ইসলামি ক্রেডিট কার্ডে গ্রাহকের দেনা বাড়লে বা দেরিতে শোধ করলে ব্যাংক আর বাড়তি আয় করতে পারবে না। এ বিষয়ে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ইসলামি ব্যাংকিং সেবা দেওয়া যেকোনো তফসিলি ব্যাংক টাকায় কার্ড ইস্যু করতে পারবে। তবে বৈদেশিক মুদ্রা বা দ্বৈত মুদ্রার কার্ডের জন্য অনুমোদিত ডিলারের লাইসেন্স লাগবে।
কার্ডে ধার মানেই কর্জে হাসানা
নীতিমালা অনুযায়ী, কার্ডে কেনাকাটা, নগদ উত্তোলন বা বিলম্বিত পরিশোধ সবই সুদমুক্ত ঋণ হিসেবে গণ্য হবে, যাকে বলা হয় কর্জে হাসানা। ধার দেওয়া টাকার বিনিময়ে ব্যাংক কিছুই নিতে পারবে না। শুধু নির্দিষ্ট সেবার জন্য নির্ধারিত সেবামূল্য বা উজরাহ নেওয়া যাবে। গ্রাহকদের মুদারাবা আমানতের টাকা দিয়ে এসব কার্ডের অর্থায়ন করা যাবে না।
খরচের বেশি ফি নয়
কার্ড ইস্যু, নবায়ন, হিসাব রক্ষণাবেক্ষণ ও নগদ উত্তোলনের ফি সেবার প্রকৃত সরাসরি খরচের বেশি হতে পারবে না। দেনার পরিমাণ, ক্রেডিট সীমা বা দেরির সময়ের সঙ্গে বাড়ে-কমে এমন কোনো চার্জ নিষিদ্ধ। উদাহরণ দিয়ে বলা হয়েছে, বছরে কার্ডের খরচ ৮০০ টাকা হলে ফি হবে সর্বোচ্চ ৮০০ টাকা। ক্রেডিট সীমার শতাংশ হিসেবে ফি নেওয়া যাবে না। নগদ উত্তোলনের ফিও হবে নির্দিষ্ট অঙ্কের, উত্তোলিত টাকার শতাংশ নয়। দোকানিরা ব্যাংককে যে কমিশন দেন, তা গ্রাহকের ঘাড়ে চাপানো যাবে না। বাড়তি আদায় হলে বছর শেষে ফেরত দিতে হবে, নয়তো দাতব্য খাতে দিতে হবে।
দেরিতে শোধের নিয়ম
কার্ড নেওয়ার সময়ই গ্রাহককে অঙ্গীকার করতে হবে, নির্ধারিত দিনে টাকা না দিলে একটি নির্দিষ্ট অঙ্ক দাতব্য কাজে দেবেন। এই টাকা ব্যাংকের আয় হিসেবে রাখা যাবে না। অঙ্কটি নির্দিষ্ট বলে দেরি যত দিনেরই হোক, তা বাড়বে না। অর্থাৎ ৫০০ টাকা নির্ধারিত থাকলে দুই দিন বা দুই মাস দেরি, দুই ক্ষেত্রেই দিতে হবে ৫০০ টাকা।
গ্রাহকের সুরক্ষা ও নিষিদ্ধ খাত
আবেদনের পর পাঁচ কর্মদিবস পর্যন্ত গ্রাহক চাইলে আবেদন প্রত্যাহার করতে পারবেন। চার্জ বা শর্ত বদলাতে ৩০ দিন আগে জানাতে হবে। জালিয়াতির ক্ষতি বহন করবে ব্যাংক। কার্ড হারানোর খবর দেওয়ার পর অননুমোদিত লেনদেনের টাকা সাত কর্মদিবসের মধ্যে ফেরত দিতে হবে। নগদ উত্তোলন ক্রেডিট সীমার ৫০ শতাংশের বেশি হবে না। মদ, জুয়া, তামাক ও ক্রিপ্টো লেনদেনের মতো শরিয়াহবিরোধী খাতে ইসলামি ক্রেডিট কার্ড ব্যবহার বিক্রয়কেন্দ্রেই আটকে দিতে হবে। প্রতিবছর শরিয়াহ নিরীক্ষা বাধ্যতামূলক। শরিয়াহসম্মত নয় এমন আয় পাওয়া গেলে তা দাতব্য খাতে দিতে হবে।












