হলিউডের ঝলমলে জীবন, বিশ্বজুড়ে পরিচিতি আর অস্কারজয়ী অভিনয়—সবকিছুর পরও নিজের জন্মভূমির প্রতি টান হারাননি অভিনেত্রী ক্যাথরিন জেটা-জোনস। যুক্তরাষ্ট্রে দীর্ঘদিনের বসবাস হলেও সুযোগ পেলেই ফিরে যান যুক্তরাজ্যের ওয়েলসে। সেখানে রয়েছে তাঁর শৈশবের স্মৃতি, পরিবারের সদস্য এবং পরিচিত পরিবেশ। ছোটবেলার শহর, সমুদ্রসৈকত, খাবারের দোকান কিংবা ঐতিহাসিক স্থাপনা—সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে তাঁর জীবনের নানা অধ্যায়।
‘দ্য মাস্ক অব জোরো’, ‘নো রিজার্ভেশনস’ ও ‘শিকাগো’ সিনেমায় ভিন্ন ভিন্ন উচ্চারণ ও চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন ক্যাথরিন। ‘শিকাগো’ সিনেমায় অভিনয়ের জন্য অস্কারও পেয়েছেন তিনি। এবার নতুন প্রতিশোধনির্ভর থ্রিলার সিরিজ ‘কিল জ্যাকি’তে অভিনয়ের মধ্য দিয়ে নিজের জন্মভূমি ওয়েলসে ফিরেছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, এই সিরিজে প্রথমবারের মতো নিজের স্বাভাবিক উচ্চারণে অভিনয় করেছেন তিনি। ওয়েলসে এটিই ছিল তাঁর প্রথম শুটিংয়ের অভিজ্ঞতা।
ক্যাথরিনের বয়স এখন ৫৭ বছর। তাঁর শৈশব কেটেছে দক্ষিণ ওয়েলসের সোয়ানসি শহর এবং কাছের সমুদ্রতীরবর্তী মাবলস এলাকায়। মাত্র ১৬ বছর বয়সে লন্ডনের ওয়েস্ট এন্ডে ‘৪২ স্ট্রিট’ মঞ্চনাটকে অভিনয়ের সুযোগ পান তিনি। সেই সুযোগই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এরপর অভিনয়ের পথ ধরে একসময় পৌঁছে যান হলিউডে।
কিন্তু নিজের শিকড়ের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন সব সময়। স্বামী মাইকেল ডগলাসের সঙ্গে তাঁদের দুই সন্তানকেও প্রতিবছর কয়েক সপ্তাহের জন্য ওয়েলসে পরিবারের কাছে পাঠাতেন। কারণ, সেখানে এখনো তাঁর মা-বাবা, ভাই, আত্মীয়স্বজন এবং পরিবারের অনেক সদস্য বসবাস করেন।
ক্যাথরিন বলেন, দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও ওয়েলসের সঙ্গে তাঁর সম্পর্ক কখনো কমেনি। বরং পরিবারের সদস্যদের সেখানে থাকার কারণে নিজের জন্মভূমির প্রতি টান আরও গভীর হয়েছে। তাঁর মতে, ওয়েলসের মানুষের মধ্যে পারিবারিক সম্পর্ক অত্যন্ত দৃঢ়। সবাই একে অপরের খোঁজখবর রাখেন এবং নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে গুরুত্ব দেন।
পর্যটকদের চোখে এখনো কিছুটা আড়ালে ওয়েলস
ওয়েলস যুক্তরাজ্যের এমন একটি অঞ্চল, যার রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য। পাহাড়, সমুদ্র, সবুজ প্রান্তর এবং পুরোনো দুর্গে ভরা এই ভূখণ্ড প্রকৃতিপ্রেমী ও ইতিহাসপ্রেমীদের জন্য আকর্ষণীয়। দেশটিতে প্রায় ১ হাজার ৪০০ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় হাঁটার পথ রয়েছে। এ ছাড়া নানা রঙে সাজানো বাড়িঘরের জন্য পরিচিত পোর্টমেরিয়ন গ্রামও পর্যটকদের কাছে জনপ্রিয়।
ওয়েলসের আরেকটি বিশেষ পরিচয় হলো দুর্গ। প্রতি বর্গমাইলে দুর্গের সংখ্যার দিক থেকে বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে এগিয়ে থাকার দাবি করে দেশটি। শত শত বছরের পুরোনো এসব দুর্গের সঙ্গে জড়িয়ে আছে নানা ঐতিহাসিক ঘটনা ও লোককাহিনি।
তারপরও ইউরোপের বড় পর্যটনকেন্দ্রগুলোর মতো ওয়েলসে বিদেশি পর্যটকদের ভিড় দেখা যায় না। ২০২৪ সালে দেশটিতে আন্তর্জাতিক পর্যটক এসেছিলেন ৯ লাখ ২৯ হাজার। তুলনায় একই সময়ে স্কটল্যান্ডে গিয়েছিলেন ৪৪ লাখ আন্তর্জাতিক পর্যটক।
ক্যাথরিনের কাছে ওয়েলসের এই কিছুটা আড়ালে থাকা পরিচয়ও উপভোগ্য। তিনি বলেন, তাঁরা নিজেদের দেশকে কিছুটা গোপন সৌন্দর্যের জায়গা হিসেবেই রাখতে ভালোবাসেন। তবে একই সঙ্গে ওয়েলসের প্রাকৃতিক সৌন্দর্য, নিজস্ব সংস্কৃতি ও স্বতন্ত্র পরিচয় বিশ্বের মানুষের কাছে তুলে ধরতেও চান।
নিজের জন্মভূমিতে ঘুরে বেড়ানোর জন্য ক্যাথরিনের পছন্দের কয়েকটি জায়গা রয়েছে। নিউইয়র্ক টাইমসের সঙ্গে আলাপচারিতায় তিনি জানিয়েছেন সেসব জায়গার কথা।
১. জনিস ফিশ অ্যান্ড চিপস: সাধারণ খাবারের অসাধারণ স্বাদ
দক্ষিণ ওয়েলসের মাবলস এলাকায় অবস্থিত জনিস ফিশ অ্যান্ড চিপস ক্যাথরিনের সবচেয়ে পছন্দের খাবারের দোকানগুলোর একটি। তাঁর বাবা-মায়ের বাড়ির কাছেই এই দোকান। এখানে পাওয়া যায় মাছ ও আলুর জনপ্রিয় ব্রিটিশ খাবার ফিশ অ্যান্ড চিপস।
দোকানটির বিশেষ আকর্ষণ কড মাছের পদ। ক্যাথরিন এই খাবার লবণ ও ভিনেগার দিয়ে খেতে পছন্দ করেন। টারটার সস তাঁর পছন্দ নয়। খাবারের স্বাদের পাশাপাশি দোকানটির সাধারণ পরিবেশও তাঁর ভালো লাগে।
এখানে খুব বেশি আনুষ্ঠানিকতা নেই। কাউন্টারে গিয়ে খাবারের অর্ডার দিতে হয়। কখনো কখনো খাবার পাওয়ার জন্য বাইরে দীর্ঘ সময় লাইনে দাঁড়াতেও হয়। কিন্তু এতে ক্যাথরিনের কোনো আপত্তি নেই।
তিনি জানান, বৃষ্টি হোক কিংবা রোদ, জনিস ফিশ অ্যান্ড চিপস থেকে খাবার খেতে গেলে প্রয়োজনে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতেও রাজি আছেন। তাঁর কাছে এই দোকান শুধু খাবারের জায়গা নয়, শৈশব ও নিজের শহরের সঙ্গে জড়িয়ে থাকা পরিচিত একটি ঠিকানা।
২. জোস আইসক্রিম: সারা পৃথিবীর মধ্যে সেরা
সোয়ানসি শহরের সেন্ট হেলেনস রোডে ১৯২২ সালে যাত্রা শুরু করে জোস আইসক্রিম। প্রায় এক শতাব্দীর বেশি সময় ধরে এই প্রতিষ্ঠানটি স্থানীয় মানুষের কাছে জনপ্রিয়। এর সবচেয়ে বড় পরিচিতি ভ্যানিলা আইসক্রিম। ইতালির জেলাতোর আদলে তৈরি এই আইসক্রিম এখনো প্রতিষ্ঠানের শুরুর দিকের মূল রেসিপি অনুসরণ করে তৈরি করা হয়।
বর্তমানে এখানে ভ্যানিলার পাশাপাশি চকোলেট, রাস্পবেরি রিপলসহ নানা স্বাদের আইসক্রিম পাওয়া যায়। সোয়ানসি ও আশপাশের এলাকায় প্রতিষ্ঠানটির বেশ কয়েকটি শাখা রয়েছে। মাবলসেও রয়েছে এর একটি শাখা। ওয়েলসে গেলে সেখানেও আইসক্রিম খেতে যান ক্যাথরিন।
আইসক্রিমের প্রতি তাঁর ভালোবাসার কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, পৃথিবীর অনেক দেশে আইসক্রিম ও জেলাতো খেয়েছেন। কিন্তু জোসের স্বাদের সঙ্গে অন্য কোনো আইসক্রিমের তুলনা হয় না। তাঁর মতে, বিশ্বের কোথাও এমন জেলাতো নেই, যা জোসের আইসক্রিমের সমান হতে পারে।
৩. ওয়ার্মস হেড: সমুদ্র, পাহাড়ি পথ আর ভেড়ার রাজ্য
সোয়ানসি শহর থেকে প্রায় ২০ মাইল পশ্চিমে সমুদ্রের মধ্যে এগিয়ে যাওয়া পাথুরে একটি ভূখণ্ডের নাম ওয়ার্মস হেড। সমুদ্রের দিকে বেরিয়ে থাকা এই জায়গা থেকে চারপাশের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। কাছেই রয়েছে জনপ্রিয় একটি সার্ফিং সৈকত।
ওয়ার্মস হেড নামটি শুনে অনেকের মনে কেঁচোর কথা আসতে পারে। কিন্তু এই নামের সঙ্গে বাগানের কেঁচোর কোনো সম্পর্ক নেই। ধারণা করা হয়, প্রাচীন নর্স ভাষার এমন একটি শব্দ থেকে এর নাম এসেছে, যার অর্থ ড্রাগন বা সামুদ্রিক দানব।
এখানে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হয়। মূল ভূখণ্ড থেকে ওয়ার্মস হেডে যাওয়ার জন্য একটি সরু প্রাকৃতিক পথ পার হতে হয়। জোয়ারের সময় সমুদ্রের পানি উঠে পথটি ডুবে যায়। তাই কখন যাওয়া এবং কখন ফিরে আসা যাবে, তা আগে থেকে জেনে নেওয়া জরুরি।
ক্যাথরিনের মতে, পথটি খুব কঠিন নয়। বরং হাঁটতে হাঁটতে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। একদিকে বিশাল সমুদ্র, অন্যদিকে সবুজ ঘাসে ঢাকা জমি। আর আশপাশে ঘুরে বেড়ায় অনেক ভেড়া। এই সাধারণ দৃশ্যই জায়গাটিকে তাঁর কাছে বিশেষ করে তুলেছে।
ওয়ার্মস হেড থেকে ফেরার পথে থ্রি ক্লিফস বে সৈকত ঘুরে দেখার পরামর্শও দিয়েছেন তিনি। বিস্তৃত বালুকাবেলার এই সৈকত দেখতে অত্যন্ত সুন্দর। তবে এখানে সমুদ্রের পানিতে নামার বিষয়ে সতর্ক করেছেন ক্যাথরিন। কারণ, এই এলাকার পানি বিপজ্জনক হতে পারে। সাঁতার কাটার পরিবর্তে সঙ্গে খাবার নিয়ে সৈকতে বসে পিকনিক করা কিংবা আশপাশের কোনো পানশালায় স্থানীয় খাবার খাওয়াই ভালো।
৪. কার্ডিফ ক্যাসল: ইতিহাসের সাক্ষী এক দুর্গ
ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের অন্যতম প্রধান ঐতিহাসিক স্থাপনা কার্ডিফ ক্যাসল। এই দুর্গের ইতিহাস প্রায় দুই হাজার বছরের পুরোনো। প্রথম শতাব্দীতে রোমানরা এখানে একাধিক সামরিক দুর্গ নির্মাণ করেছিল। সময়ের সঙ্গে সঙ্গে স্থাপনাটি বড় হয়েছে এবং পরে এটি মধ্যযুগের একটি গুরুত্বপূর্ণ দুর্গে পরিণত হয়।
দীর্ঘ ইতিহাসের কারণে কার্ডিফ ক্যাসল শুধু একটি পর্যটনকেন্দ্র নয়, ওয়েলসের অতীতের গুরুত্বপূর্ণ স্মারকও। এখানে রোমান শাসনামল থেকে শুরু করে মধ্যযুগের নানা সময়ের ইতিহাসের চিহ্ন রয়েছে।
দুর্গের স্থাপত্য, পুরোনো দেয়াল এবং ঐতিহাসিক পরিবেশ দর্শনার্থীদের আকর্ষণ করে। ওয়েলসের রাজধানীতে গেলে ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে কার্ডিফ ক্যাসল একটি গুরুত্বপূর্ণ গন্তব্য।












