পাবনার আটঘরিয়া উপজেলায় আদম আলী মোল্লা (৬০) নামে বিএনপির এক স্থানীয় নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেলে একদল অজ্ঞাত হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি চালানোর পর ধাওয়া করে কুপিয়ে হত্যা করে।
নিহত আদম আলী মোল্লা একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তিনি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্যও ছিলেন। তার বাবার নাম মৃত নুরুল ইসলাম মোল্লা। তিনি ইউনিয়নের শতগাছা স্কুলপাড়া এলাকার বাসিন্দা।
বাজার থেকে ফেরার পথে হামলা
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে একদন্ত বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আদম আলী। বিকেল ৪টার দিকে তিনি চণ্ডীপাশা গ্রামে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুলির পর প্রাণ বাঁচাতে তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় হামলাকারীরা তাকে ধাওয়া করে আবার গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, হামলার পর আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়।
তিন মামলায় আসামি ছিলেন আদম
পুলিশ জানিয়েছে, নিহত বিএনপি নেতা আদম আলী মোল্লার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে তিনটি মামলা ছিল। এর মধ্যে হত্যা, ধর্ষণ ও বিস্ফোরক দ্রব্যসংক্রান্ত মামলা রয়েছে।
পাবনার পুলিশ সুপার আবু আশরাফ জানান, আদম আলীর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলাসহ মোট তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। বিস্ফোরক দ্রব্যসংক্রান্ত একটি মামলাতেও তিনি আসামি ছিলেন।
হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ
পুলিশ সুপার আবু আশরাফ বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।
তবে কী কারণে এবং কারা পরিকল্পিতভাবে আদম আলী মোল্লার ওপর হামলা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 


















