দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা বেড়েছে। গত ৭ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে সারা দেশে ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৮৩টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৩৯টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬৬ জনকে।
শনিবার (২১ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, নাশকতার ঘটনায় শুধু সাধারণ পরিবহন নয়, পুলিশের স্থাপনা ও সরকারি যানবাহনও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ১৩ দিনে দেশের বিভিন্ন স্থানে পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। একই সময়ে ২৮টি সরকারি গাড়িতে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
পুলিশের স্থাপনা ও গাড়িও হামলার লক্ষ্য
পুলিশের দেওয়া হিসাব অনুযায়ী, ককটেল বিস্ফোরণে পুলিশের তিনটি স্থাপনা এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ ছাড়া সরকারি ২৮টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনার পাশাপাশি ৮৩টি পরিবহনে আগুন দেওয়ার তথ্য জানিয়েছে পুলিশ। তবে কোন ধরনের পরিবহন কতটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
৩৯ মামলায় গ্রেপ্তার ৬৬
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এসব নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর তদন্ত ও সংশ্লিষ্ট ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন ধরনের নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
নজরদারি ও টহল বাড়ানোর উদ্যোগ
কামারুম মুনিরা বলেন, আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং যেকোনো ঘটনার পর দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, নিষিদ্ধ সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ কোনো দল যাতে নাশকতা সৃষ্টির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
জনশৃঙ্খলা বিঘ্নিত করা বা নাশকতা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন পুলিশের এই কর্মকর্তা।












