্বাভাবিক জীবনযাপনের সক্ষমতা বাড়ানো সম্ভব।












