ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের ভয়াবহতা এখন ছড়িয়ে পড়েছে সমুদ্রপথেও। হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যের আশপাশের জলসীমায় বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলায় প্রাণ হারাচ্ছেন নাবিকেরা। কেউ নিহত হয়েছেন, কেউ নিখোঁজ। আবার অনেক পরিবারের কাছে প্রিয়জনের বেঁচে থাকা কিংবা মৃত্যুর কোনো নিশ্চিত খবরও নেই। যুদ্ধের এই মানবিক বিপর্যয়ে সবচেয়ে অসহায় হয়ে পড়েছেন নিখোঁজ নাবিকদের স্বজনেরা।
জাতিসংঘের আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থা (আইএমও) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্য ও হরমুজ প্রণালি এলাকায় ১৩০টি নৌ-ঘটনার তথ্য নথিভুক্ত হয়েছে। এর অধিকাংশই জাহাজে হামলার ঘটনা। এসব ঘটনায় অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন।
তবে হতাহতের বাইরেও রয়েছে নিখোঁজ নাবিকদের পরিবারগুলোর দীর্ঘ অপেক্ষা, অনিশ্চয়তা ও আর্থিক দুর্দশার গল্প।
ছয় মাসেও ফেরেননি নাবিক নবীন
দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের দিনদিগুল শহরের বাসিন্দা ৪৫ বছর বয়সী ভি. পান্ডিসেলভি ছয় মাসের বেশি সময় ধরে অপেক্ষা করছেন ছেলে নবীন কুমারের জন্য। ২৩ বছর বয়সী নবীন ভারতীয় নাবিক। গত মে মাসে ইরানের জলসীমায় শেষবার শনাক্ত হওয়ার পর নিখোঁজ হয়ে যায় তাঁর কর্মস্থলের দুটি পণ্যবাহী জাহাজ।
ছেলের কাছ থেকে কোনো বার্তা না পেয়ে পুরোনো কণ্ঠবার্তা বারবার শুনছেন মা। ফোনে সংরক্ষিত ছেলের নম্বরে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাচ্ছেন না। তবু নম্বরটি সচল রেখেছেন, যদি কোনো দিন ছেলে ফোন করেন।
পান্ডিসেলভি জানান, প্রতিটি মুহূর্ত তাঁদের জন্য অসহনীয় হয়ে উঠেছে। ছেলে জাহাজে আছেন, নাকি তাঁর সঙ্গে কোনো ভয়াবহ ঘটনা ঘটেছে—কিছুই জানেন না তাঁরা। সংশ্লিষ্ট সবার কাছে পরিবারের আবেদন, যেন নাবিকদের সন্ধানে এগিয়ে আসা হয়।
রহস্যে ঘেরা দুটি জাহাজের অন্তর্ধান
নবীনসহ ছয়জন নাবিক কাজ করতেন ব্রিজ-১ ও ব্রিজ-২ নামের দুটি পণ্যবাহী জাহাজে। বলিভিয়ার পতাকাবাহী জাহাজ দুটি গত ৯ মে ইরানের কিশ দ্বীপের কাছাকাছি এলাকা থেকে নিখোঁজ হয়।
ইরাকের বাসরাভিত্তিক সামুদ্রিক ফাউন্ডেশনের প্রধান খালেদ সাদ আল-থালিবি জানান, জাহাজ দুটির স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বা এআইএসে সর্বশেষ অবস্থান পাওয়া যায় কিশ দ্বীপ থেকে প্রায় আট নটিক্যাল মাইল দূরে। স্থানীয় সময় ৯ মে বিকেল ৪টা ৫০ মিনিটে সেগুলোর সর্বশেষ সংকেত পাওয়া গিয়েছিল।
এরপর জাহাজগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোনো বিপৎসংকেতও পাওয়া যায়নি। ইরানের সংশ্লিষ্ট প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেও জাহাজগুলোর অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য মেলেনি। পরদিন ইরানের অনুসন্ধান ও উদ্ধারকারী দল তল্লাশি চালিয়েও জাহাজ দুটির সন্ধান পায়নি।
জাহাজ দুটি ডুবে গেছে, নাকি কোনো দেশ সেগুলো জব্দ করেছে—এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিখোঁজদের পরিবারে অনিশ্চয়তা ও আর্থিক সংকট
নবীন ছাড়াও জাহাজ দুটির ছয় সদস্যের মধ্যে তিনজন ইরাকি, একজন পাকিস্তানি এবং আরেকজন ভারতীয় নাবিক ছিলেন। নিখোঁজ ইরাকি নাবিক হায়দার রহমান আল-মায়াহির বয়স ২২ বছর। তাঁর এক বছরের একটি মেয়ে রয়েছে। ছেলের নিখোঁজ হওয়ার শোকে তাঁর বাবাও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্য ইউসুফ রহমান।
পরিবারটি ইরানে গিয়ে জাহাজের মালিকের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু তিনিও জাহাজ দুটির বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। কেউ বলছেন, যুক্তরাষ্ট্রের হামলায় জাহাজ দুটি ডুবে যেতে পারে। আবার কারও ধারণা, নাবিকদের ইরান অথবা উপসাগরীয় কোনো দেশ আটক করে থাকতে পারে। এসব ধারণার কোনোটিরই সত্যতা নিশ্চিত হয়নি।
এদিকে নবীনের সামুদ্রিক প্রশিক্ষণের জন্য তাঁর পরিবার প্রায় ১৫ লাখ ভারতীয় রুপি ঋণ নিয়েছিল। ছেলের নিখোঁজ হওয়ার পর সেই ঋণের বোঝা সামলানোও কঠিন হয়ে পড়েছে।
নাবিক নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা
নবীনকে নিয়োগ দিয়েছিল মুম্বাইভিত্তিক প্রতিষ্ঠান লাস্কার মেরিন সার্ভিসেস। পরিবারের দাবি, শুরুতে প্রতিষ্ঠানটি তাঁকে দ্রুত ফিরিয়ে আনার আশ্বাস দিলেও পরে তাদের কাছে কোনো তথ্য নেই বলে জানায়। এরপর যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।
ভারতের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত ২২ মে তারিখের একটি আদেশে দেখা যায়, নাবিকদের দেশে ফিরিয়ে আনা এবং তাঁদের বেতন পরিশোধে বারবার ব্যর্থতার অভিযোগে প্রতিষ্ঠানটির নিয়োগসংক্রান্ত লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান পরিচালকদের পাঁচ বছরের জন্য সামুদ্রিক ব্যবসায় নিষিদ্ধ করা হয়েছে।
যুদ্ধের ঝুঁকিতে বাড়ছে নাবিকদের বেতন
যুদ্ধের কারণে সমুদ্রপথে কাজের ঝুঁকি বাড়ায় নাবিক নিয়োগের ব্যয়ও বেড়েছে। দুবাইভিত্তিক এক জাহাজ ব্যবসায়ীর তথ্য অনুযায়ী, এখন নাবিকদের বেতন আগের তুলনায় প্রায় তিন গুণ পর্যন্ত বেড়েছে। আগে একজন জাহাজের ক্যাপ্টেন মাসে প্রায় আট হাজার থেকে ১৩ হাজার ডলার পেতেন। এখন একই কাজের জন্য তিন গুণ পর্যন্ত পারিশ্রমিক দাবি করা হচ্ছে।
তবে বেশি বেতনের প্রলোভনও অনেকের কাছে ঝুঁকি নেওয়ার যথেষ্ট কারণ হয়ে উঠছে না। কেউ কেউ একটি সমুদ্রযাত্রা শেষ করেই কাজ ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন।
নবীনের মা পান্ডিসেলভির কাছে এখন আর অর্থ উপার্জনের কোনো মূল্য নেই। তাঁর একটাই চাওয়া, ছেলে যেন ফিরে আসে। ছয় মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে পরিবারটি যেন অন্তত জানতে পারে, নবীনের ভাগ্যে কী ঘটেছে।












