ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করা, শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা বন্ধসহ বিভিন্ন দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার-আশুলিয়ার পোশাকশিল্প এলাকা। বুধবার (১১ নভেম্বর) সকালে কয়েকটি কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন। পরে তাঁরা সড়কে নামার চেষ্টা করলে পুলিশের সঙ্গে কয়েক দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সাভার ও আশুলিয়ার ৭১টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বুধবার সকালে আশুলিয়ার জামগড়া, নিশ্চিন্তপুর, নরসিংহপুর ও জিরাবো এলাকার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেন। তবে কয়েকটি কারখানায় তাঁরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে কিছু শ্রমিক কারখানা থেকে বের হয়ে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় জামগড়া এলাকায় পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। বিক্ষোভকারীরা পুলিশ ও পুলিশের সাঁজোয়া গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে ওই এলাকার কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
হেমায়েতপুরেও শ্রমিকদের বিক্ষোভ
সকালে সাভারের হেমায়েতপুর এলাকার কয়েকটি পোশাক কারখানায়ও শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা বাগবাড়ি এলাকায় স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপের একটি কারখানার সামনে জড়ো হন।
পুলিশ তাঁদের সড়ক থেকে সরে যেতে বললেও তাঁরা অবস্থান চালিয়ে যান। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। পরে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরিয়ে দেয়। এ সময় কয়েক দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে।
ছুটি দেওয়া হয়েছে ৭১ কারখানায়
শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের কারণে সাভার-আশুলিয়ার ৭১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, এর মধ্যে ৩২টি ছোট এবং ৩৯টি মাঝারি ও বড় কারখানা।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে বেশির ভাগ কারখানায় শ্রমিকেরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছিলেন। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় তাঁরা পুলিশ ও পুলিশের সাঁজোয়া গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।
পরে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরিয়ে দেয়। পরিস্থিতির কারণে ৭১টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
অশান্তির পেছনে বাইরের লোকজন, দাবি পুলিশের
শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিকে কাজে লাগিয়ে বাইরের কিছু লোক শিল্পাঞ্চলে অশান্তি তৈরির চেষ্টা করছে বলে দাবি করেছে পুলিশ।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, সকালে পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে কয়েকটি পোশাক কারখানায় বাইরের কিছু লোক অশান্তি তৈরির চেষ্টা করে। তাঁরা প্রকৃত শ্রমিক কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও বলেন, শ্রমিকদের মূল দাবি ছিল মজুরি বোর্ড গঠন। ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। এ নিয়ে বৈঠক হয়েছে। তবে বাইরের কোনো পক্ষ পরিস্থিতি অশান্ত করে নিজেদের উদ্দেশ্য পূরণের চেষ্টা করছে বলে পুলিশের ধারণা।
নিরাপত্তায় ১৫ প্লাটুন বিজিবি
সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে নিরাপত্তা বাড়াতে ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জেলা পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন। তাঁদের সঙ্গে রয়েছেন চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও শিল্প পুলিশের পাশাপাশি ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চারজন ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন।












