ব্রেক্সিট বাস্তবায়নের প্রস্তুতি নিতে গিয়ে যুক্তরাজ্যে এমন কিছু সীমান্ত তল্লাশিকেন্দ্র নির্মাণ করা হয়েছিল, যেগুলোর বেশির ভাগই শেষ পর্যন্ত কখনো চালু হয়নি। এসব অব্যবহৃত স্থাপনা নির্মাণ, জমি অধিগ্রহণ এবং পরে বন্ধ করে দেওয়ার পেছনে করদাতাদের অন্তত ১০০ মিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছে। সরকারের পরিকল্পনা পরিবর্তন, সিদ্ধান্তহীনতা এবং ব্রেক্সিট-পরবর্তী সীমান্ত ব্যবস্থাপনায় প্রস্তুতির ঘাটতির কারণে ব্রেক্সিটে অর্থের অপচয় এখন সামনে এসেছে।
যুক্তরাজ্যের রাজস্ব ও শুল্ক বিভাগ (এইচএমআরসি) থেকে পাওয়া নতুন তথ্য অনুযায়ী, ইংল্যান্ড ও ওয়েলসে নির্মিত সাতটি অভ্যন্তরীণ সীমান্তকেন্দ্রের মধ্যে পাঁচটি কখনোই পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি করা খাদ্যপণ্যের মান আগের মতোই থাকবে—এমন সিদ্ধান্তে সরকার সীমান্তে প্রস্তাবিত সব ধরনের পরীক্ষা কার্যকর না করায় এসব স্থাপনা অপ্রয়োজনীয় হয়ে পড়ে।
এর আগে গত বছর যুক্তরাজ্যের জাতীয় নিরীক্ষা দপ্তর ব্রেক্সিটের সামগ্রিক ব্যয় প্রায় ৪৭০ কোটি পাউন্ড বলে অনুমান করেছিল। এই হিসাবের মধ্যে শুল্ক ঘোষণা ব্যবস্থার সফটওয়্যার পরিবর্তনসহ ইউরোপীয় একক বাজার থেকে বেরিয়ে আসার জন্য তৈরি বিভিন্ন প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থার ব্যয়ও অন্তর্ভুক্ত ছিল। তবে নতুন প্রকাশিত তথ্যে সীমান্তকেন্দ্রগুলোর পেছনে ব্যয়ের পৃথক চিত্র সামনে এসেছে।
নির্মাণের পরই অকার্যকর পাঁচ কেন্দ্র
অব্যবহৃত সীমান্তকেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল কেন্টের ‘ডোভার হোয়াইট ক্লিফস’ প্রকল্প। ডোভারের বন্দর থেকে প্রায় ২০ মাইল ভেতরে গাস্টন গ্রামের কাছে এই কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। ২০২০ সালের ৩১ ডিসেম্বর, অর্থাৎ ব্রেক্সিট কার্যকরের মাত্র কয়েক ঘণ্টা আগে স্থানীয় বাসিন্দাদের এই প্রকল্পের কথা জানানো হয়। এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল।
এইচএমআরসির তথ্য অনুযায়ী, প্রকল্পটির পেছনে এখন পর্যন্ত করদাতাদের ২ কোটি ৮০ লাখ পাউন্ড ব্যয় হয়েছে। এর মধ্যে জমি কেনার জন্য পরিবহন বিভাগ ব্যয় করেছে ২ কোটি ১০ লাখ পাউন্ড। বাকি ৭০ লাখ পাউন্ড খরচ হয়েছে প্রাথমিক ভূমি উন্নয়নকাজে। এমনকি সেখানে রোমান আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে কি না, তা যাচাইয়ের জন্যও জরিপ চালানো হয়েছিল। অথচ শেষ পর্যন্ত জায়গাটি একটি খোলা মাঠ হিসেবেই রয়ে গেছে।
বার্মিংহাম বিমানবন্দরের গাড়ি পার্কিং এলাকায় পরিকল্পিত আরেকটি সীমান্তকেন্দ্রের পেছনে ব্যয় হয়েছে ১ কোটি ৭০ লাখ পাউন্ড। এর মধ্যে নির্মাণ ব্যয় ১ কোটি ১০ লাখ এবং বন্ধ করে দেওয়ার খরচ ৬০ লাখ পাউন্ড। চেশায়ারের ওয়ারিংটন এবং কেন্টের এবসফ্লিট ভ্যালিতেও প্রায় ২ কোটি পাউন্ড ব্যয় করা হয়েছে। ওয়ারিংটনে জমি কিনতে ৭০ লাখ, নির্মাণে ৯০ লাখ এবং কেন্দ্রটি বন্ধ করতে ১০ লাখ পাউন্ড ব্যয় হয়েছে। এবসফ্লিটে ট্রাক রাখার উপযোগী করতে ৪০ লাখ এবং পরে সেটি বন্ধ করতে আরও ৬০ লাখ পাউন্ড খরচ হয়। স্ট্যানস্টেড বিমানবন্দরের দক্ষিণে নর্থ ওয়েল্ড বিমানঘাঁটিতেও একই উদ্দেশ্যে একটি কেন্দ্র তৈরি করা হয়েছিল। নির্মাণে ৩০ লাখ এবং বন্ধ করতে আরও ২০ লাখ পাউন্ড খরচ হয়েছে।
পোর্টসমাউথ বন্দরের স্থাপনাও অব্যবহৃত
যুক্তরাজ্যের দ্বিতীয় ব্যস্ততম চ্যানেল পারাপার বন্দর পোর্টসমাউথেও ২ কোটি ৩০ লাখ পাউন্ড ব্যয়ে একটি আধুনিক সীমান্ত নিয়ন্ত্রণকেন্দ্র নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে সরকার দিয়েছিল ১ কোটি ৭১ লাখ পাউন্ড। বাকি প্রায় ৬০ লাখ পাউন্ডের ঘাটতি পূরণ করতে হয়েছে পোর্টসমাউথ নগর পরিষদকে। সরকারের মূল পরিকল্পনা অনুযায়ী, প্রতিদিন সেখানে বিপুলসংখ্যক পণ্যবাহী ট্রাকের খাদ্যপণ্য ও অন্যান্য পণ্য পরীক্ষা করার কথা ছিল। কিন্তু বর্তমানে গড়ে দিনে মাত্র দুটি ট্রেলারের পরীক্ষা হচ্ছে।
বন্দরটির পরিচালক মাইক সেলার্স জানিয়েছেন, স্থাপনাটি বন্দর পরিচালনার গুরুত্বপূর্ণ এলাকার মধ্যে অবস্থিত হওয়ায় ভেঙে ফেলার পরিবর্তে অন্য কাজে ব্যবহারের পরিকল্পনাই তাঁদের কাছে বেশি গ্রহণযোগ্য। কিন্তু সেটিকে নতুন কাজে উপযোগী করতেও প্রায় ভেঙে ফেলার সমপরিমাণ অর্থ ব্যয় হতে পারে। তিনি বলেন, স্থাপনাটি বিশেষভাবে খাদ্যপণ্য আমদানি পরীক্ষা ও জীবাণু নিরাপত্তা যাচাইয়ের জন্য তৈরি করা হয়েছিল। সাধারণ গুদাম হিসেবে ব্যবহারের উপযোগী করে তুলতে হলে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন।
সেভিংটন ও হলিহেডে এখনো চলছে কার্যক্রম
সব সীমান্তকেন্দ্র অবশ্য বন্ধ হয়ে যায়নি। কেন্টের সেভিংটনে যুক্তরাজ্যের প্রধান ব্রেক্সিট সীমান্তকেন্দ্রটি এখনো চালু রয়েছে। ডোভার বন্দর থেকে প্রায় ২০ মাইল দূরে অবস্থিত এই স্থাপনা নির্মাণে জমি অধিগ্রহণসহ মূলধনি ব্যয় হয়েছে ১৫ কোটি ৪০ লাখ পাউন্ড। এইচএমআরসির তথ্য অনুযায়ী, কেন্দ্রটির পরিচালন ব্যয় ছিল আরও ১৭ কোটি ৯০ লাখ পাউন্ড। আয়ারল্যান্ড থেকে পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হলিহেড বন্দরের কাছেও একটি সীমান্তকেন্দ্র চালু রয়েছে। এটি অধিগ্রহণে ১ কোটি ৪০ লাখ এবং নির্মাণে ২ কোটি ৩০ লাখ পাউন্ড ব্যয় হয়েছে।
সীমান্তকেন্দ্রগুলোর এই হিসাবের বাইরে ইউরোটানেল, ডোভার বন্দর এবং অন্যান্য বন্দর কর্তৃপক্ষের নিজস্ব বিনিয়োগ রয়েছে। ইউরোটানেল শুধু পণ্যবাহী ট্রাকের ব্রেক্সিট-পরবর্তী সীমান্ত পরীক্ষার অবকাঠামো নির্মাণেই ৫ কোটি ইউরো বা প্রায় ৪ কোটি ২০ লাখ পাউন্ড ব্যয় করেছে। যাত্রীদের জন্য প্রবেশ ও প্রস্থানসংক্রান্ত ব্যবস্থার পরিবর্তনে ব্যয় হয়েছে আরও ৯ কোটি ইউরো। অথচ ফ্রান্সের পক্ষ থেকে সেই যাত্রী প্রবেশ-প্রস্থান ব্যবস্থা এখনো কার্যকর করা হয়নি।
নতুন চুক্তিতে বাড়ছে অনিশ্চয়তা
ডোভারকে ঘিরে সীমান্ত ব্যবস্থাপনার পরিকল্পনায় শুরু থেকেই প্রস্তুতির ঘাটতি ছিল বলে নতুন তথ্যগুলো ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অধিকাংশ পণ্যবাহী ট্রাক চলাচল ডোভার বন্দরের মাধ্যমে হলেও এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত গুরুত্বের কারণে সংরক্ষিত। ফলে বন্দরের আশপাশে বড় আকারের শুল্ক ও পণ্য পরীক্ষা কেন্দ্র নির্মাণ করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সেভিংটনে বিকল্প কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়, যা ছিল অনেকটাই শেষ মুহূর্তের উদ্যোগ।
এদিকে ২০২৮ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের নতুন চুক্তি কার্যকর হলে বর্তমানে ব্যবহৃত কিছু সীমান্তকেন্দ্রও অপ্রয়োজনীয় হয়ে পড়তে পারে। এ পরিস্থিতিতে পোর্টসমাউথ বন্দর কর্তৃপক্ষ এবং নগর পরিষদের নেতারা সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করছেন। সব মিলিয়ে ব্রেক্সিট-পরবর্তী সীমান্ত ব্যবস্থাপনায় পরিকল্পনার ঘন ঘন পরিবর্তন, অবকাঠামো নির্মাণে তাড়াহুড়া এবং পরে সিদ্ধান্ত বদলের কারণে সরকারি অর্থের বড় অঙ্কের অপচয়ের চিত্র সামনে এসেছে। ব্রেক্সিটে অর্থের অপচয়ের এই হিসাব পুরোনো স্থাপনাগুলোর ভবিষ্যৎ নিয়েও নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।












