নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ এবং এর ফলে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় এক মাদ্রাসাশিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই শিশুর জন্ম দেওয়া সন্তানের ভরণপোষণ, শিক্ষা ও বেড়ে ওঠার সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) নেত্রকোণা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুস সালাম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম আমান উল্লাহ মাহমুদী (৩০)। তাঁকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। এ মামলার অপর আসামি আমান উল্লাহর বড় ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
মাত্র ৬০ কার্যদিবসে বিচার সম্পন্ন
রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল কবির জানান, মামলাটির বিচার কার্যক্রম মাত্র ৬০ কার্যদিবসের মধ্যে শেষ হয়েছে। এ সময় আদালতে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
মামলায় গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিএনএ পরীক্ষার প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে শিশুটির জন্ম দেওয়া নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষকের ডিএনএর মিল পাওয়া যায় ৯৯ দশমিক ৯৯ শতাংশ।
যেভাবে প্রকাশ পায় ঘটনা
আদালত সূত্র ও মামলার বিবরণ অনুযায়ী, বাবা-মায়ের বিচ্ছেদের পর শিশুটি নেত্রকোণার মদন উপজেলায় তার নানার বাড়িতে থাকত এবং স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। তার মা সিলেটে গৃহকর্মীর কাজ করতেন।
একপর্যায়ে শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং তার শারীরিক পরিবর্তন দেখা দিলে মা বাড়িতে ফিরে আসেন। ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে চিকিৎসা পরীক্ষায় শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। পরে পরিবারের কাছে ধর্ষণের শিকার হওয়ার কথা জানায় সে।
এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা আমান উল্লাহ মাহমুদী ও তাঁর বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করেন।
সিলেটের নিরাপদ আশ্রয়কেন্দ্রে শিশুর সন্তান জন্ম
৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে আমান উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাঁর ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়।
শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে ১২ মে আদালত তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি নিরাপদ আশ্রয়কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
সেখানে ২ জুলাই শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়। পরে আদালতের নির্দেশে মা ও নবজাতকের নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় নবজাতকের ডিএনএর সঙ্গে অভিযুক্ত শিক্ষকের ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়।
গত ২৭ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা মদন থানার উপপরিদর্শক মো. আখতারুজ্জামান আমান উল্লাহ ও তাঁর বড় ভাইয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
২৮ সেপ্টেম্বর মামলার যুক্তিতর্ক শুনানি শেষে আদালত ১১ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন।
শিশুর সন্তানের দায়িত্ব নেবে রাষ্ট্র
মৃত্যুদণ্ডের পাশাপাশি আদালত শিশুটির জন্ম দেওয়া সন্তানের ভরণপোষণ, শিক্ষা ও লালন-পালনের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার নির্দেশ দিয়েছেন। শিশুটির ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে আদালতের এই নির্দেশকে মামলার রায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।












