কক্সবাজার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগপন্থি কয়েকজন আইনজীবীর ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। একই দিন আদালত চত্বরে সাংবাদিক এরফান হোসাইনের ওপরও হামলার অভিযোগ উঠেছে শহর ছাত্রদল নেতা রহিমুল্লাহ খান রানার বিরুদ্ধে। পৃথক দুটি ঘটনাকে ঘিরে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কক্সবাজার আদালত প্রাঙ্গণে এসব ঘটনা ঘটে। এর আগে সোমবার সন্ধ্যায় টেকনাফ পৌর শহরের হাইস্কুল এলাকা থেকে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশরকে গ্রেফতার করে পুলিশ।
‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তেজনা
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার সকালে নুরুল বশরকে আদালতে হাজির করা হলে আওয়ামী লীগপন্থি হিসেবে পরিচিত কয়েকজন আইনজীবী ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। এ সময় তাদের ওপর চড়াও হন ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী।
অভিযোগ রয়েছে, ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আইনজীবী অ্যাডভোকেট তামিমসহ কয়েকজনকে মারধর ও নাজেহাল করা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইনজীবীদের আদালত প্রাঙ্গণের একটি হলরুম থেকে তুলে নিয়ে নাজেহাল করার অভিযোগও উঠেছে।
সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
একই দিন আদালত প্রাঙ্গণে সাংবাদিক এরফান হোসাইনের ওপর হামলার অভিযোগ ওঠে শহর ছাত্রদল নেতা রহিমুল্লাহ খান রানার বিরুদ্ধে।
এরফান হোসাইন জানান, টেকনাফের একজন আওয়ামী লীগ নেতাকে আদালতে হাজির করার খবর পেয়ে তিনি আরেক সাংবাদিকের সঙ্গে সেখানে যান। এ সময় রানার নেতৃত্বে কয়েকজন তার ওপর হামলা চালান।
সাংবাদিকের দাবি, মঙ্গলবার সকালে রানার বাবার বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর তাকে হুমকি দেওয়া হয়েছিল। পরে বিকেলে আদালত প্রাঙ্গণে তাকে দেখতে পেয়ে হামলা করা হয়। তবে এ সময় জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমানসহ কয়েকজন তাকে রক্ষা করেন বলে জানান তিনি।
অন্যদিকে, রহিমুল্লাহ খান রানা তার বিরুদ্ধে ওঠা হামলার অভিযোগ অস্বীকার করেছেন।
আইনজীবী সমিতির উদ্বেগ
আইনজীবীদের ওপর হামলা ও নাজেহালের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি। সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকতার উদ্দিন হেলালীর স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, জেলা আইনজীবী সমিতি জেলার বৃহত্তম পেশাজীবী সংগঠন। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থক থাকলেও সবার প্রধান পরিচয় আইনজীবী।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সমিতিতে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড পরিচালিত হয় না। ১০ নভেম্বর সমিতির হলরুম থেকে আইনজীবীদের তুলে নিয়ে নাজেহাল করার ঘটনায় সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। পেশাগত মর্যাদা ও সম্মান রক্ষায় আইনজীবীরা দৃঢ়প্রতিজ্ঞ বলেও বিবৃতিতে জানানো হয়।
অভিযোগের বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান বলেন, ফ্যাসিস্ট দলের লোকজন আদালতে জড়ো হয়ে বিশৃঙ্খলা করছে—এমন খবর পেয়ে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী সেখানে যান। তবে আইনজীবীদের ওপর হামলার কোনো ঘটনা ঘটেছে বলে তিনি জানেন না। আইনজীবী সমিতি বিবৃতি দেওয়ায় বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
নুরুল বশরের বিরুদ্ধে একাধিক অভিযোগ
পুলিশ সূত্রে জানা যায়, নুরুল বশরকে এর আগেও ২০২৪ সালের ৩ জুন গ্রেফতার করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে তিনি বহু মানুষকে মিথ্যা মামলায় হয়রানি করেছেন বলে অভিযোগ রয়েছে। ওই সময়ে টেকনাফ থানায় তার ব্যাপক প্রভাব ছিল বলেও অভিযোগ করা হয়।
এ ছাড়া আইনজীবী সাহাব উদ্দিন জানান, গত ২০ ফেব্রুয়ারি টেকনাফ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোদার বিল এলাকায় মোহাম্মদ আলমের স্ত্রী রেহেনুমা সোহানালের ভাড়া বাসা দখলের চেষ্টা করা হয়। এ সময় হামলায় রেহেনুমা ও তার স্বামীসহ কয়েকজন গুরুতর আহত হন।
এ ঘটনায় রেহেনুমা বাদী হয়ে নুরুল বশরকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখ করে টেকনাফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। ওই মামলাতেও নুরুল বশরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানা গেছে।












