৪৯ বছরের দীর্ঘ পথচলা, হাজারো স্মৃতি আর অসংখ্য যাত্রীর ভালোবাসা সঙ্গে নিয়ে শেষবারের মতো সমুদ্র পাড়ি দিল যুক্তরাজ্যের অন্যতম পরিচিত যাত্রীবাহী জাহাজ ‘স্কিলোনিয়ান থ্রি’। দীর্ঘদিন ধরে ইংল্যান্ডের মূল ভূখণ্ডের কর্নওয়ালের পেনজ্যান্স বন্দর থেকে আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত স্কিলি দ্বীপপুঞ্জে যাত্রী পরিবহন করা এই ফেরির শেষ যাত্রাকে ঘিরে রোববার আবেগঘন পরিবেশ তৈরি হয়। স্কিলোনিয়ান থ্রি ফেরির শেষ যাত্রায় কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি, কেউ গেয়েছেন সমুদ্রযাত্রার ঐতিহ্যবাহী গান, আবার কেউ স্মৃতিচারণ করেছেন উত্তাল সমুদ্রে কাটানো পুরোনো দিনের।
১৯৭৭ সাল থেকে বসন্ত থেকে শরৎকাল পর্যন্ত নিয়মিত এই পথে চলাচল করেছে স্কিলোনিয়ান থ্রি। প্রায় পাঁচ দশক ধরে দ্বীপবাসী, পর্যটক, পাখি পর্যবেক্ষকসহ নানা শ্রেণির মানুষকে বহন করেছে জাহাজটি। স্কিলি দ্বীপপুঞ্জের সেন্ট মেরিজ দ্বীপ থেকে কর্নওয়ালের পেনজ্যান্স পর্যন্ত ৩৭ নটিক্যাল মাইলের শেষ যাত্রা সম্পন্ন করে ইতিহাসের অংশ হয়ে গেল জাহাজটি।
ভালোবাসার পাশাপাশি ছিল সমুদ্রপীড়ার গল্প
স্কিলোনিয়ান থ্রি শুধু একটি যাত্রীবাহী ফেরি ছিল না, দ্বীপপুঞ্জের মানুষের দৈনন্দিন জীবনেরও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। উত্তাল সমুদ্রে প্রচণ্ড দুলুনির কারণে জাহাজটির আরেকটি পরিচিত নাম ছিল ‘ভমিট কমেট’ বা বমির ফেরি। বিশেষ করে সমুদ্রপীড়ায় আক্রান্ত যাত্রীদের জন্য এর যাত্রা অনেক সময় ছিল বেশ কষ্টকর। তবে এই অসুবিধা জাহাজটির জনপ্রিয়তা কমাতে পারেনি।
জাহাজটির প্রথম যাত্রায় অংশ নেওয়া টেরি ওয়ার্ডও শেষ বিদায়ের সময় উপস্থিত ছিলেন। ১৯৭৭ সালে নির্মাণস্থল উত্তর ডেভন থেকে আটলান্টিকের ঢেউ পেরিয়ে স্কিলি দ্বীপপুঞ্জে পৌঁছানোর সেই প্রথম যাত্রার স্মৃতি এখনো তাঁর মনে উজ্জ্বল। তিনি বলেন, প্রথম যাত্রাটি ছিল অসাধারণ সুন্দর। সমুদ্র ছিল শান্ত। জাহাজটি দ্বীপে পৌঁছানোর পর স্থানীয় মানুষের ভিড় জমেছিল। তাঁর ভাষায়, সেটি ছিল এক জাদুকরী অভিজ্ঞতা। প্রায় ৪৯ বছরে স্কিলোনিয়ান থ্রি ১০ হাজারের বেশি সমুদ্রযাত্রা সম্পন্ন করেছে।
যাত্রীদের কাছে ছিল আলাদা আলাদা স্মৃতি
দীর্ঘদিনের যাত্রীদের কাছে জাহাজটির নির্দিষ্ট আসনও ছিল বিশেষ পছন্দের বিষয়। যাঁরা ডলফিন কিংবা বিশালদেহী বাস্কিং হাঙর দেখতে চাইতেন, তাঁরা সাধারণত জাহাজের বাইরের অংশে বসতেন। অন্যদিকে যাঁরা আরাম করে ঘুমাতে চাইতেন, তাঁদের পছন্দ ছিল নিচের ডেকের ভেতরের আসন। স্কিলি দ্বীপপুঞ্জের ব্যবসায়ী রে জ্যাকম্যান জাহাজটির প্রথম ও শেষ, দুই যাত্রাতেই ছিলেন। তিনি বলেন, জাহাজটি ছিল অসাধারণ। খুব কমই যান্ত্রিক সমস্যায় পড়েছে এবং দ্বীপের মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিন প্রজন্মের ফেরির ইতিহাস
স্কিলোনিয়ান থ্রি ছিল গত শতাব্দীতে স্কিলি দ্বীপপুঞ্জে যাত্রী পরিবহনে নিয়োজিত তৃতীয় জাহাজ। প্রথম জাহাজ ‘স্কিলোনিয়ান’ ১৯২৬ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত চলাচল করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেটিতে কামান সংযোজন করা হয়েছিল এবং সামরিক পরিবহনেও ব্যবহার করা হয়। এরপর আসে ‘স্কিলোনিয়ান টু’। ২৫ বছর দায়িত্ব পালনের পর সেটির জায়গা নেয় স্কিলোনিয়ান থ্রি। তৎকালীন প্রিন্স চার্লস নতুন জাহাজটির উদ্বোধন করেছিলেন।
তবে এই ঐতিহ্য এখানেই শেষ হচ্ছে না। দক্ষিণ-পূর্ব এশিয়ায় নির্মিত নতুন প্রজন্মের ফেরি ‘স্কিলোনিয়ান ফোর’ ইতিমধ্যে দ্বীপপুঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করেছে। আফ্রিকার উত্তমাশা অন্তরীপ ঘুরে জাহাজটি যুক্তরাজ্যে পৌঁছাবে। আগামী মার্চে দ্বীপপুঞ্জ ও মূল ভূখণ্ডের মধ্যে এর প্রথম যাত্রা হওয়ার কথা। মালিকপক্ষ জানিয়েছে, নতুন ফেরিতে যাত্রী ধারণক্ষমতা বেশি থাকবে, গতি হবে তুলনামূলক বেশি এবং সমুদ্রের ঢেউয়ে জাহাজের দুলুনি কমানোর জন্য বিশেষ প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
শেষ যাত্রায় আবেগঘন বিদায়
স্কিলোনিয়ান থ্রির শেষ যাত্রায় কয়েক ডজন যাত্রী থাকার কথা ভেবেছিল ফেরি পরিচালনাকারী প্রতিষ্ঠান। কিন্তু আগ্রহ এতটাই বেশি ছিল যে সব টিকিট বিক্রি হয়ে যায়। শেষ যাত্রায় আবহাওয়া ছিল অনুকূলে। আকাশ ছিল পরিষ্কার, সমুদ্রও ছিল শান্ত। সন্ধ্যা নামার সময় পেনজ্যান্স বন্দরের দিকে এগিয়ে আসা জাহাজটিকে স্বাগত জানায় কর্নওয়ালের কয়েকটি ঐতিহ্যবাহী নৌকা, কায়াক ও আনন্দভ্রমণের জলযানের বহর। বন্দরের দেয়ালজুড়ে জড়ো হয় শত শত মানুষ। জাহাজটি বন্দরে ভেড়ার পর ‘কেপ কর্নওয়াল সিঙ্গার্স’ গোষ্ঠী কর্নওয়ালের প্রতি উৎসর্গ করা একটি গান পরিবেশন করে। যাত্রীদের অনেকেও সেই গানে কণ্ঠ মেলান।
পেনজ্যান্সের বাসিন্দা সাইমন নিকোলসের কাছে জাহাজটির বিদায় ছিল একটি যুগের অবসান। তাঁর কথায়, প্রতিদিন জাহাজটিকে দেখা যেত, এর শব্দ শোনা যেত। শহরের জীবনের সঙ্গে এটি অবিচ্ছেদ্য হয়ে উঠেছিল। ৪৯ বছরের দীর্ঘ যাত্রা শেষে স্কিলোনিয়ান থ্রি আর নিয়মিত সমুদ্রে ফিরবে না। কিন্তু দ্বীপবাসী ও অসংখ্য যাত্রীর কাছে এটি থেকে যাবে কেবল একটি ফেরি হিসেবে নয়, বরং স্মৃতি, ঐতিহ্য ও ভালোবাসার এক অবিচ্ছেদ্য প্রতীক হয়ে।












