যুক্তরাষ্ট্রের বাড়তি আমদানি শুল্কের ধাক্কায় রপ্তানি কৌশলে বড় পরিবর্তন আনছে ভারতের পোশাকশিল্প। দীর্ঘদিন ধরে মার্কিন বাজারের ওপর নির্ভরশীল অনেক প্রতিষ্ঠান এখন যুক্তরাজ্য, ইউরোপ ও নিজস্ব অভ্যন্তরীণ বাজারে বিক্রি বাড়ানোর চেষ্টা করছে। শুল্ক কমলেও যুক্তরাষ্ট্রের ওপর আগের মতো নির্ভর করতে রাজি নন অনেক রপ্তানিকারক। তাঁদের আশঙ্কা, ভবিষ্যতে আবারও শুল্ক বাড়তে পারে, আর তাতে ব্যবসা নতুন করে সংকটে পড়বে।
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচিতে ওরিয়েন্ট ক্রাফটের কারখানায় কয়েক শ নারী শ্রমিক ব্রিটিশ খুচরা বিক্রেতা নেক্সট ও মার্কস অ্যান্ড স্পেনসারের জন্য পোশাক তৈরি করছেন। অথচ একসময় প্রতিষ্ঠানটির উৎপাদিত পোশাকের বড় অংশই যেত যুক্তরাষ্ট্রে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ৭৭ বছর বয়সী সুধীর ধিংরা জানিয়েছেন, মার্কিন শুল্ক বৃদ্ধির পর যুক্তরাষ্ট্রে পণ্য পাঠানো কমিয়ে দিয়েছেন তাঁরা। আগে প্রতিষ্ঠানটির মোট বিক্রির ৮৪ শতাংশ আসত মার্কিন বাজার থেকে। এখন তা কমে ১০ শতাংশের নিচে নেমেছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্য, ইউরোপ এবং কিছুটা ভারতের বাজারে বিক্রি বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।
শুল্কের অনিশ্চয়তায় বদলাচ্ছে রপ্তানি কৌশল
২০২৫ সালের এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক বাড়ানোর ঘোষণা দেওয়ার পর মার্কিন ক্রেতাদের কেউ কেউ অর্ডার বাতিল করেন, আবার কেউ দাম কমানোর চাপ দেন। এমনকি কয়েকজন ক্রেতা আমদানি শুল্কের ২৫ শতাংশ উৎপাদনকারীদের বহন করার দাবি জানান। অথচ পোশাক প্রস্তুতকারকদের মুনাফার হার ১০ শতাংশেরও কম।
ধিংরার মতে, শুল্ক কমানো হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি হলেও ভবিষ্যতে সেই সুবিধা বহাল থাকবে কি না, তার নিশ্চয়তা নেই। একটি বাজারের ওপর অতিরিক্ত নির্ভরশীল হওয়াকে তিনি এখন বড় ঝুঁকি হিসেবে দেখছেন।
ভারতের অন্যতম বড় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান গোকালদাস এক্সপোর্টসও ইউরোপের বাজারে ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শিবরামকৃষ্ণন গণপতি জানান, আগামী তিন থেকে পাঁচ বছরে মোট আয়ে ইউরোপের অংশ ১৫ থেকে ১৬ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশে নেওয়ার লক্ষ্য রয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারের অংশ ৫০ থেকে ৫৫ শতাংশ থেকে কমিয়ে ৩৫ থেকে ৪০ শতাংশে নামাতে চায় প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রে রপ্তানি কমেছে প্রায় ১০ শতাংশ
গ্লোবাল ট্রেড রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে আগস্ট সময়ে যুক্তরাষ্ট্রে ভারতের বস্ত্র, পোশাক ও গৃহসজ্জাসামগ্রী রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮ শতাংশ কমে ৪০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য বাজারে রপ্তানি ৩ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৫২০ কোটি ডলারে পৌঁছেছে।
শিল্পসংশ্লিষ্টদের হিসাব অনুযায়ী, ভারতের মোট রপ্তানিতে যুক্তরাষ্ট্রের অংশ ২০২২ সালের ২৮ দশমিক ৩ শতাংশ থেকে কমে চলতি বছরের আগস্টে ২৫ দশমিক ৪ শতাংশে নেমেছে।
রপ্তানিকারকেরা বলছেন, শুল্ক নিয়ে অনিশ্চয়তা, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং মার্কিন ক্রেতাদের ছাড়ের চাপ মুনাফা কমিয়ে দিচ্ছে। এ কারণে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের বাজার তাঁদের কাছে ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে।
যুক্তরাজ্য ও ইউরোপের বাজারে নতুন সুযোগ
জুলাইয়ে কার্যকর হওয়া ভারত-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তির আওতায় ভারতীয় পোশাক যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা পাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একই ধরনের চুক্তি হলে ভারতীয় পণ্যের ওপর বর্তমানে থাকা ১২ থেকে ১৭ শতাংশ শুল্ক উঠে যেতে পারে।
ভারতের পোশাক রপ্তানি উন্নয়ন কাউন্সিলের চেয়ারম্যান এ সাকথিভেল বলেন, জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডস এখন রপ্তানিকারকদের গুরুত্বপূর্ণ লক্ষ্যবাজার।
উৎপাদন ব্যয় কমাতে নতুন শিল্পকেন্দ্র
বাজার সম্প্রসারণের পাশাপাশি উৎপাদন ব্যয় কমানোর দিকেও নজর দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। ঝাড়খণ্ডের রাঁচি কয়লা ও লৌহ আকরিকের জন্য পরিচিত হলেও এখন পোশাক কারখানার নতুন কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। ভর্তুকি, সহজে জমি পাওয়ার সুযোগ এবং শিক্ষিত ও নির্ভরযোগ্য শ্রমশক্তির কারণে সেখানে বিনিয়োগ বাড়ছে।
রাঁচি ও আশপাশের তিনটি কারখানা পরিদর্শন করে দেখা গেছে, সেগুলোতে সম্মিলিতভাবে প্রায় আট হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। গোকালদাস এক্সপোর্টসের রাঁচিতে দুটি কারখানা রয়েছে। প্রতিষ্ঠানটি সেখানে তৃতীয় কারখানা স্থাপনের পরিকল্পনা করছে, যেখানে সর্বোচ্চ ৪ হাজার ৬০০ মানুষের কর্মসংস্থান হতে পারে।
এদিকে ভারতের অভ্যন্তরীণ পোশাকের বাজারও রপ্তানিকারকদের জন্য বড় ভরসা। প্রায় ১৫ হাজার কোটি ডলারের এই বাজারে বছরে ৭ থেকে ৮ শতাংশ প্রবৃদ্ধি হচ্ছে। ফলে বিদেশি বাজারে অস্থিরতা তৈরি হলেও দেশের ভেতরের চাহিদা ব্যবসাকে কিছুটা স্থিতিশীল রাখতে পারে।
শিল্পসংশ্লিষ্টদের মতে, যুক্তরাষ্ট্রের বাজার পুরোপুরি ছেড়ে দেওয়া হবে না। বড় বাজার এবং দীর্ঘদিনের ক্রেতা-সম্পর্কের কারণে দেশটি গুরুত্বপূর্ণই থাকবে। তবে শুল্কের সাম্প্রতিক ধাক্কার পর আগের মতো এককভাবে মার্কিন বাজারের ওপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা কম।












