ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিদেশে থাকা নিজেদের যোগাযোগের মাধ্যমে তাঁর প্রত্যাবর্তনের পক্ষে প্রচার চালাচ্ছেন। তবে তাঁর দেশে ফেরা এখনো অনিশ্চিত। এ পরিস্থিতিতে আওয়ামী লীগের তৎপরতাকে কেন্দ্র করে দেশে অস্থিরতা তৈরির আশঙ্কা করছে ক্ষমতাসীন বিএনপি।
বিএনপির ধারণা, আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমের আড়ালে থাকা নেটওয়ার্ক শেখ হাসিনাকে স্বাগত জানানোর পরিবেশ তৈরি করতে দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা ছড়ানোর চেষ্টা করছে। সরকারি সূত্রের বরাতে এমন তৎপরতার পরিকল্পনার কথাও উঠে এসেছে। এ অবস্থায় দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে বিএনপি।
দলটি তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় করছে এবং সাবেক মিত্রদের সঙ্গে দূরত্ব কমানোর উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে উসকানিতে পা না দেওয়া, সন্দেহজনক তৎপরতার তথ্য প্রশাসনকে জানানো এবং নিজেরা আইন হাতে তুলে না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে তিনি নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ দেন।
তারেক রহমান বলেন, দলকে রাজপথে থাকতে হবে এবং সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে রাজপথেই। বিএনপির সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলও মাঠপর্যায়ে তৎপর রয়েছে।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। সংসদে তিনি বলেন, দেশের ভেতরে, সীমান্তের ওপারে কিংবা বিভিন্ন পক্ষের সম্মিলিত উদ্যোগে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের কাছে একটি গাড়ির ছাদে ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলা ঠিক নয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও জানিয়েছেন, নতুন পাসপোর্ট নিয়ে শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই। তাঁকে ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
সাংগঠনিক দুর্বলতা কাটানোর চ্যালেঞ্জ
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার পরিচালনার পাশাপাশি দলীয় সংগঠন পুনর্গঠন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার পর দলের অনেক নেতা এখন সরকারি ও প্রশাসনিক দায়িত্বে ব্যস্ত। এ ছাড়া স্থানীয় নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা, কমিটি গঠন নিয়ে অসন্তোষ এবং দলীয় শৃঙ্খলা নিয়েও সমস্যা দেখা দিয়েছে।
বিএনপি জাতীয় কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছে। কেন্দ্রীয় কমিটি, স্থায়ী কমিটি, উপদেষ্টা পরিষদ ও সহযোগী সংগঠনগুলো পুনর্গঠনের কাজ চলছে। সম্প্রতি ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি এবং যুবদলের ঢাকা উত্তর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পুনর্গঠনও চলছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ নেতারা যেভাবে শেখ হাসিনার দেশে ফেরার কথা বলছেন, জনগণ তা মেনে নেবে না। তাঁর দাবি, অন্যায়ের বিরুদ্ধে মানুষ নিজেরাই প্রতিরোধ গড়ে তুলবে। বিভিন্ন স্থানে ককটেল ও বোমা বিস্ফোরণের পেছনে প্রতিবেশী দেশ থেকে নির্দেশনা আসছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান বলেন, বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণের মাধ্যমে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা জনগণ মেনে নেবে না। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো একসঙ্গে এ ধরনের উদ্যোগ প্রতিহত করবে।
মিত্রদের সঙ্গে দূরত্ব কমানোর উদ্যোগ
বিএনপির নেতারা বলছেন, দলটি মাঠে সক্রিয় থাকলেও দেশে বিশৃঙ্খলা হতে দেবে না। প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে শান্তি বজায় রাখা হবে। দলটির কয়েকজন নেতা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার আগে জনগণের কাছে ক্ষমা চাওয়ার কথাও বলেছেন।
বিএনপির মিত্র দলগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগও নেওয়া হচ্ছে। সরকার গঠনের পর রাজনৈতিক মূল্যায়ন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি এবং রাষ্ট্র সংস্কারের গতি নিয়ে কয়েকটি শরিক দলের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে শরিকদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে বিএনপির। এসব আলোচনায় তারেক রহমানের সঙ্গে বৈঠকের পাশাপাশি দলের ৩১ দফা সংস্কার প্রস্তাব, জুলাই সনদ, সংবিধান সংশোধন, স্থানীয় সরকার নির্বাচন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে।
অন্যদিকে, ডিসেম্বর মাসে বিজয় দিবস উদ্যাপনকে ঘিরে ছাত্রদলও কর্মসূচি নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানিয়েছেন, ১ ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিজয় উদ্যাপনের আয়োজন করা হবে।












