ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান মানবিক সংকটের প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভের আহ্বান জানিয়েছে হামাস। আগামী শুক্রবার (১৩ নভেম্বর) থেকে রোববার (১৫ নভেম্বর) পর্যন্ত টানা তিন দিন বিভিন্ন দেশে মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের ডাক দিয়েছে সংগঠনটি।
শীত শুরু হওয়ায় গাজায় বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। অনেক মানুষ খাবার, নিরাপদ আশ্রয় ও শীতের পোশাকের অভাবে কষ্টে দিন কাটাচ্ছেন। এ পরিস্থিতির প্রতিবাদ জানাতেই আন্তর্জাতিকভাবে বিক্ষোভের আহ্বান জানিয়েছে হামাস।
এক বিবৃতিতে সংগঠনটি আরব ও মুসলিম বিশ্বের পাশাপাশি অন্যান্য দেশের মানুষের প্রতি নিজ নিজ শহরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের অনুরোধ জানিয়েছে। শুধু সপ্তাহান্তে নয়, পরবর্তী দিনগুলোতেও প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে তারা।
গাজায় ইসরায়েলের অবরোধ, খাদ্যসংকট ও সামরিক হামলার প্রতিবাদে এসব কর্মসূচি পালনের কথা বলা হয়েছে। একই সঙ্গে ধর্মীয় নেতা, মসজিদের ইমাম ও গির্জার যাজকদের গাজাবাসীর দুর্দশা নিয়ে বিশেষ বক্তব্য, প্রার্থনা ও আয়োজন করার আহ্বান জানিয়েছে হামাস।
বিবৃতিতে বলা হয়, গাজায় লাখ লাখ শিশু, নারী ও বয়স্ক মানুষ কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন। বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী তাঁবুতে বৃষ্টির পানি ঢুকে পড়ছে। অনেকেরই শীত থেকে বাঁচার মতো পর্যাপ্ত আশ্রয়, গরম কাপড় ও খাবার নেই। ফলে শীত বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের দুর্ভোগও বাড়ছে।
২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে ১ হাজার ৬২২ জন নিহত হয়েছেন।
এমন পরিস্থিতিতে গাজায় মানুষের দুর্দশার বিষয়টি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে এবং ইসরায়েলের অবরোধ ও হামলার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আন্তর্জাতিক বিক্ষোভের ডাক দিয়েছে হামাস।












